দুই দশক পর টিভি সিরিজ হয়ে ফিরছে ‘অ্যাকুয়ামেরিন’

দুই দশক পর আবারও ফিরছে জনপ্রিয় ফ্যান্টাসি ‘অ্যাকুয়ামেরিন’-এর মৎস্যকন্যার জাদুকরি জগৎ। ২০০৬ সালের সিনেমাটি অবলম্বনে এবার লাইভ-অ্যাকশন টিভি সিরিজ নির্মাণ করতে যাচ্ছে ডিজনি। গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ‘অ্যাকুয়ামেরিন: দ্য সিরিজ’-এর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ডিজনি চ্যানেল ও ডিজনি প্লাসে মুক্তি পাবে সিরিজটি।
নতুন এই সিরিজে নিজেদের পুরোনো চরিত্রে ফিরছেন মূল সিনেমার দুই তারকা এমা রবার্টস (ক্লেয়ার) ও জেক ম্যাকডরম্যান (রেমন্ড)। অভিনয়ের পাশাপাশি তাঁরা দুজন সিরিজটির নির্বাহী প্রযোজক হিসেবেও দায়িত্ব পালন করবেন। আরও আছেন ‘ভ্যাম্পিরিনা: টিনেজ ভ্যাম্পায়ার’খ্যাত ১৫ বছর বয়সী অভিনেত্রী কেনজি রিচার্ডসন। তাঁকে দেখা যাবে কোরাল চরিত্রে, যে মূলত মৎস্যকন্যা অ্যাকুয়ামেরিন ও রেমন্ডের কিশোরী কন্যা।
সিরিজের গল্প আবর্তিত হয়েছে কোরালকে ঘিরে। সমুদ্রতীরবর্তী এক শহরে নতুন করে বসবাস শুরুর পর মায়ের নিখোঁজ হওয়ার রহস্য উদ্ঘাটন করতে নামে সে। একপর্যায়ে জানতে পারে, তার মা আসলে একজন মৎস্যকন্যা। আর এই সত্য জানার সঙ্গে সঙ্গেই তার নিজের ভেতরেও জাদুকরি শক্তি জেগে উঠতে শুরু করে, সেই সঙ্গে সমুদ্রের নিচের গোপন সব রহস্যও সামনে চলে আসে।
ডিজনি কিডস অ্যান্ড ফ্যামিলির প্রেসিডেন্ট আয়ো ডেভিস এক বিবৃতিতে বলেন, ‘অ্যাকুয়ামেরিন একটি কালজয়ী গল্প। নতুন প্রজন্মের দর্শকদের কাছে এর হাস্যরস, আবেগ ও বিস্ময় ফিরিয়ে আনতে পেরে আমরা রোমাঞ্চিত। বন্ধুত্বের শক্তি, নিজেকে আবিষ্কার করা এবং নিজের ওপর বিশ্বাস রাখার গল্প এটি।’
কেনজি রিচার্ডসনের পাশাপাশি নতুন অভিনয়শিল্পীদের দলে আরও আছেন ব্রিয়েলা গুইজা, আনিকা রিস ও থিওডোর ডাল্টন। মূল সিনেমার পরিচালক এলিজাবেথ অ্যালেন রোজেনবাম ও প্রযোজক সুসান কার্টসোনিসও নির্বাহী প্রযোজক হিসেবে ফিরছেন এই সিরিজে। পাইলট পর্বটি লিখেছেন সারা ওয়াটসন।
২০০৬ সালের সিনেমায় অ্যাকুয়ামেরিন চরিত্রে অভিনয় করা সারা প্যাক্সটন এবং হেইলি চরিত্রে অভিনয় করা জোয়ানা জোজো লেভেস্ক নতুন সিরিজে থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। যদিও জোজো জানিয়েছেন, এ বিষয়ে নির্মাতাদের সঙ্গে তাঁর প্রাথমিক কথা হয়েছে এবং চিত্রনাট্য দেখার জন্য তিনি বেশ আগ্রহী। সিরিজটির মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।









