Ajker Patrika

বছরে প্রায় ২ কোটি টাকার স্কুলে ৪ বছরের পড়াশোনা, শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তির ‘মানিব্যাক গ্যারান্টি’

আজকের পত্রিকা ডেস্ক­
বছরে প্রায় ২ কোটি টাকার স্কুলে ৪ বছরের পড়াশোনা, শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তির ‘মানিব্যাক গ্যারান্টি’

যুক্তরাষ্ট্রে নতুন একটি বেসরকারি উচ্চবিদ্যালয় শিক্ষার্থীদের জন্য অভিনব আর্থিক নিশ্চয়তা দিচ্ছে। চার বছর ধরে বছরে ১ লাখ ৫০ হাজার ডলার (১ কোটি ৮৮ লাখ টাকা) টিউশন ফি দিয়ে পড়ার পরও কোনো শিক্ষার্থী দেশটির শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের একটিতে ভর্তির সুযোগ না পেলে নির্দিষ্ট শর্তে পুরো টিউশন ফি ফেরত দেবে প্রতিষ্ঠানটি। অর্থাৎ চার বছরে সর্বোচ্চ ৬ লাখ ডলার ফেরত পাওয়ার সুযোগ থাকছে।

‘আলফা ক্রিমসন স্কুল’ নামের এই প্রতিষ্ঠানটি যৌথভাবে গড়ে তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠান আলফা স্কুল এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শক প্রতিষ্ঠান ক্রিমসন এডুকেশন। আইভি লিগসহ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে সন্তানদের ভর্তি করাতে আগ্রহী ধনী পরিবারগুলোকে লক্ষ্য করে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আগামী শরতে সাতটি ক্যাম্পাসে সর্বোচ্চ ১০০ শিক্ষার্থী ভর্তি করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। সম্ভাব্য ক্যাম্পাসগুলোর মধ্যে নিউইয়র্ক, সান ফ্রান্সিসকো ও মায়ামির মতো বড় শহর রয়েছে।

তবে টিউশন ফি ফেরতের নিশ্চয়তা পেতে শিক্ষার্থীদের তিনটি শর্ত পূরণ করতে হবে। প্রথমত, নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত চার বছরই এই স্কুলে পড়তে হবে। দ্বিতীয়ত, প্রতিযোগিতামূলক এসএটি (SAT) স্কোর অর্জন করতে হবে। তৃতীয়ত, স্কুলের ৭৫ শতাংশ শিক্ষার্থী শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলে, সুযোগ না পাওয়া শিক্ষার্থীরা অর্থ ফেরত পাবেন না।

আলফার সহপ্রতিষ্ঠাতা ম্যাকেঞ্জি প্রাইস বলেছেন, কোনো শিক্ষার্থী পড়াশোনা ও নির্ধারিত কার্যক্রমে অংশ না নিলে তাঁকে অর্থ ফেরত দেওয়া হবে না। প্রতিষ্ঠানটির বিনিয়োগকারী টেক্সাসের ধনকুবের জো লিয়েম্যান্ডটের মতে, যুক্তরাষ্ট্রে অনেক পরিবার ইতিমধ্যে সন্তানদের শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে বছরে প্রায় দেড় লাখ ডলার ব্যয় করে। তাঁর ভাষায়, প্রচলিত শিক্ষাব্যবস্থায় সব ঝুঁকি পরিবারের ওপর থাকলেও এবার শিক্ষাপ্রতিষ্ঠানও সেই ঝুঁকির অংশীদার হতে চায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত