Ajker Patrika

আরও এক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৯ মে ২০২৬, ১৬: ১৯
আরও এক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন
সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ফাইল ছবি

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক গ্রেপ্তার দেখানোর এ নির্দেশ দেন।

নুরুল ইসলাম সুজনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। জুলাই গণ-আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় মো. জাহাঙ্গীর (৫৪) নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই শামীম হোসেন গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

শুনানি শেষে আদালত নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখিয়ে আবার কারাগারে ফেরত পাঠানোর নির্দেশ দেন। যাত্রাবাড়ী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মহিন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ২০২৪ সালের ২০ জুলাই বিকেল ৩টার দিকে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় আন্দোলনকারীদের ওপর ছোড়া গুলিতে বিদ্ধ হন জাহাঙ্গীর। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় মারা যান জাহাঙ্গীর। পরে এ ঘটনায় মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য, আওয়ামী সরকারের পতনের পর ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে সুজনকে গ্রেপ্তার করে যাত্রাবাড়ী থানা-পুলিশ। এরপর তাঁকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সেই থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত