Ajker Patrika

বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে রাশিয়া টুডের সঙ্গে ডিআইইউর সমঝোতা স্মারক স্বাক্ষর

শিক্ষা ডেস্ক
আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১৭: ০৪
বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে রাশিয়া টুডের সঙ্গে ডিআইইউর সমঝোতা স্মারক স্বাক্ষর
রাশিয়া টুডে’র (আরটি) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রাশিয়া টুডে’র (আরটি) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। গতকাল শনিবার সাভারের ড্যাফোডিল স্মার্ট সিটি (ডিএসসি) ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন (জেএমসি) বিভাগ ও রাশিয়া টুডে’র মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম শিক্ষা ও সম্প্রচার সাংবাদিকতায় পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হলো।

ডিআইইউ’র জেএমসি বিভাগ এবং অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের যৌথ আয়োজনে দিনব্যাপী এ সফরে রাশিয়া টুডে’র একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ক্যাম্পাস পরিদর্শন করে। প্রতিনিধিদলে ছিলেন রাশিয়া টুডে’র এডুকেশনাল ডিভিশনের পার্টনারশিপ ডিপার্টমেন্টের প্রধান একাতেরিনা মোকিভা, আরটি এডুকেশনাল প্রজেক্টসের প্রডিউসার এলেনা লোগাচেভা এবং আরটি সাউথ এশিয়ার (ভারতীয় প্রধান কার্যালয়) ডেপুটি হেড রুসলান ইমায়েভ।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রতিনিধিদলকে স্বাগত জানান জেএমসি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মো. আবদুল কাবিল খান এবং আন্তর্জাতিক বিষয়ক উপপরিচালক সৈয়দ রাইহান-উল-ইসলাম। এ সময় বিভাগের অন্য শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

তরুণ সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে রাশিয়া টুডে’র উদ্যোগের প্রশংসা করে ডিআইইউ’র উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুম ইকবাল বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার উদ্যোগের জন্য আরটি’কে আন্তরিক ধন্যবাদ জানাই। বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে আরটি’র সঙ্গে এ চুক্তি জেএমসি শিক্ষার্থীদের আন্তর্জাতিক সম্প্রচার মানদণ্ড সম্পর্কে জানার পাশাপাশি বৈশ্বিক গণমাধ্যমে ক্যারিয়ার গড়ার নতুন সুযোগ তৈরি করবে।’

চুক্তির তাৎপর্য তুলে ধরে একাতেরিনা মোকিভা বলেন, ‘রাশিয়া টুডে একটি বৈশ্বিক গণমাধ্যম। বিশ্বের নয়টি ভাষায় সম্প্রচারিত এ সংবাদমাধ্যমের আন্তর্জাতিক অঙ্গনে শক্তিশালী অবস্থান রয়েছে। বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এটিই আমাদের প্রথম সমঝোতা স্মারক। আন্তর্জাতিক শিক্ষা ও গণমাধ্যম সহযোগিতার ক্ষেত্রে এটি একটি বড় মাইলফলক।’

ভবিষ্যৎ সাংবাদিকদের দক্ষতা উন্নয়নের বিষয়ে এলেনা লোগাচেভা বলেন, ‘আমরা চাই সাংবাদিক ও গণমাধ্যমের শিক্ষার্থীরা আন্তর্জাতিক সাংবাদিকতার ক্ষেত্রে আরও দায়িত্বশীল হয়ে উঠুক। আরটি এডুকেশনাল প্রজেক্টসের মাধ্যমে আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।’

সমঝোতা স্মারক স্বাক্ষর ও বিনিময় অনুষ্ঠানের পাশাপাশি জেএমসি বিভাগের শিক্ষার্থীদের জন্য বিশেষ মাস্টারক্লাসের আয়োজন করা হয়। এতে ‘সংবাদ কনটেন্টের মাধ্যমে দর্শক-পাঠকদের সম্পৃক্ত করা’ শীর্ষক মাস্টারক্লাস পরিচালনা করেন রুসলান ইমায়েভ। এ সময় তিনি আন্তর্জাতিক নিউজরুমে কাজের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।

সফর শেষে প্রতিনিধিদল জেএমসি মিডিয়া ল্যাব পরিদর্শন করে। বিভাগের আধুনিক সম্প্রচার ও মাল্টিমিডিয়া অবকাঠামো দেখে তাঁরা প্রশংসা করেন। এ সফরের মধ্য দিয়ে ডিআইইউ ও রাশিয়া টুডে’র মধ্যে যৌথ কর্মশালা, প্রশিক্ষণ এবং একাডেমিক ও শিল্পপ্রতিষ্ঠানভিত্তিক অভিজ্ঞতা বিনিময়ের নতুন ভিত্তি তৈরি হলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত