
একটি নতুন ভাবনা, একটি উদ্ভাবন কিংবা একটি পেটেন্টও বদলে দিতে পারে মানুষের জীবন। আর সেই বিশ্বাস সামনে রেখে গবেষণাকে পেটেন্ট ও বাণিজ্যিকভাবে ব্যবহারযোগ্য উদ্ভাবনে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া গবেষণায় অবদান রাখা শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও অ্যালামনাইদের সম্মান জানিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।
সম্প্রতি ড্যাফোডিল স্মার্ট সিটির নলেজ টাওয়ারের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘রিসার্চ অ্যাওয়ার্ড গিভিং সিরিমনি (আরএজিসি) ২০২৬’ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির। উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল, রেজিস্ট্রার ড. মোহাম্মদ নাদির বিন আলী, ট্রেজারার ড. হামিদুল হক খান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. মমিনুল হক মজুমদার, লাইব্রেরিয়ান ড. মো. মিলান খান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও অ্যালামনাইরা।
স্বাগত বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এমআর কবির বিশ্ববিদ্যালয়ে গবেষণাবান্ধব পরিবেশ গড়ে তোলা, আন্তর্জাতিক মানের গবেষণা বৃদ্ধি এবং উদ্ভাবনভিত্তিক গবেষণা-সংস্কৃতি শক্তিশালী করতে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
ভিডিও বার্তায় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান গবেষণাকে বাস্তব জীবনে যুক্ত করার আহ্বান জানান। তিনি বলেন, গবেষণার সাফল্য শুধু আন্তর্জাতিক জার্নালে প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না। গবেষণার ফল পেটেন্ট, প্রযুক্তি, পণ্য ও সেবায় রূপ নিয়ে মানুষের জীবনমানের উন্নয়ন এবং দেশের অর্থনীতিতে বাস্তব অবদান রাখতে হবে। এ লক্ষ্যে গবেষণার ফল বাণিজ্যিকভাবে কাজে লাগানো এবং উদ্ভাবনভিত্তিক গবেষণাকে আরও এগিয়ে নেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম বলেন, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা জোরদার করতে হবে। সমাজের চাহিদাভিত্তিক গবেষণা পরিচালনা এবং জাতীয় উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে—এমন গবেষণায় গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, গবেষণার মাধ্যমে বাস্তব সমস্যার সমাধান এবং মানুষের কল্যাণে কাজে লাগে—এমন জ্ঞান সৃষ্টি করতে হবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ডিভিশন অব রিসার্চের পরিচালক ড. মাহফুজা পারভীন বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমের উল্লেখযোগ্য অগ্রগতি তুলে ধরেন। তিনি জানান, ২০২৬ সালের মধ্যভাগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মোট গবেষণা প্রকাশনার সংখ্যা ৬,৯৫৫-এ পৌঁছেছে। ২০২২ সালে প্রকাশিত গবেষণাপত্রের সংখ্যা ছিল ১ হাজার ১০। এটি ধারাবাহিকভাবে বেড়ে ২০২৫ সালে তা ১ হাজার ৪৮৭-এ উন্নীত হয়েছে। এর উল্লেখযোগ্য অংশ স্কোপাস—সূচিভুক্ত কিউ১ ও কিউ২ জার্নালে প্রকাশিত। তিনি আরও জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ১৩৮টি বহিঃঅর্থায়িত গবেষণা
প্রকল্প চলমান রয়েছে। পাশাপাশি গত এক বছরে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতামূলক উৎস থেকে বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা প্রায় ৫ কোটি টাকার গবেষণা অনুদান অর্জন করেছেন। এর মধ্য দিয়ে বৈশ্বিক গবেষণা সহযোগিতা এবং প্রভাব সৃষ্টিকারী উদ্ভাবনী কার্যক্রম আরও শক্তিশালী হয়েছে।
অনুষ্ঠানের সবচেয়ে উচ্ছ্বসিত মুহূর্ত আসে সম্মাননা পর্বে। গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ প্রায় ৭০০ জন শিক্ষক, গবেষক, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষার্থী ও অ্যালামনাইকে এই সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি গবেষণায় বিশেষ অবদান রাখা ব্যক্তি এবং পোস্টার উপস্থাপনা প্রতিযোগিতার বিজয়ীদেরও পুরস্কৃত করা হয়।
সমাপনী বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল বলেন, গবেষণা ও উদ্ভাবনের এই পথচলায় শিক্ষক, গবেষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং অ্যালামনাই—সবাই সমান গুরুত্বপূর্ণ অংশীদার। সম্মিলিত এই প্রচেষ্টাই বিশ্ববিদ্যালয়কে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।
একটি বিশ্ববিদ্যালয়ের শক্তি শুধু তার শ্রেণিকক্ষে নয়, গবেষণাগারেও। নতুন প্রশ্ন করার সাহস, নতুন উত্তর খোঁজার চেষ্টা আর সেই অর্জনকে মানুষের কল্যাণে কাজে লাগানোর মধ্যেই লুকিয়ে থাকে ভবিষ্যতের সম্ভাবনা। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এবারের আয়োজন সেই সম্ভাবনাকেই নতুন করে সামনে এনেছে।

স্পেনভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশন র্যাঙ্কিংয়ে এনার্জি ক্যাটাগরিতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় এবং গণিতে তৃতীয় স্থান অর্জন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)।
২৮ মিনিট আগে
তিন দিন ধরে ছিল সিনেমার আলো, গল্পের রং আর তরুণ নির্মাতাদের স্বপ্ন। সেই আবহের পর্দা নামল বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) আয়োজিত বিইউএফটি সিনেফ্রেম ফেস্ট ২০২৬-এর সমাপনী এবং পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে।
২ ঘণ্টা আগে
আপনি কি ইংরেজিভাষী কোনো দেশে উচ্চশিক্ষা, চাকরি বা অভিবাসনের জন্য যাওয়ার পরিকল্পনা করছেন? সে ক্ষেত্রে প্রথম ধাপ হতে পারে আইইএলটিএস পরীক্ষায় অংশ নেওয়া। বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয়, নিয়োগকর্তা ও অভিবাসন কর্তৃপক্ষ ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ হিসেবে এই পরীক্ষার ফল গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ইংরেজি ভালো লিখতে বা কথা বলতে শুধু শব্দভান্ডার জানাই যথেষ্ট নয়। বাক্যে সঠিক সংযোগ তৈরি করাও জরুরি। এই সংযোগের কাজ করে Connectors বা Linking Words। এগুলোর সঠিক ব্যবহার লেখাকে করে সুসংগঠিত, যুক্তিসংগত ও সহজবোধ্য।
৩ ঘণ্টা আগে