
ঢাকার সাভারে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করার পর দুই পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মাদক কারবারিদের বিরুদ্ধে।
মঙ্গলবার রাতে পৌর এলাকার বেদেপল্লির কাঞ্চনপুর মহল্লায় এই ঘটনা ঘটে। হামলায় আহত দুই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন সাভার থানার উপপরিদর্শক (এসআই) এস এম শামীম এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) মশিউর রহমান।
পুলিশ জানায়, মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তারের লক্ষ্যে মঙ্গলবার রাত ৮টার দিকে এসআই এস এম শামীম ও এএসআই মশিউর রহমান কাঞ্চনপুর এলাকায় অভিযান চালান। গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা সেখানে গিয়ে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেন।
পুলিশের দাবি, গ্রেপ্তারের পরপরই রফিকুল ইসলামের সহযোগী সাত-আট ব্যক্তি দুই কর্মকর্তার ওপর অতর্কিত হামলা চালান। হামলাকারীরা কিলঘুষি, চড়-থাপ্পড় ও ইট দিয়ে আঘাত করে পুলিশের হেফাজত থেকে রফিকুল ইসলামকে ছিনিয়ে নিয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলায় সরাসরি কয়েকজন অংশ নিলেও রফিকুল ইসলামের ঘনিষ্ঠ আরও ৩০-৪০ জন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্য থেকেও কয়েকজন হামলায় অংশ নেন। একপর্যায়ে দুই পুলিশ কর্মকর্তা মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রফিকুল ইসলাম কাঞ্চনপুর এলাকার চিহ্নিত মাদক কারবারি। হামলায় অংশ নেওয়া এবং ঘটনাস্থলে উপস্থিত অধিকাংশ ব্যক্তি মাদক কারবারের সঙ্গে জড়িত।
আহত এসআই এস এম শামীম বলেন, রফিকুল ইসলামকে গ্রেপ্তারের কয়েক সেকেন্ডের মধ্যেই তার সহযোগীরা আমাদের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। আমরা সাদা পোশাকে ছিলাম। তবে আমাদের সঙ্গে থাকা ব্যাগে পুলিশি পোশাক ও ওয়াকিটকি ছিল।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারদিন আব্দুর রাজ্জাক জানান, এসআই শামীম মুখমণ্ডল ও দুই ঠোঁটে আঘাত পেয়েছেন। এ ছাড়া এএসআই মশিউর রহমানের দুই পায়ে আঘাতের চিহ্ন রয়েছে।
সাভার থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তা হামলার শিকার হয়েছেন। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে। একই সঙ্গে এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

রাজশাহীর মোহনপুর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও চারজন। বুধবার (১০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে মোহনপুর উপজেলার খাড়ইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মো. মিন্টু মিয়া দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ছেড়ে সৌদি আরবের সমর্থক হওয়ার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার খড়মপুরের একটি মাজার প্রাঙ্গণে এ আয়োজনের পর তিনি সৌদি আরবের জার্সি গায়ে দিয়ে আনন্দ মিছিল করেন।
২৩ মিনিট আগে
পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা-বরগুনা আঞ্চলিক সড়কের দেবীপুর এলাকায় মালবাহী ট্রাক পার হওয়ার সময় একটি বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে গেছে। এতে মঠবাড়িয়া ও পার্শ্ববর্তী বরগুনার সঙ্গে পিরোজপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে