গোপালগঞ্জের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ৫ কেন্দ্র স্থানান্তর

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষা গ্রহণের অনুকূল পরিবেশ না থাকায় গোপালগঞ্জের পাঁচটি পরীক্ষা কেন্দ্র পাশের মাদারীপুর ও ফরিদপুর জেলায় স্থানান্তর করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।
আজ রোববার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপালগঞ্জ জেলার নির্ধারিত পাঁচটি কেন্দ্রের পরীক্ষা এখন মাদারীপুরের রাজৈর উপজেলা এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চারটি উপকেন্দ্রে অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কেন্দ্রপ্রধান ও জেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।
কোন কেন্দ্র কোথায় স্থানান্তর হলো:
ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপালগঞ্জের মূল কেন্দ্রগুলোর পরিবর্তে নির্ধারিত নতুন উপকেন্দ্রগুলো হলো:
গোপালগঞ্জ সদর (কেন্দ্র কোড-৭৭৪) : গোপালগঞ্জ সরকারি কলেজ (৬৭৫০) কেন্দ্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে মাদারীপুরের রাজৈর উপজেলার সরকারি রাজৈর গোপালগঞ্জ কপালী যুবক সংঘ পাইলট মডেল ইনস্টিটিউশন ও কলেজে (৫৬৩০) [এইচএসসি সাপ্লিমেন্টারি উপকেন্দ্র-১ ]।
কাশিয়ানী (কেন্দ্র কোড-৭৭৫) : রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজ (৬৮৫০) কেন্দ্রের পরীক্ষা স্থানান্তর করা হয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার আলফাডাঙ্গা সরকারি কলেজে (৬৮৫১) [কেন্দ্র কোড-৭৫৯, এইচএসসি সাপ্লিমেন্টারি উপকেন্দ্র-২ ]।
কোটালীপাড়া (কেন্দ্র কোড-৭৭৭) : কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ (৬৮২৫) কেন্দ্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে মাদারীপুরের রাজৈর উপজেলার সরকারি রাজৈর কলেজে (৫৬০০) [কেন্দ্র কোড-৭৬১, এইচএসসি সাপ্লিমেন্টারি উপকেন্দ্র-৩ ]।
টুঙ্গিপাড়া (কেন্দ্র কোড-৭৭৬) ও মুকসুদপুর (কেন্দ্র কোড-৭৭৮) : টুঙ্গিপাড়া বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজ (৬৭৫৯) এবং মুকসুদপুর সরকারি কলেজ (৬৯০০)—এই দুটি কেন্দ্রের পরীক্ষা একত্রে মাদারীপুরের রাজৈর উপজেলার শহীদ সরদার শাহজাহান উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে (৫৫০৪) [এইচএসসি সাপ্লিমেন্টারি উপকেন্দ্র-৪] অনুষ্ঠিত হবে।
সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যে গোপালগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুরের জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে বিজ্ঞপ্তির অনুলিপি পাঠানো হয়েছে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
উল্লেখ্য, এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় যারা সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে তাদের দ্বিতীয়বার সেসব বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ দিচ্ছে সরকার।








-73635e-256x144.webp)
