
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলায় নেতৃত্ব দেওয়া ছাত্রদলের নেতা-কর্মীদের কয়েকজন বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী নন। গতকাল রোববারের এ হামলায় জড়িত কয়েকজনের বিরুদ্ধে অতীতেও বিভিন্ন অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে জানা গেছে।
হামলার ভিডিও ও ছবি বিশ্লেষণ করে চিহ্নিতদের মধ্যে রয়েছেন আইন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদলের সহসভাপতি আহসান হাবীব, ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, নৃবিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদলের সহসভাপতি শরিফুল ইসলাম, ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদলের সহসভাপতি তাকবীর আহমেদ ইমন, সংগীত বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদলের সহদপ্তর সম্পাদক শাহরিয়ার আলম অথি এবং ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদলের সহসাধারণ সম্পাদক সৈয়দ সাজহারুল ইসলাম। তাঁদের মধ্যে শাহরিয়ার আলম অথি ও সৈয়দ সাজহারুল ইসলাম ছাড়া কেউই বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী নন বলে জানা গেছে।
হামলাকারীদের মধ্যে অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বিশাল চক্রবর্তীর নামও রয়েছে। তিনি আগে রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিবের সঙ্গে রাজনীতি করতেন বলে জানা গেছে। বর্তমানে তিনি ছাত্রদলের কর্মী। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে তিনি ড্রপআউট হন।
চিহ্নিতদের মধ্যে আহসান হাবীবের নেতৃত্বে গতকাল বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের গেটের সামনে দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়। এতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবান, আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল এবং দৈনিক সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজুসহ অন্তত ১০ সাংবাদিক আহত হন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
এর আগে ২০২৪ সালের অক্টোবরে এক ছাত্রলীগ নেতার সঙ্গে আহসান হাবীবের ফোনালাপ ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে রাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের পদ থেকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় ছাত্রদল। ফাঁস হওয়া কথোপকথন নিয়ে সংগঠনটি তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তোলে। তবে আহসান হাবীব তখন দাবি করেছিলেন, ফোনালাপটি সম্পাদনা করা হয়েছিল।
অব্যাহতির কয়েক মাস পর, ২০২৫ সালের জুনে, রাবির আইবিএর এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র উপদেষ্টা দপ্তরে লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়-সংলগ্ন এলাকায় তাঁকে মারধর করে টাকা নেওয়া হয় এবং ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হওয়ার জন্য চাপ দেওয়া হয়। ওই অভিযোগে আহসান হাবীবের নামও ছিল।
অন্যদিকে ছাত্রদল নেতা হাসিবুল ইসলাম চলতি বছরের আগস্টে সাত পিস ভারতীয় মাদক ট্যাপেন্টাডলসহ আটক হয়েছিলেন বলে জানা গেছে। এর আগেও তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। ছাত্রলীগ নেতাদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া নিজের মালিকানা দাবি করে অন্যের ফুড কার্ট দখলে নেওয়া এবং বহিরাগতদের নিয়ে রাবির এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
তবে হামলাকারীদের কেউ অছাত্র নন বলে দাবি করেছেন রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী। তিনি বলেন, ‘না, অছাত্র কেউ নেই। গতকালের বিষয়টি আমরা গভীরভাবে তদন্ত করছি। কোনো অন্যায়কারীকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। কেন এবং কী কারণে ঘটনাটি ঘটেছে, তা আমরা খতিয়ে দেখছি।’
আগের অভিযোগগুলোর বিষয়ে রাহী বলেন, ‘আগের ঘটনাগুলো পরে প্রমাণিত হয়নি। এ কারণে এবার আমাদের আরও সতর্কভাবে তদন্ত করতে হচ্ছে। আমরা সবার বক্তব্য নিচ্ছি। যারা হামলায় জড়িত ছিলেন, তাঁদের বক্তব্যও নিয়েছি। তাঁদের বক্তব্য যাচাই করে যদি তাঁদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজে প্রফেশনাল মাস্টার অব ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রামের ২০তম ব্যাচে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ১৮ মাস মেয়াদি এই প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে আবেদন শুরু হয়েছে।
৭ ঘণ্টা আগে
ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষায় চূড়ান্ত ব্যবধান অনেক সময় তৈরি করে লিখিত অংশ। তাই এটিকে কখনোই শেষ মুহূর্তের জন্য ফেলে রাখা উচিত নয়। মূল বিষয় পড়ার সময় লিখিত প্রশ্নের উত্তর লেখার অভ্যাস করতে হবে। একটি প্রশ্নের উত্তর জানা আর সেটি পরীক্ষার খাতায় সুন্দরভাবে উপস্থাপন করা—দুটি আলাদা দক্ষতা।
১১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার খাজনাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদ পাঁচটি। তবে কর্মরত দুজন। তাঁদের একজন আবার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। ফলে একজন শিক্ষককে পাঠদানের দায়িত্ব সামলাতে হচ্ছে।
১৭ ঘণ্টা আগে
স্থায়ী বসতভিটা বা নিজস্ব আবাসন না থাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগপত্র আটকে থাকা মিশন আচার্যের নিয়োগের জট খুলেছে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের হস্তক্ষেপের পর তাঁকে নিয়োগপত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে...
১ দিন আগে