
গত বছরের শেষ দিকে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিমকে নিয়ে সাইফ চন্দন শুরু করেন ‘মালিক’ সিনেমার শুটিং। শোনা গিয়েছিল রোজার ঈদে মুক্তি পাবে সিনেমাটি। শুটিং শেষ না হওয়ায় তা আর হয়নি। এর পর থেকে শোনা যাচ্ছে কোরবানির ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মালিক। তবে আসছিল না আনুষ্ঠানিক ঘোষণা। অবশেষে গত বুধবার রাতে পরিবেশক সংস্থা টাইগার মিডিয়া থেকে পোস্টার প্রকাশ করে ঘোষণা দেওয়া হয় ঈদে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
অ্যাকশন ঘরানায় নির্মিত হয়েছে মালিক। এক জেদি মানুষের গল্প দেখা যাবে এতে, যে তার মায়ের সম্মান আর অধিকার আদায়ের জন্য প্রতিশোধের মিশনে নামে। একসময় সে হয়ে ওঠে ক্ষমতাধর মানুষ। অপরাধ জগতের একচ্ছত্র মালিক। এই চরিত্রে আছেন আরিফিন শুভ। বিদ্যা সিনহা মিমকেও দেখা যাবে অ্যাকশনে। এর জন্য মার্শাল আর্ট ও অ্যাকশন কোরিওগ্রাফির প্রশিক্ষণ নিয়েছেন তিনি। নির্মাতা সাইফ চন্দন বলেন, ‘অ্যাকশন ঘরানার সিনেমা হলেও এতে সুন্দর একটি গল্প আছে। অভিনয়শিল্পীরা সবাই দারুণ করেছেন। সিনেমাটির পোস্টার, গান ও ট্রেলার দেখার পর দর্শক আরও চমকে যাবে। আশা করছি দর্শকের জন্য উপভোগ্য একটি সিনেমা হবে।’
সিনেমার শেষ মুহূর্তের পোস্ট প্রোডাকশনের কাজে নির্মাতা সাইফ চন্দন এখন আছেন কলকাতায়। সেখান থেকে ঈদে মালিক সিনেমার মুক্তির প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা ঈদে মুক্তির লক্ষ্য নিয়েই এগোচ্ছি। বেশ কয়েকটি হলের সঙ্গে প্রাথমিক আলাপ হয়েছে। তবে সেন্সর সার্টিফিকেট পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারব। এরপরেই প্রচার শুরু করতে চাই।’
এই সিনেমা দিয়ে দীর্ঘ সাত বছর বড় পর্দায় একসঙ্গে ফিরছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। সবশেষ গোলাম সোহরাব দোদুলের ‘সাপলুডু’ সিনেমায় অভিনয় করেছিলেন তাঁরা। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি।
মালিক ছাড়াও কোরবানির ঈদে মুক্তির তালিকায় রয়েছে হাফ ডজনের বেশি সিনেমা। রয়েছে আজমান রুশোর ‘রকস্টার’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, মাসুদ হাসান উজ্জ্বলের ‘বনলতা সেন’, বদিউল আলম খোকনের ‘তছনছ’ এবং ‘অফিসার’, আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’, সৈকত নাসিরের ‘মাসুদ রানা’ এবং আলোক হাসানের ‘নাকফুলের কাব্য’।

২ মে অস্ট্রেলিয়ার সিডনিতে আয়োজিত ‘ফাগুন হাওয়া ফেস্ট ২০২৬’ শিরোনামের আয়োজনে গান গেয়ে প্রশংসিত হয়েছেন ইমরান মাহমুদুল ও তাঁর ব্যান্ড আই কিংস। সিডনির প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে এই অনুষ্ঠানের পারফরম্যান্সের কারণে ইমরান ও তাঁর ব্যান্ড আই কিংসকে সম্মাননা দিয়েছেন অস্ট্রেলিয়ার মেম্বার...
২ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২ ঘণ্টা আগে
স্প্যানিশ নির্মাতা পেদ্রো আলমোদোভার কান চলচ্চিত্র উৎসবের আলোচিত নাম। এর আগে কানের মূল প্রতিযোগিতায় তাঁর সাতটি সিনেমা স্থান পেয়েছে। এখনো স্বর্ণপাম না পেলেও জিতেছেন সেরা পরিচালক ও চিত্রনাট্যকারের পুরস্কার। এবার অষ্টমবারের মতো মূল প্রতিযোগিতায় রয়েছে তাঁর নতুন সিনেমা ‘বিটার ক্রিসমাস’।
২ ঘণ্টা আগে
দেশ ছেড়ে প্রবাসজীবন বেছে নেওয়ার পর বাস্তবতা কখনো কখনো কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দেয়। সেই গল্প নিয়ে হাসান জাহাঙ্গীর বানিয়েছেন ‘কন্ট্রাক্ট ম্যারেজ’। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। আরও আছেন হাসান জাহাঙ্গীর, জেবা জান্নাত, কাজী হায়াৎ প্রমুখ।
২ ঘণ্টা আগে