Ajker Patrika

ঢাকায় আসছেন অনুপম রায়

বিনোদন প্রতিবেদক, ঢাকা
ঢাকায় আসছেন অনুপম রায়
অনুপম রায়। ছবি: সংগৃহীত

বাংলাদেশের গানপাগল শ্রোতাদের জন্য এল সুখবর। নিজের চেনা সুর আর মনছোঁয়া গানের ম্যাজিক নিয়ে আবারও ঢাকায় আসছেন ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর নতুন কনসার্টের ঘোষণার পর থেকে অনুপমের এই ঢাকা সফর নিয়ে ভক্তদের মধ্যে তুমুল উন্মাদনা ও উদ্দীপনা তৈরি হয়েছে।

অনুপম রায় সব সময়ই বলে এসেছেন, বাংলাদেশের শ্রোতাদের গানের বোধ ও ভালোবাসা তাঁকে বারবার এ দেশে টেনে আনে। ওপার বাংলার মতো এ দেশেও তাঁর অগণিত ভক্ত-অনুরাগী রয়েছেন, যাঁরা প্রিয় শিল্পীকে সামনাসামনি দেখার জন্য উন্মুখ হয়ে থাকেন। তবে দুই বছরের বেশি সময় ধরে বাংলাদেশের ভক্তরা অনুপম রায়ের দেখা পাচ্ছিলেন না। অনুপম নিজেও মিস করছিলেন এই মুহূর্তগুলো। অবশেষে দুই বছর পর গানের ঝুড়ি নিয়ে ঢাকা আসছেন অনুপম।

আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস জানিয়েছে, ২৬ জুন ঢাকার দ্য ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ওয়ান ট্রু সাউন্ড উইদ অনুপম রায়’ শীর্ষক কনসার্টে গান শোনাবেন অনুপম রায়। সঙ্গে থাকবে তাঁর গানের দল দ্য অনুপম রায় ব্যান্ড। বৃষ্টির বিষয়টি মাথায় রেখে ইনডোর ভেন্যুতে কনসার্টটি আয়োজন করা হচ্ছে। শিগগির শুরু হবে টিকিট বিক্রি।

পশ্চিমবঙ্গের শিল্পী হলেও অনুপম রায় বাংলাদেশেও সমান জনপ্রিয়। তাঁর কথা, সুর আর কণ্ঠ এক যুগের বেশি সময় ধরে মুগ্ধ করে চলেছে দুই বাংলার শ্রোতাদের। ভক্তদের টানে অনেকবার বাংলাদেশে এসেছেন অনুপম রায়। ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় আয়োজিত কনসার্টে গান শুনিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত