Ajker Patrika

সব বিশ্ববিদ্যালয়কে ২-৩ বছরের মধ্যে স্মার্ট ক্যাম্পাস হিসেবে নিশ্চিত করা হবে: ইউজিসি চেয়ারম্যান

ময়মনসিংহ প্রতিনিধি
সব বিশ্ববিদ্যালয়কে ২-৩ বছরের মধ্যে স্মার্ট ক্যাম্পাস হিসেবে নিশ্চিত করা হবে: ইউজিসি চেয়ারম্যান
বাকৃবির স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেছেন, আগামী দুই-তিন বছরের মধ্যে দেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়কে স্মার্ট ক্যাম্পাস হিসেবে নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, এসব ক্যাম্পাসে হাই-স্পিড ইন্টারনেট, ওয়াইফাই সিস্টেম ও স্মার্ট ক্লাসরুম থাকবে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে স্নাতক প্রথম বর্ষের (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নবীনবরণ কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, ‘আমাদের অনেকগুলো প্রচেষ্টার মধ্যে একটি হলো বিশ্ববিদ্যালয়গুলোকে ডিজিটালি স্মার্ট করা।’

কৃষি শিক্ষা ও গবেষণায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভূমিকার কথা তুলে ধরে ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। কৃষির উন্নতি, দেশের উন্নতিতে সবচাইতে বেশি বুদ্ধিবৃত্তিক, গবেষণালব্ধ সহযোগিতা যে প্রতিষ্ঠান করেছে, সেটি হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। তোমরা সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তোমরা এই দেশের কৃষির ঐতিহ্যকে ধারণ ও বহন করবে এবং এই ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাবে।’

শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক নিয়ে অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, ‘শিক্ষক ও শিক্ষার্থীর মাঝে সম্পর্ক থাকবে অসাধারণ। যদি ছাত্র ও শিক্ষকের মাঝে সুসম্পর্ক না থাকে, তাহলে কোনোভাবেই একটি প্রতিষ্ঠান এগিয়ে নেওয়া সম্ভব না।’

নবীনবরণ কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতি ও ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ভিসি অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

বিশেষ অতিথি ছিলেন ডিন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, প্রভোস্ট পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রুহুল আমিন, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম এবং রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত