
সব জল্পনাকল্পনা শেষে ঈদ উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আটটি নতুন সিনেমা। সিনেমাগুলো হলো—‘রকস্টার’, ‘মালিক’, ‘রইদ’, ‘বনলতা সেন’, ‘মাসুদ রানা’, ‘তছনছ’, ‘অফিসার’ ও ‘পিনিক’। সিনেমাগুলো নিয়ে দর্শকের মধ্যে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। হল থেকে বেরিয়ে অনেকে যেমন সিনেমার প্রশংসা করছেন, তেমনি সমালোচনাও করছেন কেউ কেউ।
এই ঈদে সিঙ্গেল স্ক্রিন ও সিনেপ্লেক্স মিলিয়ে সর্বোচ্চ ১০৩টি হলে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত রকস্টার। প্রতিবারের মতো এবারও আলোচনার কেন্দ্রে শাকিব খানের সিনেমাটি। তবে প্রশংসার পাশাপাশি রয়েছে সমালোচনাও। সিনেমায় শাকিব খানের অভিনয়ের প্রশংসা করলেও গল্প নিয়ে দর্শকের রয়েছে আক্ষেপ। চিত্রনাট্য ও গল্পে অসামঞ্জস্যতা রয়েছে বলে দাবি করছেন অনেকে। কেউ কেউ আবার রকস্টারকে টেলিফিল্ম বলেও দাবি করছেন। আগুন নামের এক রকস্টারের গল্প নিয়ে সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রুশো। এতে শাকিব খানের সঙ্গে আছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা, সুনিধি নায়েক প্রমুখ। এটিকে মিউজিক্যাল ফিল্ম দাবি করলেও কোনো গান দর্শকের মাঝে সাড়া ফেলতে পারেনি। এ নিয়ে হলফেরত দর্শকদের আক্ষেপ দেখা গেছে। এ ছাড়া সিনেমায় নায়কের অতিরিক্ত মাদক গ্রহণের বিষয়টিও অনেকে ভালোভাবে নিচ্ছেন না। তবে পরিচালক মনে করছেন, রকস্টার ধীরে ধীরে মানুষের মন জয় করবে। তাঁর মতে, ইন্ডাস্ট্রিতে এ ধরনের সিনেমার সাফল্য খুব প্রয়োজন। তাহলেই ভবিষ্যতে আরও এক্সপেরিমেন্ট করার সাহস পাবেন নির্মাতারা।
রকস্টারের পর দ্বিতীয় সর্বোচ্চ হল পেয়েছে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত মালিক। এ সিনেমা নিয়েও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেক দিন পর পর্দায় শুভকে অ্যাকশনে দেখে উপভোগ করছেন দর্শক। তবে অ্যাকশনে মনোযোগ দিতে গিয়ে নির্মাতা সাইফ চন্দন গল্প ঠিক রাখতে পারেননি বলে মতামত অনেকের।

মুক্তির আগে আলোচনায় ছিল মেজবাউর রহমান সুমনের ‘রইদ’। এতে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। মুক্তির জন্য নির্মাতা বেছে নিয়েছেন সিনেপ্লেক্স। ইমরান ও তুষির অভিনয়ের পাশাপাশি সিনেমার ভিজ্যুয়াল দারুণ প্রশংসিত হচ্ছে। তবে সিনেমার গল্প সাধারণ অনেক দর্শকের বোধগম্য হচ্ছে না, কেউ কেউ বলছেন পুরো সিনেমা তাঁদের মাথার ওপর দিয়ে গেছে। একই ধরনের মন্তব্য পাওয়া যাচ্ছে, মাসুদ হাসান উজ্জ্বলের ‘বনলতা সেন’ সিনেমা নিয়ে। এটিও শুধু সিনেপ্লেক্সে দেখা যাচ্ছে। জীবনানন্দ দাশের জীবন, তাঁর সাহিত্যকর্ম ও ব্যক্তিগত টানাপোড়েন এ সিনেমার মূল বিষয়। এতে অভিনয় করেছেন খায়রুল বাসার, মাসুমা রহমান নাবিলা, সোহেল মণ্ডল প্রমুখ।
এদিকে কাজী আনোয়ার হোসেনের কালজয়ী স্পাই-থ্রিলার উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে মাসুদ রানা। বানিয়েছেন সৈকত নাসির। এতে মাসুদ রানা হয়েছেন রাসেল রানা। প্রশংসার সঙ্গে পাল্লা দিয়ে চলছে এই সিনেমার সমালোচনা। গল্পের অসামঞ্জস্যতা, দুর্বল এআইয়ের ব্যবহার নিয়ে ট্রলের শিকার হচ্ছে মাসুদ রানা।

ঈদের বাকি তিন সিনেমা নিয়েও দর্শকের প্রতিক্রিয়া সন্তোষজনক নয়। বদিউল আলম খোকনের অফিসার ও তছনছ নিয়ে সমালোচনাই বেশি হচ্ছে। এ ছাড়া সিনেপ্লেক্সে মুক্তি পাওয়া জাহিদ জুয়েলের পিনিকও দর্শক টানতে পারছে না। যাঁরা সিনেমাটি দেখছেন তাঁরাও নিজেদের অসন্তুষ্টির কথা জানাচ্ছেন। দর্শকের এমন মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে শেষ পর্যন্ত কোন সিনেমাটি ব্যবসায়িকভাবে সফল হয়, তা এখনই বলা মুশকিল।
প্রতি ঈদে সিনেমা মুক্তির পর হলে হলে প্রচারে দেখা যায় নির্মাতা ও অভিনয়শিল্পীদের। এবারও দেখা যাচ্ছে এমন দৃশ্য। আছে ব্যতিক্রম চিত্রও। পিনিক সিনেমার প্রচারে নির্মাতা ও প্রযোজকদের দেখা গেলেও দেখা মিলছে না প্রধান দুই অভিনয়শিল্পী আদর আজাদ ও শবনম বুবলীসহ কোনো অভিনেতার। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রযোজক আশরাফ কিটু। তাঁর দাবি, প্রচারে অংশ না নেওয়া সিনেমার সঙ্গে একধরনের প্রতারণা।

মাসুদ রানার প্রচারে অভিনয়শিল্পী ও নির্মাতা হলে হলে ঘুরলেও সঙ্গে নেই পূজা চেরী। প্রযোজক আব্দুল আজিজ জানান, পূজাকে প্রচারে অংশ নিতে বললেও নায়িকা কেন প্রচারে আসছেন না, তা তিনি জানেন না। এ ছাড়া অফিসার ও তছনছ সিনেমার প্রচারেও আসেননি দুই নায়িকার কেউ। অফিসারের নায়িকা মাহিয়া মাহি আছেন দেশের বাইরে। তবে তছনছে অভিনয় করা ইয়ামিন হক ববি দেশে থাকলেও অংশ নেননি প্রচারে। তাঁর বিরুদ্ধে চলচ্চিত্র সংগঠনগুলোতে অভিযোগ করবেন বলে জানিয়েছেন প্রযোজক ও নায়ক মুন্না খান।
রকস্টারের নির্মাতা আজমান রুশো নায়িকাদের নিয়ে হল ভিজিটে ব্যস্ত সময় পার করলেও সঙ্গে নেই শাকিব খান। আগেও কোনো সিনেমার প্রচারে হল ভিজিটে অংশ নিতে দেখা যায়নি শাকিবকে। তবে নির্মাতা জানিয়েছেন, শিগগির সবার সঙ্গে রকস্টার উপভোগ করবেন শাকিব খান।

স্পাইডার-ম্যান হিসেবে টম হল্যান্ডের ১০ বছর পূর্ণ হয়েছে। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’ দিয়ে ২০১৬ সালে প্রথম পিটার পার্কার চরিত্রে দেখা দেন টম হল্যান্ড। ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ এবং ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এ স্পাইডার-ম্যান হিসেবে ছিল তাঁর উপস্থিতি।
২ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি প্রযোজনার সঙ্গে যুক্ত মনোজ প্রামাণিক। মনপাচিত্র নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠান আছে তাঁর। এই প্রতিষ্ঠান থেকে নির্মিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা প্রদর্শিত হয়েছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এবার মনোজের প্রযোজিত প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা জায়গা করে নিল ২৮তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
২ ঘণ্টা আগে
অঙ্কিতার পোস্ট করা কয়েকটি ছবিতে তাঁকে হিজাব পরা অবস্থায় দেখা গেছে। মূলত এই হিজাব নিয়েই অনেকের আপত্তি। ক্ষুব্ধ নেটিজেনরা কমেন্ট বক্সে উগরে দিয়েছেন তাঁদের ক্ষোভ।
২ দিন আগে
আগামী ২১ জুন থেকে এইচবিও ও এইচবিও ম্যাক্সে প্রিমিয়ার হবে হাউস অব দ্য ড্রাগনের তৃতীয় সিজন। প্রতি রোববার আসবে একটি করে পর্ব। ৮ পর্বের এই নতুন সিজনের প্রচার শেষ হবে ৯ আগস্ট।
২ দিন আগে