Ajker Patrika

ঢাবির সূর্যসেন হলের নাম বদলে জিন্নাহ হল করার দাবি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২০: ১১
ঢাবির সূর্যসেন হলের নাম বদলে জিন্নাহ হল করার দাবি
জাতীয় প্রেসক্লাবে মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা। ছবি: আজকের পত্রিকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের নাম পরিবর্তন করে পুনরায় মোহাম্মদ আলী জিন্নাহর নামে নামকরণের দাবি জানিয়েছে নবাব সলিমুল্লাহ একাডেমি।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবে মোহাম্মদ আলী জিন্নাহর ৭৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানানো হয়।

সভায় নবাব সলিমুল্লাহ একাডেমির সভাপতি মুহম্মদ আব্দুল জাব্বার বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহ হলের নাম পরিবর্তন করে সূর্যসেন হল করা হয়েছে।’ তিনি দাবি করেন, সূর্যসেন একজন ডাকাত ও খুনি ছিলেন। তিনি পুনরায় মোহাম্মদ আলী জিন্নাহর নামে হলটির নামকরণের দাবি জানান।

সভায় অল মুসলিম উম্মাহের চেয়ারম্যান ড. ফরিদ উদ্দিন আহমেদ খান বলেন, ১৭৫৭ সালে ইংরেজরা এই উপমহাদেশ দখলের মাধ্যমে মুসলিমদের থেকে ক্ষমতা দখল করেছিল। তারা ডিভাইড অ্যান্ড রুল পলিসি করেছিল। পরে জিন্নাহ চেয়েছিলেন এই উপমহাদেশে মুসলিমরা যেন ক্ষমতার অধিকারী হয়।

বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. শেখ আকরাম আলী বলেন, বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করলে মোহাম্মদ আলী জিন্নাহের নাম বাদ দেওয়ার সুযোগ নেই। জিন্নাহকে ছাড়া এ দেশের ইতিহাস পাঠ অসম্পূর্ণ থেকে যাবে।

আকরাম আলী আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সৃষ্টি করলেন স্যার সলিমুল্লাহ, কিন্তু তাঁকে নিয়ে চর্চা হয় না। জিন্নাহের নামে একটা হল ছিল, কিন্তু সেটা মুছে দেওয়া হলো। আমরা কারও পক্ষে বা বিপক্ষে যাব না। আমরা ইতিহাসে যার যেটুকু অবস্থান, তাঁকে ততটুকু সম্মান করতে চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত