Ajker Patrika

ঢাবির নতুন প্রোভিসি আলমোজাদ্দেদী আলফেছানী

ঢাবি প্রতিনিধি
আপডেট : ০৭ মে ২০২৬, ১৫: ৫২
ঢাবির নতুন প্রোভিসি আলমোজাদ্দেদী আলফেছানী
আলমোজাদ্দেদী আলফেছানী। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন প্রোভিসি (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।

আজ বৃহস্পতিবার (৭ মে) শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, চার শর্তে অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আর্টিকেল ১৩(১) অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়কে এই বিশ্ববিদ্যালয়ে প্রোভিসি (প্রশাসন) পদে নিচের শর্তে নিয়োগ দেওয়া হলো।

শর্তের মধ্যে রয়েছে—প্রোভিসি পদে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে; এই পদে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা প্রাপ্য হবেন; তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন; তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস চ্যান্সেলর প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।

জানা গেছে, দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে শিক্ষকতা ও গবেষণার অভিজ্ঞতা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। একই বিভাগ থেকে বিএসসি (সম্মান) ও এমএসসি (থিসিস) উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন এবং পরে পিএইচডি লাভ করেন। তাঁর একাডেমিক মেধা ও গবেষণা নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ একাডেমি অব সায়েন্স কর্তৃক ‘অ্যাসোসিয়েট ফেলো’ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ, বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ‘ক্যাপস্টোন ফেলো’ নির্বাচিত হন।

তিনি আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণা সাময়িকী বাংলাদেশ জার্নাল অব প্ল্যান্ট ট্যাক্সোনমির চিফ এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর ১০০টির বেশি দেশি-বিদেশি গবেষণা প্রবন্ধ এবং ৬টি আন্তর্জাতিক বই প্রকাশিত হয়েছে। তাঁর তত্ত্বাবধানে এ পর্যন্ত চারজন গবেষক পিএইচডি এবং ৪০-এর অধিক শিক্ষার্থী এমএসসি ডিগ্রি অর্জন করেছেন, যা উচ্চশিক্ষা ও গবেষণায় তাঁর নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত।

গবেষণার ক্ষেত্রে আলমোজাদ্দেদী আলফেছানী বিশ্বে প্রথমবারের মতো ১৬টি নতুন শৈবাল প্রজাতি, একটি নতুন পদ্ম প্রজাতি এবং একটি পতঙ্গভুক উদ্ভিদের আবিষ্কার করেন। এ ছাড়া শৈবালনির্ভর পানি বিশুদ্ধকরণ ন্যানোফিল্টার, সুপার ক্যাপাসিটর এবং বায়োসেন্সর উদ্ভাবনের মাধ্যমে পরিবেশ ও জৈবপ্রযুক্তি গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

প্রশাসনিক ও সাংগঠনিক ক্ষেত্রেও আলমোজাদ্দেদী আলফেছানী সমানভাবে সক্রিয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের সাবেক সম্পাদক, বর্তমানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উপদেষ্টা, জীববিজ্ঞান অনুষদ সাদা দলের সাবেক আহ্বায়ক, ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশনের সাবেক মহাসচিব এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) সাবেক প্রচার সম্পাদক ও বর্তমানে যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ৪০টির অধিক সামাজিক, সেবা ও গবেষণামূলক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে জনকল্যাণমূলক কার্যক্রমে অবদান রেখে চলেছেন।

উচ্চমানের গবেষণা, উদ্ভাবনী চিন্তাধারা এবং শক্তিশালী সাংগঠনিক নেতৃত্বের সমন্বয়ে ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ও সংগঠক হিসেবে দেশে ও বিদেশে সুপরিচিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত