Ajker Patrika

চারুলতাই কি ঢাকা-১২০৫: নির্মাতার বিরুদ্ধে চুক্তিভঙ্গ ও আর্থিক অনিয়মের অভিযোগ প্রযোজকের

বিনোদন প্রতিবেদক, ঢাকা
চারুলতাই কি ঢাকা-১২০৫: নির্মাতার বিরুদ্ধে চুক্তিভঙ্গ ও আর্থিক অনিয়মের অভিযোগ প্রযোজকের
আশনা হাবিব ভাবনা ও রাকিব হোসেন ইভন। ছবি: সংগৃহীত

২০২৪ সালে আশনা হাবিব ভাবনা ও রাকিব হোসেন ইভনকে নিয়ে নির্মাতা রাইসুল ইসলাম অনিক শুরু করেছিলেন ‘চারুলতা’ নামের সিনেমার শুটিং। তবে মুক্তির খবর মিলছিল না সিনেমাটির। গত বছর চারুলতার স্বত্ব কিনে নেয় সাদামাটা এন্টারটেইনমেন্ট। জানিয়েছিল শিগগির আলোর মুখ দেখবে চারুলতা। তবে এ মাসের শুরুর দিকে সাদামাটা এন্টারটেইনমেন্ট জানায়, নানা জটিলতায় খুব বেশি এগোয়নি চারুলতার কাজ। তাই প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এখন ভাবনা ও ইভনকে নিয়ে তারা শুরু করেছে ‘ঢাকা-১২০৫’ নামের সিনেমা। যেটা বানাচ্ছেন ওয়ালিদ আহমেদ।

সম্প্রতি নির্মাতা অনিকের বিরুদ্ধে অভিযোগ করে সাদামাটা এন্টারটেইনমেন্ট জানায়, চারুলতা সিনেমার জন্য অর্থ ও সহায়তা দেওয়া হলেও কাজ সম্পূর্ণভাবে বুঝিয়ে দেননি নির্মাতা। একপর্যায়ে পরিচালক নিজেই প্রকল্পটি সম্পন্ন করতে অক্ষমতার কথা জানান এবং বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে চিঠি দিয়ে দায় স্বীকার করে সিনেমাটি থেকে সরে দাঁড়ান। তবে এখন পর্যন্ত আর্থিক ক্ষতির কোনো সমাধান বা অর্থ ফেরতের উদ্যোগ নেননি অনিক।

প্রযোজনা প্রতিষ্ঠানের এমন অভিযোগ প্রসঙ্গে গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে অনিক জানান, তিনি চারুলতা সিনেমা বুঝিয়ে দিয়েছেন। বাকি থাকা ডাবিংয়ের কিছু কাজ শেষ হলে এটি ঢাকা-১২০৫ নামে মুক্তি পাবে।

অনিকের এমন মন্তব্যের পর চটেছেন নির্মাতা ওয়ালিদ আহমেদ ও প্রযোজনা প্রতিষ্ঠান সাদামাটা এন্টারটেইনমেন্ট। তাঁরা জানান, চারুলতা ও ঢাকা-১২০৫ দুটি আলাদা সিনেমা। এরপরেই অনিকের বিরুদ্ধে অভিযোগের ঝাঁপি খুলে বসেন নির্মাতা।

সাদামাটা এন্টারটেইনমেন্টের নির্বাহী প্রযোজক ইমদাদুল ইসলাম যিকরান আজকের পত্রিকাকে বলেন, ‘চুক্তি অনুযায়ী সম্পূর্ণ পাওনা বুঝে নিলেও অনিক আমাদের পুরো কাজ বুঝিয়ে দেননি। পুরো হিসাবটাও দেননি। একটা সময় বললেন, তিনি আর পারছেন না। পরিচালক সমিতিতে চিঠি দিয়ে দায় স্বীকার করে সরে দাঁড়ালেন। কিন্তু এখনো অনেক সমস্যা রয়ে গেছে। সব জায়গায় অর্থসংক্রান্ত ইস্যু রয়ে গেছে। সমাধানের কথা বললেও তা করছেন না। শুধু তা-ই নয়, আশনা হাবিব ভাবনা ও রাকিব হোসেনের পারিশ্রমিকও পরিশোধ করেননি।’

এই প্রযোজক আরও বলেন, ‘যেখানে কোনো কিছুই কমপ্লিট হয়নি সেখানে তিনি কীভাবে বলেন চারুলতা সিনেমাই ঢাকা-১২০৫। দুটি সম্পূর্ণ আলাদা সিনেমা। পরিচালক সমিতিতেও সেভাবে নিবন্ধন করা হয়েছে। আগামীকাল (আজ) সাদামাটার পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেব। সমস্যা সমাধানের জন্য তাঁকে সময় দিতে চাই। যদি এর মধ্যেও কিছু না হয় তাহলে আমরা আইনি ব্যবস্থা নেব।’

প্রযোজকের এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাইসুল ইসলাম অনিক বলেন, ‘চারুলতাই নাম বদলে ঢাকা-১২০৫ হিসেবে মুক্তি পাবে, আমার সঙ্গে আলোচনার সময় তাই জানতাম। এখন সংবাদ সম্মেলনে আমার বক্তব্যের পর তাঁরা হয়তো পরিকল্পনা পরিবর্তন করছেন, এটা তাঁদের ব্যাপার। কিন্তু আমি চারুলতার পুরো শুটিং শেষ করেই তাঁদের কাছে জমা দিয়েছি। অল্প কিছু ডাবিং বাকি আছে। অর্থসংক্রান্ত কিছু জটিলতা আছে। তা নিয়ে তাঁদের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হচ্ছে। বাকি যে জটিলতা আছে সেটাও দ্রুত সমাধান হয়ে যাবে।’

নায়ক-নায়িকার পারিশ্রমিকের বকেয়ার বিষয়ে এই নির্মাতা বলেন, ‘আশনা হাবিব ভাবনার পারিশ্রমিক বকেয়ার কথাটা সত্য নয়। তবে ইভনের পারিশ্রমিক বাকি আছে। সেটার জন্য আমি কিছু সময় চেয়েছি। এটা আমাদের ভেতরের আলাপ। সেই বিষয়টি এখন তাঁরা পাবলিক করছেন। আমার মনে হয়, আমাকে হেয় করার জন্য এমনটা করা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত