Ajker Patrika

বেরোবিতে উপাচার্য নিয়োগের পরপরই তা বাতিল করে নতুন প্রজ্ঞাপন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৪ মে ২০২৬, ২১: ১৩
বেরোবিতে উপাচার্য নিয়োগের পরপরই তা বাতিল করে নতুন প্রজ্ঞাপন
অধ্যাপক ড. আনিসুর রহমান। ছবি: সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সপ্তম উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমানকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারির পরপরই তা বাতিল করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে নিয়োগ-সংক্রান্ত প্রজ্ঞাপনটি বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক ড. আনিসুর রহমানকে নিয়োগ দিয়ে জারি করা প্রজ্ঞাপন (বাঁয়ে),অধ্যাপক ড. আনিসুর রহমানকে নিয়োগ-সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল করে জারি করা প্রজ্ঞাপন।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক ড. আনিসুর রহমানকে নিয়োগ দিয়ে জারি করা প্রজ্ঞাপন (বাঁয়ে),অধ্যাপক ড. আনিসুর রহমানকে নিয়োগ-সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল করে জারি করা প্রজ্ঞাপন।

ড. আনিসুর রহমানকে উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছিল, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রংপুর আইন, ২০০৯-এর ১০ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. আনিসুর রহমানকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে শর্ত সাপেক্ষে নিয়োগ দেওয়া হলো। উপাচার্য হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যা আগে ঘটবে সেই সময় পর্যন্ত হবে। তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছিল, ড. আনিসুর রহমান বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

পরে নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ১৪ মে জারি করা রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-সম্পর্কিত আদেশ বাতিল করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. সুলতান আহ্‌মেদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত