
খুলনার শীর্ষ সন্ত্রাসী আশিক গ্রুপের ‘প্রধান শুটার’ মো. পারভেজ গাজী ওরফে পারভেজকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর লবণচরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার পারভেজ নগরীর লবণচরা থানার মোক্তার হোসেন রোডের ৭ নম্বর গলির নূর ইসলাম গাজী ওরফে নূরু ইসলামের ছেলে।
নগরীর লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে নগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও সন্ত্রাসী আশিক গ্রুপের প্রধান শুটার মো. পারভেজ গাজী ওরফে পারভেজকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার পারভেজ বহু মামলার আসামি। তিনি সাধারণ মানুষের কাছে ত্রাস হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, পারভেজ গত ২১ মে দুপুরে প্রকাশ্যে মোটরসাইকেলে এসে নগরীর লবণচরা থানার পুটিমারী বাজারের পার্শ্ববর্তী স্থানীয় ওয়ার্ড বিএনপি কার্যালয়ে প্রবেশ করেন। এরপর তিনি ওই অফিসে থাকা যুবদল নেতা এবং পুটিমারী বাজার কমিটির সভাপতি মাসুম বিল্লাহ ও জাহিদকে লক্ষ্য করে কয়েকটি গুলি করেন। গুলি মাসুমের বাঁ পায়ের ঊরু ও জাহিদের ডান হাতে বিদ্ধ হয়। ঘটনার পর পারভেজ দ্রুত মোটরসাইকেলে স্থান ত্যাগ করেন। এ ছাড়া তিনি বিএনপি নেতা রফিকুল ইসলাম গাজী হত্যা মামলার সন্দেহভাজন আসামি।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তথ্য অনুযায়ী, পারভেজ বর্তমানে খুলনা মহানগরীর শীর্ষ সন্ত্রাসী আশিক গ্রুপের প্রধান শুটার হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে লবণচরা, খুলনা সদর ও খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একাধিক মামলা রয়েছে।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, শীর্ষ সন্ত্রাসী পারভেজকে গ্রেপ্তারের মাধ্যমে এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এ ছাড়া তাঁর গ্রেপ্তারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে।

সিরাজগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক বাকি মির্জা হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
২ মিনিট আগে
কিশোরগঞ্জের বাজিতপুরে একটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে অনিয়ম, জালিয়াতি ও নথিপত্রের অসংগতি অনুসন্ধান করায় সাংবাদিক খায়রুল ইসলামকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা বোরহানের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছেন বোরহান। অনিয়মের ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
৪ মিনিট আগে
বরিশালের গৌরনদীতে ঢাকা–বরিশাল মহাসড়কে যমুনা লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে খাঞ্জাপুর ইউনিয়নের ভুরঘাটা বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত চারজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
৯ মিনিট আগে
কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ফিজিওথেরাপির সময় রোগীর পা পুড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। লিখিত অভিযোগের পর গত ২২ জুন ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযুক্ত ফিজিওথেরাপিস্ট অভিযোগ অস্বীকার করেছেন।
২৫ মিনিট আগে