Ajker Patrika

রংপুরের পীরগঞ্জ: ১০ বছর ধরে বর্ষায় জলাবদ্ধতা, দুর্ভোগ

  • কালভার্টের সামনে বসতবাড়ি নির্মাণ। বসতঘরে পানি ঢুকে চরম ভোগান্তি।
  • ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করলেও স্থায়ী সমাধান নেই।
মিফতাহুল ইসলাম, পীরগঞ্জ (রংপুর)
রংপুরের পীরগঞ্জ: ১০ বছর ধরে বর্ষায় জলাবদ্ধতা, দুর্ভোগ
রংপুরের পীরগঞ্জ পাঁচগাছি ইউনিয়নের কয়েকটি গ্রামে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। গত শনিবার ইউনিয়নে পাঁচগাছি গ্রামের একতার বাজার নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তোলা। ছবি: আজকের পত্রিকা

রংপুরের পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়নে গত এক দশক ধরে বর্ষা মৌসুমে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ইউনিয়নের কয়েকটি গ্রামে কালভার্টের সামনে বসতবাড়ি নির্মাণ করায় হাজারো মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে।

সরেজমিন দেখা যায়, উপজেলার একতার বাজারসংলগ্ন ভেলামারী বিল, পাঁচগাছি, পাইকান, জাহাঙ্গীরাবাদ, পাচকাউনি, আমোদপুর, কাজিপাড়া, নাইয়াপাড়া, কুলুবনসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ বর্ষাকালে পানিবন্দী হয়ে পড়ে। এলাকার প্রভাবশালীদের জমিতে কালভার্ট থাকায় এ সমস্যা সৃষ্টি হয়েছে। অনেকে কালভার্টের সামনে বসতবাড়ি নির্মাণ করায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বর্ষাকাল এলেই গ্রামের রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। ফলে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে পৌঁছায়। একতার বাজার নিম্নমাধ্যমিক বিদ্যালয় ও আলহেরা কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে দুর্ভোগে পড়ে। বিদ্যালয়ের মাঠে হাঁটুপানি জমে থাকে। কৃষকেরা আমন ধানসহ বিভিন্ন রবিশস্য আবাদ করতে না পেরে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। অনেক পরিবারের বসতঘরেও পানি ঢুকে পড়ায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে এলাকাবাসীর।

স্থানীয় বাসিন্দা ছবিজল মিয়া বলেন, ‘প্রতিবছর বর্ষায় আমাদের বাড়িঘর ও রাস্তাঘাট তলিয়ে যায়। ছোট ছোট শিশুদের স্কুলে পাঠানো যায় না। দীর্ঘদিন ধরে কষ্ট করছি, কিন্তু কোনো স্থায়ী সমাধান হয়নি। কালভার্টের সামনে বসতবাড়ি থাকায় এ সমস্যা দেখা দিয়েছে।’

স্থানীয় ইউপি সদস্য সাদা মিয়া বলেন, ‘দীর্ঘ ১০ বছরের এই জলাবদ্ধতার স্থায়ী সমাধান চাই। দ্রুত কার্যকর ড্রেনেজব্যবস্থা, পানি নিষ্কাশনের জন্য খাল পুনঃখনন এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনে নতুন সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।’

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, এ বিষয়ে সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত