বড়দিনের ছুটিতে পরিবারের সবাই প্যারিসে যাওয়ার সময় ভুলে বাড়িতে ফেলে যায় ছোট্ট কেভিনকে। এরপর ফাঁকা বাড়িতে ঢুকে পড়া দুই চোরকে বুদ্ধিদীপ্ত ও মজার সব ফাঁদে ফেলে নাস্তানাবুদ করে সে। এমন গল্পে তৈরি নব্বইয়ের দশকের কালজয়ী কমেডি সিনেমা ‘হোম অ্যালোন’ আবার ফিরছে। সিনেমাটির নতুন সিকুয়েল নির্মাণের প্রাথমিক কাজ শুরু করেছে ডিজনি।
হলিউড রিপোর্টারের প্রতিবেদনে জানা গেছে, ১৯৯০ ও ১৯৯২ সালের মূল দুই সিনেমার সেই দুরন্ত কেভিন চরিত্রে আবারও ফিরছেন ম্যাকলে কালকিন। সিকুয়েলের গল্পও তাঁর। বড় হয়ে কেভিনের জীবন কোন পথে গড়ায়, সেটাই উঠে আসবে নতুন সিনেমায়। বাস্তবজীবনে নিজে বাবা হওয়ার অভিজ্ঞতা থেকেই তিনি গল্পটিকে সাজিয়েছেন একজন বাবার দৃষ্টিকোণ থেকে।
কালকিনের প্রস্তাবিত গল্প অনুযায়ী, কেভিন এখন একজন বিপত্নীক বা বিবাহবিচ্ছিন্ন বাবা, যে একাই সন্তানকে বড় করছে। একপর্যায়ে কেভিন নিজের বাড়ির বাইরে আটকে পড়বে, আর তাকে ঢুকতে না দিতে ভেতর থেকে একের পর এক ফাঁদ পাতবে তার ছেলে। অর্থাৎ, মূল সিনেমার গল্পটা এবার পুরোপুরি উল্টে যাবে।
জন হিউজের চিত্রনাট্য ও ক্রিস কলম্বাসের পরিচালনায় ১৯৯০ সালে মুক্তি পায় প্রথম ‘হোম অ্যালোন’। মাত্র ৯ বছর বয়সে কেভিন চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে তারকাখ্যাতি পান ম্যাকলে কালকিন। ১৯৯২ সালে মুক্তি পায় এর দ্বিতীয় কিস্তি ‘হোম অ্যালোন ২: লস্ট ইন নিউইয়র্ক’। প্রথম দুটি সিনেমা বিশ্বজুড়ে ৮৩ কোটি ডলারের বেশি আয় করেছিল।
এরপর কালকিনকে ছাড়াই ফ্র্যাঞ্চাইজিটির আরও কয়েকটি কিস্তি নির্মিত হয়, যার মধ্যে রয়েছে ১৯৯৭ সালের ‘হোম অ্যালোন ৩’, ২০০২ সালের ‘হোম অ্যালোন ৪’, ২০১২ সালের ‘হোম অ্যালোন: দ্য হলিডে হেইস্ট’ এবং ২০২১ সালের ‘হোম সুইট হোম অ্যালোন’। তবে প্রথম দুই সিনেমার মতো জনপ্রিয়তা আর কোনোটিই পায়নি। দীর্ঘ বিরতির পর কালকিনের প্রত্যাবর্তন ঘিরে আবারও উচ্ছ্বসিত হোম অ্যালোনের ভক্তরা।










