Ajker Patrika

রাজধানীতে তাজিয়া মিছিলের পাশ থেকে ধাওয়া দিয়ে যুবককে কুপিয়ে হত্যা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৬ জুন ২০২৬, ২২: ৪৭
রাজধানীতে তাজিয়া মিছিলের পাশ থেকে ধাওয়া দিয়ে যুবককে কুপিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে আশুরার তাজিয়া মিছিলের পাশ থেকে এক যুবককে ধাওয়া দিয়ে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত যুবকের নাম জাকির হোসেন।

স্বজনদের দাবি, জাকির দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী ছিলেন। স্ত্রী দু সন্তান নিয়ে লালবাগের পলাশীতে থাকতেন।

আজ শুক্রবার বিকেল ৫টার পর বি কে দাস রোডের একটি নির্মাণাধীন ভবনের নিচে এই ঘটনা ঘটে।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, ওই যুবক তাজিয়া মিছিলের সঙ্গে ছিল। কয়েকজন তাঁকে ধাওয়া দিয়ে নির্মাণাধীন ভবনের নিচে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে হাসপাতালে নেওয়ার পথে ওই যুবকের মৃত্যু হয়।

ওসি জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

তবে ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান দাবি করে বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে তাজিয়া মিছিলের কোনো সম্পর্ক নেই। ওই যুবককে একটি নির্মাণাধীন ভবনের নিচে কুপিয়ে হত্যা করা হয়েছে। কেন এই হত্যাকাণ্ড ঘটেছে এবং কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত