
রাজধানীর যাত্রাবাড়ীতে মাস দুয়েক আগে পুলিশের তল্লাশিচৌকিতে দায়িত্বরত এক কনস্টেবলকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এ ঘটনার তদন্তে নেমে বিদেশি একটি জঙ্গি সংগঠনের সংশ্লিষ্টতা থাকার সন্দেহ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এটি বিচ্ছিন্ন কোনো হামলা ছিল না; বরং বড় কোনো নাশকতা পরিকল্পনার প্রস্তুতি হতে পারে।
এর মধ্যে জাতীয় সংসদ ভবনসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিষিদ্ধঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে পুলিশ সদর দপ্তর থেকে বাহিনীর ইউনিটপ্রধানদের কাছে একটি সতর্কবার্তা পাঠানো হয়। এরপর নিরাপত্তা জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে। এতে একজনকে গ্রেপ্তারের তথ্য দিয়ে বলা হয়েছে, তার সঙ্গে চাকরিচ্যুত দুই সেনাসদস্যের নিয়মিত যোগাযোগ ছিল।
পুলিশের একাধিক সূত্র জানায়, যাত্রাবাড়ীতে পুলিশ সদস্যকে ছুরি মেরে পালিয়ে যাওয়া সন্দেহভাজন ব্যক্তিরা সংগঠিতভাবে চলাফেরা করত। তাঁদের ফেলে যাওয়া একটি ব্যাগ থেকে পাঁচটি হাতবোমা উদ্ধার করা হয়। এতে ধারণা করা হচ্ছে, তারা কোথাও হামলা চালিয়ে আতঙ্ক সৃষ্টি করতে চেয়েছিল এবং পুলিশের ওপর হামলা সে পরিকল্পনারই অংশ।
পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানায়, দেশে উগ্রপন্থী তৎপরতার কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) বা তাদের আদর্শে প্রভাবিত কোনো গোষ্ঠী এসব ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। বিষয়টি পুলিশের বিভিন্ন ইউনিটকে জানিয়ে সতর্ক করা হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, চলতি বছরের ২১ ফেব্রুয়ারি দুপুরে কুতুবখালী পকেট গেটসংলগ্ন চেকপোস্টে দায়িত্বরত ছিলেন কনস্টেবল শাহ আলম। এ সময় সন্দেহভাজন চারজনের একটি দলকে তল্লাশি করতে গেলে তাঁদের একজন হঠাৎ ছুরি দিয়ে তাঁর কপালে আঘাত করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে ফেলে যাওয়া একটি ব্যাগ থেকে পাঁচটি হাতবোমা উদ্ধার করা হয়, যা পরে নিষ্ক্রিয় করা হয়।
ঘটনার দুই মাস পর গত বুধবার যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু বলেন, সন্দেহভাজনদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহনেওয়াজ আজকের পত্রিকাকে বলেন, পুলিশকে লক্ষ্য করে হামলা এবং বোমা উদ্ধারের ঘটনায় একটি জঙ্গি সংগঠনের সংশ্লিষ্টতা রয়েছে বলে তাঁদের প্রাথমিক ধারণা।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এ হামলার সঙ্গে বৃহত্তর কোনো নেটওয়ার্ক জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেপ্তারে বিভিন্ন গোয়েন্দা সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।
পুলিশ সদর দপ্তরের একটি দায়িত্বশীল সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে দেশের বাইরে অবস্থান করে কিছু উগ্রপন্থী সংগঠন বাংলাদেশে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছে। বিশেষ করে পয়লা বৈশাখকে কেন্দ্র করে এমন তৎপরতার আশঙ্কা ছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানের কারণে তারা বড় ধরনের হামলার সুযোগ পায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, টিটিপির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ইতিমধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, এর আগে গত বছর মাদারীপুরের তরুণ ফয়সাল মোড়ল বিদেশে যাওয়ার কথা বলে পাকিস্তানে গিয়ে টিটিপিতে যোগ দেন। পরে খাইবার পাখতুনখাওয়ায় দেশটির সেনাবাহিনীর অভিযানে নিহত হন।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে সম্প্রতি পুলিশ সদর দপ্তরে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। সেখানে পুলিশপ্রধান সন্ত্রাস দমনে নিয়োজিত ইউনিটগুলোকে আরও সক্রিয় করার নির্দেশ দেন। বিশেষ করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটকে আগের মতো কার্যকরভাবে পরিচালনার ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি এন্টি টেররিজম ইউনিটকে উগ্রপন্থীদের ওপর নজরদারি বাড়ানোর নির্দেশ দেন পুলিশপ্রধান।
সংসদসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা
পুলিশ সদর দপ্তরের বৈঠকের পর গত বৃহস্পতিবার বাহিনীর ইউনিট প্রধানদের কাছে বৃহস্পতিবার একটি সতর্কবার্তা পাঠানো হয়। এতে গুরুত্বপূর্ণ স্থাপনায় নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের হামলার আশঙ্কা করে পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে।
ওই বার্তায় সংগঠনের নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ না থাকলেও সম্প্রতি ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদ নামের এক সদস্যকে গ্রেপ্তারের তথ্য দেওয়া হয়। তবে কোন ইউনিট তাঁকে গ্রেপ্তার করেছে, তা স্পষ্ট করা হয়নি।
বার্তায় বলা হয়, গ্রেপ্তার ইসতিয়াকের সঙ্গে চাকরিচ্যুত দুই সেনাসদস্যের নিয়মিত যোগাযোগ ছিল। তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা বিস্ফোরণ, দেশীয় ধারালো অস্ত্র কিংবা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সম্ভাব্য লক্ষ্য হিসেবে জাতীয় সংসদ ভবন, বাংলাদেশ পুলিশ ও সেনাবাহিনীর স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র এবং শাহবাগ চত্বরের কথা উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে সিটিটিসি ইউনিটের যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীন বলেন, সতর্কবার্তার বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং সাইবার ইন্টেলিজেন্সসহ সংশ্লিষ্ট টিমগুলো কাজ করছে। তবে নির্দিষ্ট কোনো সংগঠনকে এখনো চূড়ান্তভাবে শনাক্ত করা যায়নি।
তবে ওই কর্মকর্তা বলেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি নিয়ে কাজ করছে এবং সম্ভাব্য যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মোট ১০ শিশু মারা গেল। আজ রোববার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) জগন্নাথপুর থেকে আসা দেড় বছর বয়সী শিশু ওয়াজিহার মৃত্যু হয়।
৯ মিনিট আগে
বকেয়া পাওনা পরিশোধ, লে-অফ ঘোষণা বাতিল এবং বন্ধ সরকারি জুট মিল পুনরায় চালুর দাবিতে খুলনায় অবস্থান ধর্মঘট পালন করছেন দৌলতপুর জুট মিলের শ্রমিকেরা। আজ রোববার দুপুরে নগরীর খালিশপুর এলাকায় দৌলতপুর জুট মিলের প্রধান ফটকের সামনে তাঁরা এই কর্মসূচি পালন করেন।
১১ মিনিট আগে
পুলিশ জানায়, সোহেল তাঁর দুই সন্তানকে নিয়ে টঙ্গীর বনমালা এলাকায় নিজ বাসায় বাস করছিলেন। রোববার সকালে সোহেলের মরদেহ রেললাইনে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সাকিবের রক্তাক্ত মরদেহ বাসার মেঝে থেকে ও তার বাবা সোহেলের মরদেহ পার্শ্ববর্তী একটি রেললাইন থেকে উদ্ধার করে।
১৪ মিনিট আগে
নওগাঁর বদলগাছীতে শ্মশানঘাট থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার কোলা ইউনিয়নের শ্মশানঘাটে স্থানীয় লোকজন গাছে ঝুলন্ত অবস্থায় ওই যুবককে দেখতে পান। পরে তাঁরা পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে বদলগাছী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
১৭ মিনিট আগে