
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলাদেশ-কুয়েত মৈত্রী ছাত্রী আবাসিক হলে গত কয়েক দিনে শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। তাঁদের অধিকাংশই ডায়রিয়া, বমি ও পেটের সমস্যায় ভুগছেন। এরই মধ্যে আক্রান্ত শিক্ষার্থীদের চিকিৎসাসেবা দিতে হলে অস্থায়ী মেডিকেল ক্যাম্প বসিয়েছে প্রশাসন।
হলের শিক্ষার্থীদের অভিযোগ, পানির ট্যাংক পরিষ্কারের পর থেকেই এ সমস্যা শুরু হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, সাধারণত অস্বাস্থ্যকর পানি ও খাবারের কারণে এটি হতে পারে।
আবাসিক শিক্ষার্থী ও হল প্রশাসন সূত্রে জানা গেছে, গত বুধবার হলে বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। এরপর সময় বাড়ার সঙ্গে আক্রান্তের সংখ্যাও বাড়তে থাকে। অসুস্থ শিক্ষার্থীদের বেশির ভাগই বমি, পাতলা পায়খানা ও পেটব্যথার সমস্যায় ভুগছেন। পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিকিৎসকেরা হলে গিয়ে চিকিৎসাসেবা দিচ্ছেন।
বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সামিয়া হায়দার আজকের পত্রিকাকে বলেন, ‘পানির ট্যাংক পরিষ্কার করার পর থেকে এই সমস্যা দেখা দিয়েছে। গত বুধবার থেকে প্রথমে কয়েকজন অসুস্থ হন, তারপর দিনে দিনে প্রায় শতাধিক হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের প্রধান কর্মকর্তা ডা. মুহাম্মদ তানভীর আলী বলেন, ‘মূলত গত বৃহস্পতিবার থেকেই এ ধরনের অসুস্থ শিক্ষার্থীরা ওই হল থেকে আসছিল। বিষয়টি সামাল দেওয়ার জন্য আজ (শনিবার) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে একটি অস্থায়ী মেডিকেল ক্যাম্প করা হয়েছিল।’
অসুস্থতার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘নির্দিষ্ট করে কারণ বলা যাচ্ছে না। তবে সাধারণত অস্বাস্থ্যকর পানি ও খাবারের কারণে এটি হতে পারে।’
এ বিষয়ে ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ আজকের পত্রিকাকে বলেন, ‘এটা শর্ট টাইম সমস্যা। আমরা যতটুকু জানতে পেরেছি–ট্যাংক ভালোভাবে পরিষ্কার করা হয়নি। ফলে পাউডারযুক্ত ময়লা পানি শিক্ষার্থীদের পেটে গিয়ে রিঅ্যাকশন করেছে।’
মিনহাজ আরও বলেন, এই বিষয়ে জানা মাত্রই বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করে ইমারজেন্সি ওষুধ সরবরাহ করেছি। এ ছাড়া যা যা প্রয়োজন, সবই সরবরাহ করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
তবে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের প্রাধ্যক্ষ মাহবুবা সুলতানার মোবাইলে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

রংপুরের তারাগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের গোলজার হোসেন (৫০) একসময় অভাবের তাড়নায় দিনমজুরি করতেন। এখন তিনি এলাকায় পরিচিত ধানখেতে মাছ চাষের সফল উদ্যোক্তা হিসেবে। তিনি শুধু নিজের ভাগ্যই বদলায়নি, তাঁর দেখানো পথে সচ্ছলতা এসেছে গ্রামের আরও অনেক পরিবারে।
২ ঘণ্টা আগে
যশোরের শার্শা উপজেলায় গোয়ালঘরের মাটি খুঁড়ে ইকরামুল কবির (২৫) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ মে) রাত ৮টার দিকে উপজেলার বসতপুর পূর্বপাড়া গ্রামে পুলিশের অভিযানে তাঁর লাশ উদ্ধার হয়।
৪ ঘণ্টা আগে
রাজশাহীর বাগমারা উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া ১৪টি বৈদ্যুতিক মিটার উদ্ধার করেছে পুলিশ। সিরাজগঞ্জের সলঙ্গা থানার চড়িয়া মধ্যপাড়া গ্রাম থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর মিটারগুলো পাওয়া যায়।
৪ ঘণ্টা আগে
কর্ণফুলীসহ দেশের নদ-নদী রক্ষায় বৃহত্তম সামাজিক আন্দোলনের অংশ হিসেবে তিন শতাধিক সাম্পান নিয়ে অনুষ্ঠিত হলো শোভাযাত্রা। আজ শনিবার বিকেলে কর্ণফুলী নদীতে এই শোভাযাত্রার আয়োজন করে সাম্পান খেলা ও চাটগাঁইয়া সাংস্কৃতিক মেলা উদ্যাপন পরিষদ। আয়োজকেরা জানান, কর্ণফুলী ঘিরে ২৩টি সাম্পান সমিতির...
৪ ঘণ্টা আগে