Ajker Patrika

১১১ বিলিয়ন ডলারের চুক্তি , এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

বিনোদন ডেস্ক
১১১ বিলিয়ন ডলারের চুক্তি , এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

নতুন অধ্যায়ের সূচনা হলো হলিউডে। ১১১ বিলিয়ন ডলারের ঐতিহাসিক চুক্তির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এক হয়ে গেল অন্যতম শীর্ষ দুই প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি। নতুন এই যৌথ কোম্পানির নাম দেওয়া হয়েছে ‘স্কাইড্যান্স করপোরেট’, যার চেয়ারম্যান ও প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন ডেভিড এলিসন।

স্থানীয় সময় ৬ অক্টোবর এই চুক্তি চূড়ান্ত হওয়ার পর স্কাইড্যান্সের সিইও ডেভিড এলিসন এক বিবৃতিতে বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল এই দুই বড় স্টুডিওকে এক করে আরও শক্তিশালী একটি প্রতিষ্ঠান তৈরি করা, যাদের কাছে যেকোনো ঘরানার দারুণ সব গল্প দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার মতো পর্যাপ্ত সম্পদ ও মেধা থাকবে।’

আলাদা হচ্ছে সিনেমা ও টিভির স্টুডিও

চুক্তি সম্পন্ন হওয়ার পরপরই বেশ কিছু কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন এলিসন। প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স দুটি প্রতিষ্ঠানেরই ঐতিহ্যবাহী স্টুডিও প্রাঙ্গণ একই রকম থাকবে, তবে কাজের ক্ষেত্রে চালু হবে নতুন নিয়ম। এখন থেকে একটি স্টুডিও ব্যবহৃত হবে শুধু সিনেমা নির্মাণের জন্য, আর অন্যটিতে হবে টেলিভিশন ও স্ট্রিমিং কনটেন্টের কাজ। আয়তনের দিক থেকে ওয়ার্নার ব্রাদার্সের স্টুডিওটি বড় হওয়ায় ধারণা করা হচ্ছে, টিভি ও স্ট্রিমিংয়ের বিশাল কর্মযজ্ঞ সেখানেই হবে। আর হলিউডের ঐতিহ্য ধরে রেখে সিনেমার কাজ চলবে প্যারামাউন্টের স্টুডিওতে।

ওটিটি ও ফ্র্যাঞ্চাইজির মহামিলন

এই চুক্তির ফলে প্যারামাউন্ট পিকচার্স ও ওয়ার্নার ব্রাদার্সের মতো বড় স্টুডিওর পাশাপাশি সিবিএস, সিএনএন, কমেডি সেন্ট্রাল, এমটিভি এবং কার্টুন নেটওয়ার্কের মতো জনপ্রিয় টিভি চ্যানেলগুলো এখন এক ছাতার নিচে চলে এল। ওটিটি প্ল্যাটফর্ম প্যারামাউন্ট প্লাস ও এইচবিও ম্যাক্সকেও একীভূত করে চালু করা হবে নতুন একটি স্ট্রিমিং সার্ভিস।

সাধারণ দর্শকের জন্য এই একীভূত হওয়ার সবচেয়ে রোমাঞ্চকর দিকটি হলো, দুই স্টুডিওর মেগা ফ্র্যাঞ্চাইজিগুলোর মহামিলন। ওয়ার্নার ব্রাদার্সের হাতে রয়েছে ডিসি ইউনিভার্স (ব্যাটম্যান, সুপারম্যান), ‘হ্যারি পটার’, ‘লর্ড অব দ্য রিংস’ ও ‘ম্যাড ম্যাক্স’-এর মতো বিশ্বজয়ী সিনেমা সিরিজ। অন্যদিকে প্যারামাউন্টের ঝুলিতে আছে ‘মিশন: ইমপসিবল’, ‘ট্রান্সফরমারস’, ‘টপ গান’ ও ‘স্টার ট্রেক’-এর মতো ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজি। এখন থেকে এই বিশাল বিনোদনভান্ডার উপভোগ করতে দর্শকদের আলাদা আলাদা প্ল্যাটফর্মে ঘুরতে হবে না, বরং একটি স্ট্রিমিং সার্ভিসেই মিলবে সব।

হলিউড বিশ্লেষকদের মতে, বিশাল ও আইকনিক এই কনটেন্ট লাইব্রেরি এখন একই ছাদের নিচে আসায় বড় ধরনের প্রতিযোগিতার মুখে পড়বে ডিজনি ও নেটফ্লিক্স। সব মিলিয়ে, প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্সের ঐতিহাসিক এই সংযুক্তি হলিউডের ক্ষমতার ভরকেন্দ্র অনেকটাই বদলে দিতে যাচ্ছে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত