
পুকুরে মাছ চাষ করে মুনাফা করেছেন বলে আর্থিক প্রতিবেদনে দেখিয়েছিলেন পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হামি ইন্ডাস্ট্রিজের (আগের নাম ইমাম বাটন) ব্যবস্থাপনা পরিচালক এ এস এম হাসিব হাসান। কিন্তু পরে জানা যায়, সেই পুকুরে পানিই নেই! ‘শুকিয়ে যাওয়া পুকুরে মাছ চাষ করা’ সেই হাসিব হাসানকে শেয়ার কারসাজির জন্য জরিমানা গুনতে হচ্ছে।
ইমাম বাটনের শেয়ার কারসাজির দায়ে এমডি হাসিব হাসানকে এক কোটি টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ বুধবার ৯২১তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। সভা শেষে সংস্থার পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের লেনদেনে কারসাজির কারণে হাসিব হাসান সিকিউরিটিজ আইন লঙ্ঘন করেছেন। এ জন্য তাঁকে এক কোটি টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তথ্যমতে, হাসিব হাসান নিজের এলাকায় পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে মুনাফা করেছেন বলে হামি ইন্ডাস্ট্রিজের আর্থিক প্রতিবেদনে দেখিয়েছিলেন। কিন্তু একটি বেসরকারি টেলিভিশনের সরেজমিন প্রতিবেদনে দেখা যায়, মাছ চাষ ও সেখান থেকে মুনাফা তো দূরের কথা, পুকুরে পানিই নেই!
এদিকে একই সভায় শেয়ার কারসাজিতে জড়িত থাকার অপরাধে আরও সাত ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্ণফুলী ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারের লেনদেনে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে কারসাজির কারণে সাহারা জামান ও তাঁর সহযোগী আশফাকুজ্জামানকে ২ লাখ ৫০ হাজার করে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই প্রতিষ্ঠানের শেয়ার কারসাজির জন্য সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
এর বাইরে কর্ণফুলী ইনস্যুরেন্সের শেয়ার কারসাজির জন্য সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেসের এম লুৎফুল গনি টিটু ও তাঁর সহযোগী মো. মাহমুদুল হাসান এবং বেঞ্জু খাদ্য ভান্ডারের স্বত্বাধিকারী খাইরুল হাসান বেঞ্জু, লুৎফুন্নহার বেগম ও আকিকুন্নাহারকে এক লাখ করে মোট পঅঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এর আগে চলতি বছরের জুন ও জুলাইয়ে শেয়ার কারসাজির সঙ্গে সংশ্লিষ্টতায় তিন ব্যক্তি ও চার প্রতিষ্ঠানকে ১ কোটি ৮২ লাখ টাকা জরিমানা করে বিএসইসি। গত আগস্টে কোনো জরিমানা করা না হলেও ৯ প্রতিষ্ঠান ও ২৮ ব্যক্তিকে সতর্ক করা হয়েছে।

ধর্ষণ, হত্যা, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মাদক, অস্ত্র, সাইবার অপরাধসহ ২৩ ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে দেশের কিশোর গ্যাং সদস্যরা। একসময় মহানগর ও নগরকেন্দ্রিক থাকলেও বর্তমানে উপজেলা পর্যায়ে ছড়িয়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা।
৪ ঘণ্টা আগে
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
০৮ সেপ্টেম্বর ২০২৬
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
০৭ সেপ্টেম্বর ২০২৬
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
০৩ সেপ্টেম্বর ২০২৬