রাজশাহীর মোহনপুর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও চারজন। বুধবার (১০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে মোহনপুর উপজেলার খাড়ইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম আব্দুল্লাহ আল ফিরোজ (৪০)। তিনি ইসলামী ব্যাংকের মোহনপুর উপজেলার কেশরহাট শাখার ক্যাশ ইনচার্জ। বাড়ি নওগাঁর মান্দা উপজেলার চক শ্যামরাই গ্রামে। তাঁর বাবার নাম মোহাম্মদ আলী। প্রায় ৫০ বছর বয়সী অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। আহত এক নারীসহ চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) মোদাশ্বের হোসেন খান নিহত ফিরোজের পরিচয় নিশ্চিত করেছেন। তিনি জানান, মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ফিরোজ নিহত হন। পরে আহত অন্যদের ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেছেন।
রামেক হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স মো. উজ্জ্বল জানান, নিহত দুজনের কারও পরিচয় তাঁরা জানেন না। অজ্ঞাত হিসেবে তাঁদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আর আহত চারজনকে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
এদিকে মোহনপুর থানার এসআই মোদাশ্বের হোসেন খান জানিয়েছেন, হতাহতরা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর ট্রাকচালক ও হেলপার পালিয়েছেন। এ ব্যাপারে সড়ক পরিবহন আইনে থানায় একটি মামলা হচ্ছে বলেও জানান তিনি।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে কথিত পুশ ইনের ঘটনায় আলোচনায় আসা বৃদ্ধ ষষ্টি চন্দ্র বর্মণকে নোম্যানস ল্যান্ড থেকে উদ্ধার করে থানায় নিয়ে গেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁর পরিবারের সদস্যরা তাঁকে নিতে আসছেন বলে জানিয়েছে বিজিবি।
১ মিনিট আগে
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পণ্যবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত একটি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার শ্রীরামদী সরকারি হিমাগারসংলগ্ন ঢাকা-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
দেশের বিভিন্ন স্থানে কিছুদিন ধরে চলছে এই বৃষ্টি এই রোদ। পথঘাটসহ নানা জায়গায় জমে থাকছে পানি। বিশেষজ্ঞরা বলেন, এমন পরিবেশই ডেঙ্গুর জন্য দায়ী এডিস মশা বিস্তারের জন্য আদর্শ। এদিকে বর্ষপঞ্জির হিসাবে দিন তিনেক পরই বর্ষাকাল শুরু। এডিস মশার বংশবিস্তারের পরিবেশ আরও অনুকূল হবে তখন।
২ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রামগতিতে মারিয়া আক্তার মীম (১৬) নামের এক গৃহবধূর মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে মামলা গ্রহণে পুলিশের গড়িমসির অভিযোগ তুলে বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। একই সঙ্গে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে