Ajker Patrika

আন্তর্জাতিক মুক্তির দিনেই দেশের হলে মাইকেল জ্যাকসনের বায়োপিক

বিনোদন ডেস্ক
আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ১৯: ১৪
আন্তর্জাতিক মুক্তির দিনেই দেশের হলে মাইকেল জ্যাকসনের বায়োপিক
‘মাইকেল’ সিনেমার দৃশ্যে মাইকেলের চরিত্রে জাফর জ্যাকসন। ছবি: সংগৃহীত

তৈরি হয়েছে কিংবদন্তি সংগীত তারকা মাইকেল জ্যাকসনের বায়োপিক। ‘মাইকেল’ নামের সিনেমাটি বানিয়েছেন অ্যান্টোইন ফুকুয়া। সাধারণ পরিবারের মাইকেল জ্যাকসন কীভাবে হয়ে ওঠেন পপের রাজা, সেই কাহিনি উঠে এসেছে সিনেমায়। সংগীতের ইতিহাসের অন্যতম বর্ণিল ও বিতর্কিত এই ব্যক্তিত্বের জীবন বড় পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ভক্তরা।

২৪ এপ্রিল বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মাইকেল। একই দিন থেকে বাংলাদেশের হলেও দেখা যাবে সিনেমাটি। স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় প্রতিদিন মাইকেলের ২৬টি শো রাখা হয়েছে। এ ছাড়া ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমাসেও রয়েছে প্রতিদিন একাধিক শো।

‘মাইকেল’ সিনেমার দৃশ্যে মাইকেলের চরিত্রে জাফর জ্যাকসন। ছবি: সংগৃহীত
‘মাইকেল’ সিনেমার দৃশ্যে মাইকেলের চরিত্রে জাফর জ্যাকসন। ছবি: সংগৃহীত

হলিউডে এর আগে যত সংগীতশিল্পীর বায়োপিক তৈরি হয়েছে, মাইকেল সবচেয়ে ব্যয়বহুল। ব্যয় হয়েছে ১৫৫ মিলিয়ন ডলারের বেশি। তাই প্রত্যাশাও বেশি। হলগুলোয় মাইকেলের অগ্রিম টিকিটের চাহিদাও তুঙ্গে। সংগীতভিত্তিক বায়োপিকের ইতিহাসে এটি অন্যতম বড় ওপেনিং পেতে যাচ্ছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। প্রযোজনা প্রতিষ্ঠান লায়ন্সগেট ফিল্মসের অনুমান, ৮২টি দেশ থেকে প্রথম দিনেই মাইকেল আয় করবে ৭৫-৮০ মিলিয়ন ডলার। রোববার নাগাদ বিশ্বব্যাপী এ আয় বেড়ে দাঁড়াবে ১৪০-১৫০ মিলিয়ন ডলার।

কোনো সংগীত তারকার বায়োপিককে ঘিরে এমন উন্মাদনা আগে দেখা গিয়েছিল ‘বোহেমিয়ান র‍্যাপসডি’র সময়। কুইন ব্যান্ডের গায়ক ফ্রেডি মার্কারির বায়োপিকটি ২০১৮ সালে আয় করেছিল ৯১০ মিলিয়ন ডলারের বেশি। বোহেমিয়ান র‍্যাপসডির প্রযোজক গ্রাহাম কিং প্রযোজনা করেছেন মাইকেলের বায়োপিকটি। মাইকেল সিনেমার প্রধান প্রতিযোগিতা তাই বোহেমিয়ান র‍্যাপসডির সঙ্গে। ধারণা করা হচ্ছে, পপ কালচারের ইতিহাসে নতুন এক মাইলফলক তৈরি করবে মাইকেল।

মাইকেল সিনেমায় মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তাঁরই আপন ভাতিজা জাফর জ্যাকসন। মাইকেলের সঙ্গে জাফরের চেহারার অনেকটাই মিল রয়েছে। মাইকেলের বিখ্যাত সব নাচের মুদ্রা আর পারফরম্যান্স নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে অনেক দিন প্রশিক্ষণ নিয়েছেন তিনি। ট্রেলারে মাইকেল হিসেবে তাঁর স্বতঃস্ফূর্ত উপস্থিতি এরই মধ্যে দর্শকদের মন জয় করেছে।

পরিচালক জানিয়েছেন, মাইকেল জ্যাকসনের শৈশব থেকে শুরু করে গগনচুম্বী সাফল্য পাওয়া, জীবনের শেষ দিকের বিতর্কিত অধ্যায়—সবই তুলে ধরা হয়েছে এ বায়োপিকে। মাইকেলের ঐতিহাসিক কনসার্টের দৃশ্যগুলো পুনর্নির্মাণ করতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত