
আজ তিনি বলিউডের অন্যতম সফল ও প্রভাবশালী সুপারস্টার। বক্স অফিসে তাঁর ছবি মানেই কোটি কোটি রুপির ব্যবসা। কিন্তু ক্যারিয়ারের শুরুতে নিজের উপার্জনের প্রথম বিলাসবহুল জিনিসটি কিনতে গিয়ে রীতিমতো ধার করতে হয়েছিল সালমান খানকে! তা-ও নিজের জন্য নয়, বাবা সেলিম খানের জন্য একটি বহুমূল্য ‘রোলেক্স’ ঘড়ি কিনতে বন্ধুদের কাছ থেকে ঋণ নিয়েছিলেন ‘ভাইজান’। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের এই আবেগঘন ও মজাদার স্মৃতি শেয়ার করেছেন অভিনেতা।
সম্প্রতি ‘ভ্যারাইটি ইন্ডিয়া’কে দেওয়া একটি সাক্ষাৎকারে সালমান খান জানান, ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে যখন তাঁর উপার্জন সবে শুরু, তখনই বাবার জন্য দামি ঘড়িটি পছন্দ হয়েছিল তাঁর। কিন্তু সেটি কেনার মতো পর্যাপ্ত টাকা তাঁর কাছে ছিল না।
সালমান বলেন, ‘আমার কেনা প্রথম বিলাসবহুল জিনিসটি ছিল বাবার জন্য একটি রোলেক্স ঘড়ি। যখন ঘড়িটি আমার পছন্দ হয়, তখন ওটি কেনার মতো পুরো টাকা আমার কাছে ছিল না। সেই সময়ে ঘড়িটির দাম ছিল প্রায় ৯ লাখ রুপি। আমার কাছে মাত্র ৪ লাখ রুপি ছিল, বাকি ৫ লাখ রুপি আমি ধার করে জোগাড় করি।’
অনেক কষ্ট করে টাকা জোগাড় করে ঘড়িটি কিনে যখন বাবা সেলিম খানের হাতে তুলে দেন সালমান, তখন প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান কিন্তু মোটেই খুশি হননি। উল্টে ক্যারিয়ারের শুরুতে ছেলের এমন দেখনদারি ও অপচয় দেখে রেগে গিয়েছিলেন।
সালমানের কথায়, ‘ঘড়িটি যখন বাবাকে দিই, বাবা রেগে গিয়ে বলেছিলেন—“তুই তো এখনো ঠিকঠাক কাজ করাই শুরু করিসনি, আর এখন থেকেই এই সব নখরামি শুরু করে দিয়েছিস! নিজেকে কি রাজা-বাদশা ভাবিস নাকি?”’ সালমান হাসতে হাসতে আরও যোগ করেন, বাবা প্রথমে রাগ দেখালেও পরে ঘড়িটি তাঁর অত্যন্ত প্রিয় হয়ে ওঠে। এমনকি সেটিকে তিনি স্রেফ ঘড়ি নয়, একটি ‘অলংকার’ হিসেবে বর্ণনা করতেন।
বহু বছর ধরে সযত্নে ব্যবহার করার পর সেই বিশেষ রোলেক্স ঘড়িটি কিন্তু আবারও সালমানের হাতেই ফিরে এসেছে। সালমান বলেন, ‘পরবর্তীকালে যখন আমি নিজে ঘড়ি পরা শুরু করি, তখন বাবা ওই ঘড়িটি আমাকে উপহার হিসেবে ফিরিয়ে দেন।’
এদিকে সালমানের সংগ্রহে থাকা দামি দামি ঘড়ি নিয়ে নেটপাড়ায় নানা গুঞ্জন শোনা যায়। সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে ভাইজান বলেন, ‘আমি জীবনের শেষ ২৬-২৮ বছর ধরে ঘড়ি পরাই ছেড়ে দিয়েছিলাম। এখন আপনারা আমাকে হাতে যেসব ঘড়ি পরতে দেখেন, তার বেশির ভাগই কিন্তু আমার নিজের নয়। ওগুলো আমার বন্ধুদের ঘড়ি। আমি মাঝেমধ্যে বন্ধুদের থেকে ঘড়িগুলো ট্রাই করার জন্য নিই, পরি এবং আবার ফেরত দিয়ে দিই। আমার নিজের বলতে কেবল ওই একটি রোলেক্স ঘড়িই রয়েছে।’
সালমান খানকে আগামীতে দেখা যাবে ‘মাতৃভূমি’ ছবিতে। অপূর্ব লাখিয়া পরিচালিত এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং। এর আগে ছবিটির নাম রাখা হয়েছিল ‘ব্যাটল অব গালওয়ান’।
এ ছাড়া দক্ষিণি তারকা নয়নতারার সঙ্গে তাঁর বহুল প্রতীক্ষিত ছবি ‘SVC63’ নিয়ে দারুণ উন্মাদনা তৈরি হয়েছে। ভামশী পৈদিপল্লী পরিচালিত এবং দিল রাজু প্রযোজিত ছবিটি ২০২৭ সালের ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
১৬ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
১৭ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
১৭ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
১৮ ঘণ্টা আগে