
পর্দার রহস্যময় সম্পদ অনুসন্ধানী বেনজামিন গেটস আবারও ফিরছে নতুন অভিযানে। প্রায় দুই দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ‘ন্যাশনাল ট্রেজার’ সিনেমার তৃতীয় পর্বের ঘোষণা দিয়েছেন পরিচালক জন টার্টেলটব।
সম্প্রতি ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ‘ন্যাশনাল ট্রেজার হান্ট’ পডকাস্টের এক লাইভ অনুষ্ঠানে বিষয়টি নিশ্চিত করে পরিচালক বলেন, ‘সিনেমাটি অবশেষে বাস্তবে রূপ নিচ্ছে। এত দিন পর আমাদের হাতে এমন একটি চমৎকার চিত্রনাট্য এসেছে, যা আমার পছন্দ হয়েছে এবং ডিজনিও এতে সবুজসংকেত দিয়েছে।’
ন্যাশনাল ট্রেজার সিনেমার মূল অভিনেতা নিকোলাস কেজ আবারও বেনজামিন গেটস চরিত্রে ফিরবেন। আগের দুই পর্বের পরিচিত অভিনয়শিল্পীদের প্রায় সবাইকে তৃতীয় পর্বে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।
মার্কিন ইতিহাস, ঐতিহ্য, গোপন ষড়যন্ত্র আর প্রাচীন গুপ্তধন অনুসন্ধানের ওপর ভিত্তি করে ২০০৪ সালে ডিজনি নিয়ে আসে ন্যাশনাল ট্রেজার। ১০০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি সিনেমাটি বক্স অফিসে আয় করেছিল প্রায় ৩৪৭ মিলিয়ন ডলার। এরপর ২০০৭ সালে আসে এর দ্বিতীয় পর্ব ‘ন্যাশনাল ট্রেজার: বুক অব সিক্রেটস’, যা বিশ্বজুড়ে ৪৫৯ মিলিয়ন ডলার ব্যবসা করে। সেই সময় থেকে এর পরবর্তী পর্বের অপেক্ষায় দর্শকেরা।
বিগত বছরগুলোতে ন্যাশনাল ট্রেজার ৩ নিয়ে নানা কথা উঠলেও তা ছিল আলোচনায় সীমাবদ্ধ। ২০২২ সালে এক সাক্ষাৎকারে নিকোলাস কেজ নিরাশ হয়ে জানিয়েছিলেন, ডিজনির মনোযোগ ওটিটি প্ল্যাটফর্মের দিকে থাকায় এই সিনেমার সম্ভাবনা প্রায় নেই। এরপর ২০২২ সালে স্পিন-অফ সিরিজ ‘ন্যাশনাল ট্রেজার: এজ অব হিস্ট্রি’ এলেও তা এক সিজন পরে বাতিল হয়ে যায়।
অবশেষে সব অনিশ্চয়তা কাটিয়ে আবার বড় পর্দায় ফেরার অপেক্ষায় ন্যাশনাল ট্রেজার। তবে হলিউডের অনিশ্চিত পরিবেশের কথা মাথায় রেখে পরিচালক জন টার্টেলটব বলেন, ‘এখনো এটি হলিউডি বাস্তবতার মধ্যে আটকে আছে। অর্থাৎ যেকোনো কিছু ঘটতে পারে। তবে সব ঠিক থাকলে বড় পর্দায় আবারও নিকোলাস কেজকে নতুন কোনো ঐতিহাসিক রহস্য উন্মোচন করতে দেখা যাবে।’

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাকে ঘিরে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘অন্যপাতা’। শিক্ষার্থীদের নানা সংকট, বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ, পারিবারিক চাপ, অপ্রত্যাশিত বাস্তবতার মুখোমুখি হওয়া এবং প্রেমের গল্প উঠে এসেছে সিনেমাটিতে।
১ ঘণ্টা আগে
সিলেটে কবিরাজ-বাউলেরা রোগী দেখার সময় বা বিষ নামানোর সময় বিশেষ সুর ও ছন্দে একধরনের গান পরিবেশন করেন, যা স্থানীয়ভাবে ‘ওঝার গান’ বা ‘বিষঝাড়ানি’ নামে পরিচিত। তেমন এক কবিরাজ বাউল মোহাম্মদ আনহার মিয়া।
২ ঘণ্টা আগে
বাজেট মাত্র ২৫ কোটি রুপি, কিন্তু বিশ্বজুড়ে আয় ৩৩০ কোটির বেশি। বাজেটের ১৩ গুণের বেশি আয় করে মালয়ালম ইন্ডাস্ট্রির সর্বকালের সর্বোচ্চ ব্যবসাসফল সিনেমার খেতাব ছিনিয়ে নিয়েছে ‘বেথলেহেম কুদুম্বা ইউনিট’।
৩ ঘণ্টা আগে
একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৯তম আসরে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে প্রতিদ্বন্দ্বিতার জন্য ‘আ ম্যাটার অব লাইফ অ্যান্ড ডেথ’ সিনেমাটি নির্বাচন করেছে সৌদি আরব। আনাস বাতাহাফ পরিচালিত এ সিনেমায় রোমান্স, ফ্যান্টাসি ও ডার্ক কমেডির মেলবন্ধন ফুটিয়ে তোলা হয়েছে।
৩ ঘণ্টা আগে