আপনি কি ইংরেজিভাষী কোনো দেশে উচ্চশিক্ষা, চাকরি বা অভিবাসনের জন্য যাওয়ার পরিকল্পনা করছেন? সে ক্ষেত্রে প্রথম ধাপ হতে পারে আইইএলটিএস পরীক্ষায় অংশ নেওয়া। বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয়, নিয়োগকর্তা ও অভিবাসন কর্তৃপক্ষ ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ হিসেবে এই পরীক্ষার ফল গ্রহণ করে। তবে কোথা থেকে শুরু করবেন, কোন পরীক্ষাটি বেছে নেবেন, কীভাবে নিবন্ধন করবেন এবং পরীক্ষার দিন কী কী বিষয় খেয়াল রাখবেন—এসব জানা থাকলে পুরো প্রক্রিয়াটি আরও সহজ হয়।
আগে ঠিক করুন কোন পরীক্ষা দেবেন
আইইএলটিএস মূলত দুই ধরনের—একাডেমিক এবং জেনারেল ট্রেনিং। বিদেশে স্নাতক, স্নাতকোত্তর বা পিএইচডি করতে চাইলে সাধারণত আইইএলটিএস একাডেমিক পরীক্ষায় বসতে হয়। অন্যদিকে চাকরি, অভিবাসন বা প্রশিক্ষণমূলক কর্মসূচির জন্য অধিকাংশ ক্ষেত্রে প্রয়োজন হয় জেনারেল ট্রেনিং পরীক্ষা। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা দেখে নিন।
কোথা থেকে আবেদন করবেন
বাংলাদেশে দুটি অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে আইইএলটিএস পরীক্ষায় নিবন্ধন করা যায়। এগুলো হলো ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ এবং আইডিপি এডুকেশন বাংলাদেশ। দুই প্রতিষ্ঠানই আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে একই ধরনের পরীক্ষা পরিচালনা করে। তাদের পরীক্ষা ও সনদের মান একই। সুবিধামতো যেকোনো একটিতে আবেদন করতে পারেন।
অনলাইনে নিবন্ধন যেভাবে
আবেদনের প্রথম ধাপ হলো ব্রিটিশ কাউন্সিল বা আইডিপির ওয়েবসাইটে একটি অনলাইন অ্যাকাউন্ট তৈরি করা। অ্যাকাউন্ট খুলে ব্যক্তিগত তথ্য দিয়ে ফরম পূরণ করে পরীক্ষার ধরন, তারিখ ও কেন্দ্র নির্বাচন করুন। নিবন্ধনের সময় দেওয়া নাম, জন্মতারিখসহ সব তথ্য অবশ্যই পাসপোর্টের তথ্যের সঙ্গে হুবহু মিল থাকতে হবে। তথ্যে ভুল থাকলে জটিলতা হতে পারে।
পরীক্ষার তারিখ ঠিক করুন
বাংলাদেশে প্রায় সারা বছরই আইইএলটিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়। আপনার যদি নির্দিষ্ট সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে আবেদন জমা দেওয়ার পরিকল্পনা থাকে, তাহলে অন্তত এক থেকে দুই মাস আগে পরীক্ষার তারিখ নির্ধারণ করাই ভালো। এতে প্রয়োজন হলে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগও থাকবে।
পরীক্ষার ফি পরিশোধ
পরীক্ষার ধরন অনুযায়ী ফি ভিন্ন হয়। সর্বশেষ ফির পরিমাণ ব্রিটিশ কাউন্সিল বা আইডিপির ওয়েবসাইট থেকে জানা যাবে। সাধারণত অনলাইন পেমেন্ট, ব্যাংক অথবা অন্য অনুমোদিত মাধ্যমে ফি পরিশোধ করা যায়।
নিবন্ধন নিশ্চিত হওয়ার পর কী করবেন
নিবন্ধন ও ফি পরিশোধ সফল হলে আপনাকে একটি নিশ্চিতকরণ
ই-মেইল পাঠানো হবে। সেখানে পরীক্ষার তারিখ, সময়, পরীক্ষাকেন্দ্র এবং প্রয়োজনীয় নির্দেশনা উল্লেখ থাকবে। পরীক্ষার আগে ই-মেইলটি মনোযোগ দিয়ে পড়ে নিন।
প্রস্তুতি নেবেন যেভাবে
- লিসেনিং অংশে ভালো করতে প্রতিদিন ইংরেজি সংবাদ, পডকাস্ট, ইন্টারভিউ শুনতে পারেন।
- রিডিং দক্ষতা বাড়াতে নিয়মিত সংবাদপত্র, ম্যাগাজিন, গবেষণাধর্মী লেখা কিংবা ইংরেজি বই পড়ার অভ্যাস গড়ে তুলুন।
- রাইটিং অংশে সময় ধরে টাস্ক-১ ও টাস্ক-২ লেখার অনুশীলন করুন। সম্ভব হলে অভিজ্ঞ কারও কাছ থেকে মূল্যায়ন করিয়ে নিন।
- স্পিকিং পরীক্ষার জন্য প্রতিদিন ইংরেজিতে কথা বলার চেষ্টা করুন। নিজের কথা রেকর্ড করে শুনুন উচ্চারণ ও সাবলীলতার দুর্বলতা সহজে ধরা পড়ে।
- এ ছাড়া পরীক্ষার আগে কয়েকটি পূর্ণাঙ্গ মক টেস্ট দিলে সময় ব্যবস্থাপনা সম্পর্কে ভালো ধারণা পাওয়া যায়।
পরীক্ষার দিন মাথায় রাখুন
পরীক্ষা কেন্দ্রে অন্তত ৩০ মিনিট আগে পৌঁছানোর চেষ্টা করুন। সঙ্গে অবশ্যই নিবন্ধনের সময় ব্যবহৃত বৈধ পাসপোর্ট রাখুন। পরীক্ষায় লিসেনিং, রিডিং, রাইটিং ও স্পিকিং—এই চারটি অংশ থাকে। প্রথম তিনটি সাধারণত একই দিনে হয়; স্পিকিং একই বা অন্য দিন হতে পারে।
ফলাফল কখন পাওয়া যায়
কাগজে-কলমে দেওয়া আইইএলটিএস পরীক্ষার ফল সাধারণত ১৩ দিন পর প্রকাশ করা হয়। আর কম্পিউটারভিত্তিক পরীক্ষার ফল সাধারণত ১ থেকে ৫ দিনের মধ্যে পাওয়া যায়। অনলাইনে ফল দেখা যায়।
বিদেশে পড়াশোনা, চাকরি কিংবা স্বপ্ন বাস্তবায়নের পথে আইইএলটিএস একটি গুরুত্বপূর্ণ ধাপ। আগে থেকে প্রস্তুতি নিন, প্রয়োজনীয় তথ্য জেনে আবেদন সম্পন্ন করুন এবং আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশ নিন। সঠিক প্রস্তুতি ও নিয়মিত অনুশীলনই ভালো স্কোরের সম্ভাবনা বাড়ায়।










