Ajker Patrika

ইসলামী ব্যাংকের বুথ থেকে টাকা চুরি, ১৫ লাখ টাকাসহ নিরাপত্তাকর্মী গ্রেপ্তার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 
ইসলামী ব্যাংকের বুথ থেকে টাকা চুরি, ১৫ লাখ টাকাসহ নিরাপত্তাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তজার্তিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসির) ভেতরে থাকা ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত নিরাপত্তাকর্মী আইয়ুব আলীকে (৫৬) গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় রংপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে চুরি হওয়া টাকার মধ্যে ১৪ লাখ ৮৪ হাজার ৮২৮ টাকা উদ্ধার করা হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সীতাকুণ্ড থানায় একটি মামলা করে। মামলার পরবর্তী সময়ে প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রংপুরে আত্মগোপনে থাকা বুথের নিরাপত্তাকর্মী আইয়ুব আলীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় আইয়ুব আলী রংপুরে এক নারীর সঙ্গে অবস্থান করছিলেন বলেও জানিয়েছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২৪ জুন দুপুরে ব্যাংকের কর্মকর্তারা খাবারের বিরতিতে যাওয়ার সময় বুথটি তালাবদ্ধ করে যান। পরে ফিরে এসে ক্যাশ গণনার সময় এক হাজার টাকার ১৭টি বান্ডেলের গরমিল দেখতে পান। পরে টাকা উধাও এর বিষয়টি দেখতে সিসিটিভি ক্যামেরা দেখেন। ফুটেজে বুথের নিরাপত্তাকর্মী আইয়ুব আলীকে নকল চাবি ব্যবহার করে বুথে প্রবেশ করতে দেখেন। এরপর ক্যাশ ড্রয়ার থেকে টাকাগুলো একটি ব্যাগে ভরে দ্রুত সেখান থেকে বেরিয়ে যান আইয়ুব।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, চুরি হওয়া ১৭ লাখ টাকার মধ্যে ১৪ লাখ ৮৪ হাজার ৮২৮ টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইয়ুব আলী জানিয়েছেন, অবশিষ্ট টাকার কিছু অংশ তিনি কেনাকাটায় ব্যয় করেছেন। কিছু অর্থ ওই নারীকে দিয়েছেন। তাঁকে আজ রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত