
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এক মুরগি তিনবার জবাই করা যাবে না। শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে। এক ক্লাস থেকে অন্য ক্লাসে উঠতে নতুন করে ভর্তির বিষয়টি গুরুত্বসহকারে দেখতে শিক্ষাসংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন তিনি। এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে খুলনা বিভাগের ১০ জেলার কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুরে যশোর পিটিআই মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
পরীক্ষায় নকলের রূপ পাল্টিয়েছে, এখন ডিজিটালি হচ্ছে নকল, মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, ‘আজকের ছাত্র ও ছাত্রীরা নকল করলে শিক্ষকদের দুর্বলতা। করোনার মতো নকলের রূপ পাল্টিয়েছে। এখন ডিজিটালি হচ্ছে নকল। সমস্যা আমাদের মানসিকতায়। শিক্ষাব্যবস্থাকে গুরুত্ব দিতে হলে সবার আগে শিক্ষকদের গুরুত্ব দিতে হবে।’
শিক্ষামন্ত্রী মনে করেন, কেবল মন্ত্রী পরিবর্তন করলেই শিক্ষার উন্নয়ন সম্ভব নয়, বরং যাঁরা মানুষ গড়ার কারিগর, সেই শিক্ষকদের যথাযথ মূল্যায়ন ও ক্ষমতায়ন প্রয়োজন।
সভায় মন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়কে দেশের উন্নয়নের প্রধান ক্ষেত্র হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘অন্য দশটি মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা মন্ত্রণালয় আলাদা। আমি এখানে শিক্ষকদের জবাবদিহির কাঠগড়ায় দাঁড় করাতে চাই না, বরং তাঁদের সঙ্গে নিয়ে একটি আধুনিক শিক্ষাব্যবস্থা গড়তে চাই।’ তিনি বিরোধী দলসহ দেশের প্রতিটি সংসদ সদস্যকে প্রতিদিন শিক্ষা নিয়ে কথা বলার এবং সংসদে শিক্ষাবিষয়ক নোটিশ দেওয়ার আহ্বান জানান।
সাবেক সরকারের সমালোচনা করে শিক্ষামন্ত্রী মিলন বলেন, অতীতে অনেকেই নকল প্রবণতাকে প্রশ্রয় দিয়েছেন। ২০০১ সালের পর সরকার কঠোরভাবে নকল নির্মূল করতে সক্ষম হয়েছে। তবে করোনার পরবর্তী সময়ে নকলের ধরন পাল্টে ‘ডিজিটাল জালিয়াতি’ শুরু হয়েছে বলে তিনি সতর্ক করেন। এটি প্রতিরোধে শিক্ষক ও প্রশাসনকে আরও সজাগ হওয়ার নির্দেশ দেন তিনি।
মন্ত্রী বলেন, ‘আমি সারা দেশে ঘুরে মতবিনিময় করছি। আমার এই মতবিনিময়ে অনেকেই ব্যথিত-দুঃখিত আবার অনেকেই উৎসাহিত। তবে এমপি সাহেবরা আন্তরিক। তিনি বলেন, ২০ বছর আগে যশোরে এসেছিলাম। তখন দুই ট্রাক গাইড উদ্ধার করেছিলাম। এখন হয়তো ২০ ট্রাক গাইড উদ্ধার করতে পারব। পরিবর্তন হয়েছে এটুকুই। ফেসবুকে দেখতে পাই আমাকে নিয়ে অনেক ট্রল করা হয়। আমার খারাপ লাগে না। আমি জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে চাই। সংসদে বিরোধী দলের সংসদ সদস্যরা প্রতিদিন একটা করে নোটিশ দিক আমি এটাই চাই।’
যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোসাম্মাৎ আসমা খাতুনের সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
বিশেষ অতিথি ছিলেন যশোর-৫ আসনের এমপি গাজী এনামুল হক, যশোর-৬ আসনের এমপি মোক্তার আলী, ঝিনাইদহ-৩ আসনের এমপি মতিউর রহমান, নড়াইল-২ আসনের এমপি আতাউর রহমান বাচ্চু, বাগেরহাট-৪ আসনের এমপি আব্দুল আলিম, সাতক্ষীরা-৪ আসনের এমপি জি এম নজরুল ইসলাম।
আরও বক্তব্য দেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রুহুল আমিন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিয়া মো. নুরুল হক। সভায় যশোর শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও খুলনা বিভাগের ১০ জেলার সহস্রাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (শিক্ষা) পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. আব্দুস সালাম। বর্তমানে তিনি ঢাবির বিজ্ঞান অনুষদের (ভারপ্রাপ্ত) ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব এ এস এম কাসেম (সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা)...
৩৬ মিনিট আগে
বিসিএস (সাধারণ) শিক্ষা ক্যাডারে বড় ধরনের রদবদল করেছে সরকার। পৃথক পৃথক প্রজ্ঞাপনে বিভিন্ন কলেজ, শিক্ষা বোর্ড ও অধিদপ্তরের একাধিক কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। একই সঙ্গে জ্যেষ্ঠ পর্যায়ের কয়েকজন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে এবং কয়েকজনকে অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) করা হয়েছে।
২ ঘণ্টা আগে
দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনা মূল্যে ইউনিফর্ম দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। প্রতিমন্ত্রী জানান, বছরে একবার করে এই ইউনিফর্ম দেওয়া হবে এবং বর্তমান সরকারের মেয়াদের মধ্যেই পর্যায়ক্রমে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে এ সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব...
৩ ঘণ্টা আগে
বিসিএস লিখিত পরীক্ষায় সফলতা অর্জনের ক্ষেত্রে প্রার্থীর প্রস্তুতির ধরন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে শুধু পড়াশোনার মাত্রা নয়, বরং পরিকল্পিত কৌশল, নিয়মিত অনুশীলন এবং সময়ের সঠিক ব্যবস্থাপনাই সাফল্যে নির্ধারক ভূমিকা পালন করে।
১২ ঘণ্টা আগে