
রাজধানীর সরকারি সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের কার্যক্রমের অংশ হিসেবে অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রজ্ঞাপনের দাবিতে সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। আজ রোববার (১৮ মে) বিকেলে এ আল্টিমেটাম শেষ হচ্ছে। সংশ্লিষ্ট একটি দায়িত্বশীল সূত্র আজকের পত্রিকাকে নিশ্চিত করেছে, ‘শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম শেষ হওয়ার আগেই এ প্রশাসনের ঘোষণা আসতে পারে।’
এর আগে, গতকাল শনিবার (১৭ মে) বিকেল ৪টায় ইডেন মহিলা কলেজের ১ নম্বর গেটের সামনে সংবাদ সম্মেলনে এই আল্টিমেটামসহ ৫ দফা দাবি তুলে ধরেন সাত কলেজের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের পক্ষে যৌথভাবে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের সদস্য ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ছাত্রী জাফরিন আক্তার এবং ঢাকা কলেজের ছাত্র তানজিমুল আবিদ।
শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি হলো: রোববারের মধ্যে অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি করতে হবে; অন্তর্বর্তী প্রশাসকের নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পর সেশনজট নিরসনসহ সামগ্রিক বিষয় নিয়ে অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে; ভুতুড়ে ফলের সমাধান, বিভিন্ন ইস্যুতে অতিরিক্ত ফি আদায় বন্ধসহ যাবতীয় অসঙ্গতিগুলো স্পষ্টভাবে সমাধানের উদ্যোগ নিতে হবে; অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের পরবর্তী দুই কার্যদিবসের মধ্যে ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষা আয়োজনের উদ্যোগ গ্রহণ করতে হবে; আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’-এর রূপরেখা এবং লোগো/মনোগ্রাম প্রকাশ করতে হবে; আগামী এক মাসের অর্থাৎ আগামী ১৬ জুনের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি করতে হবে। একই সঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে নবগঠিত বিশ্ববিদ্যালয়ের জন্য অর্থ বরাদ্দ দিতে হবে।
লিখিত বক্তব্যে সাত কলেজ শিক্ষার্থীরা বলেন, ‘রোববারের মধ্যে যদি অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি না হয়, তাহলে সোমবার (১৯ মে) থেকে আমরা আবার মাঠের কর্মসূচিতে যেতে বাধ্য হবো। এ কর্মসূচি কেমন হবে, সেটা পরিস্থিতি বিবেচনায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেব। একই সঙ্গে আমরা বাকি দাবিগুলোর বিষয়েও নজর রাখবো। আমাদের যদি আবার মাঠে নামতে হয়, তাহলে এবার নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ নিয়েই ক্যাম্পাসে ফিরবো। এজন্য সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টির পরিবর্তে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাওয়ের মতো কর্মসূচিগুলো আমরা বেছে নেব।’
শিক্ষার্থীদের আল্টিমেটামের বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসন সংক্রান্ত ইউজিসির প্রস্তাবনা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ঊর্ধ্বতন মন্ত্রণালয়ে (প্রধান উপদেষ্টার কার্যালয়) পাঠানো হয়েছে। এ প্রশাসনের প্রজ্ঞাপন আজ রোববার বা আগামীকাল সোমবার বিকেলের মধ্যে প্রকাশিত হবে।’
অন্তর্বর্তী প্রশাসন ও প্রশাসকের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে এ কর্মকর্তা বলেন, ‘প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি সরকারি আদেশ (জিও) জারি করা হবে। আরেকটি জিও হবে শিক্ষা মন্ত্রণালয় থেকে। এখানে দুটি বিষয় রয়েছে—প্রথমত অধ্যাপক এ কে এম ইলিয়াসকে ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে (চুক্তিভিত্তিক) নিয়োগ দেওয়া হবে। এটা জনপ্রশাসন মন্ত্রণালয় দেবে। আর দ্বিতীয়টি হলো, তিনি ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ার পর শিক্ষা মন্ত্রণালয় তাকে সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসক হিসেবে নিয়োগ দেবে।’
এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি ‘সাত কলেজ নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম পরিচালনায় সাময়িক ব্যবস্থাসংক্রান্ত’ শিরোনামে একটি অন্তর্বর্তী প্রশাসনের প্রস্তাব করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
ইউজিসির এ প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে আবার ইউজিসি থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ প্রশাসনের প্রশাসক হিসেবে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসকে চূড়ান্ত করে ইউজিসি। এর মধ্যে গত ৩১ মার্চ অধ্যাপক ইলিয়াসের চাকরির বয়সসীমা শেষ হয়ে যাওয়ায় তিনি অবসরে চলে যান। ফলে তাকে আবার চাকরিতে ফিরিয়ে এ প্রশাসনের প্রধান করতে চুক্তিভিত্তিক নিয়োগের প্রয়োজনীয়তা দেখা দেয়।
অন্তর্বর্তী প্রশাসনের পর আসছে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের লোগো–মডেল
ইউজিসি চেয়ারম্যান ও বিশেষজ্ঞ কমিটির সভাপতি অধ্যাপক ড. এস এম এ ফায়েজ আজকের পত্রিকা'কে বলেছেন, ‘সবগুলো কাজ ধাপে ধাপে এগিয়ে চলেছে। ইউজিসি সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের জন্য ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে একটি নাম প্রস্তাব করেছে। এর মধ্যে সাত কলেজের ঢাবি অধিভুক্তি বাতিল হয়ে যাওয়ায় অন্তর্বর্তী প্রশাসন নিয়েও আমাদের কাজ করতে হয়েছে। এ ছাড়া লোগো এবং মডেলের কাজ প্রায় চূড়ান্ত। অন্তর্বর্তী প্রশাসনের প্রশাসকও চূড়ান্ত করা হয়েছে। সরকার এ প্রশাসনের অনুমোদন দিলে বাকি কাজগুলো ধাপে ধাপে দৃশ্যমান হবে।’
আরও খবর পড়ুন:

আমি বেইজিংয়ে থাকি। আমার দুই মেয়ে। বড়টি দ্বিতীয় শ্রেণিতে, ছোটটি প্রথম শ্রেণিতে পড়ে। প্রতিদিন সকালে তাদের স্কুলে পৌঁছে দিই। প্রায়ই ভাবি, আজকের এই শিক্ষা তাদের ভবিষ্যতের জন্য কী নিয়ে আসতে পারে? এই দেশের জন্যই-বা কী দিতে পারে?
২৯ মিনিট আগে
কবিতা শুধু শব্দের শিল্প নয়, মানুষের অনুভবেরও ভাষা। সেই ভাষার বৈশ্বিক উদ্যাপনে সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য ‘ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬’। ২৩ জুলাই বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এই অনুষ্ঠানের আয়োজন করে সাউথইস্ট...
১ ঘণ্টা আগে
ইংরেজি লেখা ও কথাকে আরও সাবলীল, আকর্ষণীয় করতে Connectors গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজ থাকছে আরও কয়েকটি প্রয়োজনীয় Connector-এর ব্যবহার।
২ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এস. এম. আমানুল্লাহ বলেছেন, ‘বিশ্ব যেখানে পঞ্চম শিল্পবিপ্লব ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো প্রযুক্তির দিকে দ্রুত ধাবিত হচ্ছে, সেখানে আমরা এখনো মান্ধাতা আমলের সিলেবাস নিয়ে পড়ে আছি। গত ৫৪ বছরেও আমরা শিক্ষার প্রকৃত উদ্দেশ্যে...
১১ ঘণ্টা আগে