Ajker Patrika

নবীন শিক্ষার্থীদের বরণ করল সাউথইস্ট ইউনিভার্সিটি

ক্যাম্পাস ডেস্ক 
নবীন শিক্ষার্থীদের বরণ করল সাউথইস্ট ইউনিভার্সিটি

নতুন ক্যাম্পাস, নতুন স্বপ্ন। এগিয়ে যাওয়ার নতুন পথচলা। সেই পথচলার শুরুতে সাউথইস্ট ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হলো উষ্ণতা ও উৎসাহে। ফল ২০২৬ সেমিস্টারে ভর্তি হওয়া ফার্মেসি ও আইন বিভাগের শিক্ষার্থীদের স্বাগত জানাতে বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে আয়োজন করা হয় নবীনবরণ অনুষ্ঠানের।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন সিনোভিয়া ফার্মা পিএলসির চিফ অপারেটিং অফিসার মো. মঈন উদ্দিন মজুমদার। স্কুল অব ল-এর ডিন ও অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব স্বাগত বক্তব্য দেন। নবীনদের উদ্দেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) উইং কমান্ডার রফিকুল ইসলাম (এলপিআর) এবং ডিপার্টমেন্ট অব ফার্মেসির অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. সেলিম রেজা।

অনুষ্ঠানের শেষ পর্বে নবীন শিক্ষার্থীদের স্বপ্ন ও সম্ভাবনার কথা তুলে ধরেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এবং উপ-উপাচার্য ড. এম মোফাজ্জল হোসেন। বক্তারা নবীনদের অভিনন্দন জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়জীবন শুধু ভালো ফলের জন্য নয়, এটি নিজেকে গড়ে তোলারও সময়। একাডেমিক সাফল্যের পাশাপাশি নৈতিকতা, পেশাদারত্ব ও সামাজিক দায়বদ্ধতা অর্জন জরুরি। দরকার নিয়মিত শেখার অভ্যাসও। তাঁরা শিক্ষার্থীদের কৌতূহলী থাকার পরামর্শ দেন। গুরুত্ব দেন যোগাযোগ দক্ষতা ও সহমর্মিতার ওপর। পাশাপাশি একাডেমিক কাজের সঙ্গে সহশিক্ষা কার্যক্রমেও সক্রিয় থাকার আহ্বান জানান। নবীনদের জন্য দিনটি শুধু আনুষ্ঠানিক স্বাগত জানানোর দিন নয়; এটি ছিল নতুন স্বপ্নকে সামনের দিকে এগিয়ে নেওয়ার অঙ্গীকারের দিন, আর বিশ্ববিদ্যালয়জীবনের দীর্ঘ যাত্রায় প্রথম পদক্ষেপটি স্মরণীয় করে রাখার দিন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত