বড় পর্দায় অভিষেকের পর থেকে প্রায় প্রতি ঈদে মুক্তি পেয়েছে শবনম বুবলী অভিনীত সিনেমা। এই রোজার ঈদেও একাধিক সিনেমা মুক্তি পাবে তাঁর। রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ ও জাহিদ জুয়েলের ‘পিনিক’—এই দুই সিনেমায় ভিন্ন দুই চরিত্রে চমকে দিতে প্রস্তুত বুবলী। সেই সঙ্গে এবার ঈদে নতুন পরিচয়ে হাজির হচ্ছেন তিনি। ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে গান গেয়েছেন বুবলী।
পর্দায় বিভিন্ন সংগীতশিল্পীর গাওয়া গানে ঠোঁট মেলালেও এবারই প্রথম নিজে গাইলেন বুবলী। ইত্যাদিতে গাওয়া গানটিতে বুবলীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল। গানের কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল।
২০২৪ সালের ঈদের ইত্যাদির মাধ্যমে কণ্ঠশিল্পী হিসেবে অভিষেক হয়েছিল অভিনেত্রী তাসনিয়া ফারিণের। তাহসানের সঙ্গে ফারিণের ‘রঙে রঙে রঙিন হব’ শিরোনামের গানটি প্রশংসিত হয়। গত বছর রোজার ঈদে ইত্যাদিতে গান গেয়ে চমক দেখান সিয়াম আহমেদ ও জান্নাতুল সুমাইয়া হিমি। অবশ্য অভিনেতা-অভিনেত্রীদের দিয়ে গান গাওয়ানোটা ইত্যাদির বেশ পুরোনো ধারা। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতি, মৌসুমী, মডেল ও অভিনেতা নোবেল, অভিনেত্রী তানিয়া আহমেদ, ঈশিতা, তারিন, অপি করিমসহ আরও অনেকেই গেয়েছেন ইত্যাদিতে। তারই ধারাবাহিকতায় এবারে গাইলেন চিত্রনায়িকা বুবলী।
ফাগুন অডিও ভিশন জানিয়েছে, গত ২৪ জানুয়ারি বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রের বহিরঙ্গনে নির্মিত ইত্যাদির বিশাল সেটে বুবলী ও ইমরানের গাওয়া গানটির চিত্রধারণ করা হয়। গানের নির্মাণশৈলী, লোকেশন, ইমরান ও বুবলীর শ্রুতিমধুর গায়কি এবং উপস্থিত দর্শকদের প্রতিক্রিয়া সব মিলিয়ে এই গানটিও দর্শকপ্রিয় হবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া এবারের ইত্যাদিতে নাচ পরিবেশন করবেন শরিফুল রাজ ও সাবিলা নূর। দর্শকদের সঙ্গে অভিনয় পর্বে অংশ নেবেন মোশাররফ করিম, এস এ হক অলীকের লেখা একক গান নিয়ে থাকছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভিতে প্রচারিত হবে ইত্যাদির বিশেষ এই পর্ব। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
শোবিজ ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত বিষয় নিয়েও এখন আলোচনার কেন্দ্রে বুবলী। কয়েক মাস ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, দ্বিতীয়বারের মতো মা হচ্ছেন এই অভিনেত্রী। এ বিষয়ে বুবলীর ঘুরিয়ে-পেঁচিয়ে দেওয়া উত্তর সেই গুঞ্জন আরও উসকে দিয়েছে। শোনা যাচ্ছে, এ মাসেই সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন তিনি।

ঈদ উপলক্ষে ইয়াশ রোহান ও পারশা ইভানাকে নিয়ে তৈরি হয়েছে ওয়েব কনটেন্ট ‘একসাথে আলাদা’। আধুনিক নগরজীবনের প্রেম, মান-অভিমান আর সম্পর্কের টানাপোড়েনের গল্প নিয়ে এটি বানিয়েছেন রেজাউর রহমান। গত রোববার রাতে প্রকাশ পেল এর ট্রেলার।
১ ঘণ্টা আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আয়েশা আক্তার মৌসুমি এই রায় ঘোষণা করেন।
৪ ঘণ্টা আগে
গত দেড় দশকে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের নারীদের সংকট ও সংগ্রাম নিয়ে তৈরি হচ্ছে প্রামাণ্যচিত্র ‘মায়ের ডাক’। ২০২৪-২৫ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে চলচ্চিত্রটি। গতকাল বাংলাদেশ ফিল্ম আর্কাইভে আন্তর্জাতিক নারী দিবসে অনুষ্ঠিত হয় মায়ের ডাক নির্মাণের শুভযাত্রা।
১৪ ঘণ্টা আগে
রোজার ঈদে মুক্তি উপলক্ষে দীর্ঘদিন ধরেই টানা কাজ করে যাচ্ছে ‘দম’ সিনেমার টিম। ইতিমধ্যে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচার। অফিশিয়াল পোস্টারের পর গতকাল প্রকাশ পেল সিনেমার টিজার। প্রযোজক শাহরিয়ার শাকিল জানালেন, পোস্ট প্রোডাকশন শেষে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।
১৪ ঘণ্টা আগে