বিচারকের কণ্ঠস্বর নকল করে তাঁর পরিচিতজনদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় জড়িত মো. মেহেদী হাসান মিম (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্রায় ছয় বছর আগে সংঘটিত এই ঘটনায় তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁকে নাটোর থেকে গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এই তথ্য জানান। তিনি বলেন, বুধবার দিবাগত রাতে সিআইডির সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস টিম মেহেদী হাসান মিমকে গ্রেপ্তার করে।
সিআইডি জানায়, মামলার এজাহার অনুযায়ী ঘটনার সময় ভুক্তভোগী একজন যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত ছিলেন। প্রতারক চক্রটি বিচারকের নাম, পরিচয় ও পদবি ব্যবহার করে তাঁর বন্ধু, সহকর্মী ও আত্মীয়স্বজনের কাছে মিথ্যা তথ্য ছড়িয়ে অর্থ আদায়ের চেষ্টা করে। একপর্যায়ে কৃত্রিমভাবে বিচারকের কণ্ঠস্বর অনুকরণ করে পরিচিতজনদের ফোন দিয়ে জানানো হয়, তাঁর মা ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন এবং হাসপাতাল ও অ্যাম্বুলেন্সের খরচ মেটাতে জরুরি ভিত্তিতে অর্থ প্রয়োজন।
এ ধরনের প্রতারণায় বিভ্রান্ত হয়ে বিচারকের এক পরিচিত ব্যক্তি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ৫০ হাজার টাকা পাঠান। এ ছাড়া বিচারকের আরও কয়েকজন বন্ধু, সহকর্মী ও পরিচিত ব্যক্তির কাছেও একই কৌশলে ফোন ও বার্তা পাঠিয়ে অর্থ আদায়ের চেষ্টা করা হয়।
সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান বলেন, ঘটনাটি প্রকাশ্যে এলে ২০২০ সালের ২১ সেপ্টেম্বর শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে মামলাটির তদন্তভার গ্রহণ করে সিআইডি। তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে জানা যায়, বিভিন্ন ব্যক্তির পরিচয় ও কণ্ঠস্বর নকল করে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসা একটি সংঘবদ্ধ চক্র এই ঘটনার সঙ্গে জড়িত।
তদন্তের একপর্যায়ে মো. মেহেদী হাসান মিমের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাঁকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন এবং গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে সিআইডি। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে বলেও জানানো হয়েছে।

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে তাঁকে এক বছরের জন্য এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
৪২ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট বাজারে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এক নৈশপ্রহরী। বুধবার দিবাগত গভীর রাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তিনি টাকাভর্তি ব্যাগটি ব্যবসায়ীর হাতে তুলে দেন।
৪৪ মিনিট আগে
ফেনীর ফুলগাজীতে জুনায়েদ নামের দুই মাস বয়সী এক শিশুকে আছাড় দিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বাবা মো. সুলতানের (৩০) বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় উপজেলার ভূমি অফিসসংলগ্ন মোহাম্মদ আলী মেম্বার কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটিকে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ডিপজল পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে উল্টে পড়েছে। এ ঘটনায় অন্তত ৮ থেকে ১০ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে