চাঁদপুর শহরে পূবালী ব্যাংকের নতুন বাজার শাখার ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী বিভিন্ন জনের কাছ থেকে প্রায় ৫ কোটি টাকা নিয়ে গা–ঢাকা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অতিরিক্ত মুনাফার লোভে ব্যক্তিগতভাবে এসব টাকার লেনদেন হয়েছিল বলে জানা গেছে।
এ ঘটনায় ব্যাংকের বর্তমান দায়িত্বরত ব্যবস্থাপক চাঁদপুর সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আজ সোমবার পর্যন্ত ৪ কোটি ৯৯ লাখ ৮৪ হাজার ৫৩৬ টাকা ওই ম্যানেজার নিয়ে গেছেন বলে তিনজন অভিযোগ করেছে।
আজ দুপুরে ব্যাংকের ওই শাখায় গিয়ে বর্তমান দায়িত্বরত ব্যবস্থাপক মো. হুমায়ুন কবির, মডেল থানার তদন্তকারী কর্মকর্তা (পুলিশ পরিদর্শক) নজরুল ইসলাম ও অভিযোগকারীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
লাপাত্তা ব্যাংক ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী (৪০) জেলার কচুয়া উপজেলার ঘাগড়া গ্রামের বাসিন্দা। তবে তিনি সপরিবারে কুমিল্লায় থাকতেন এবং সেখান থেকে চাঁদপুরে এসে দায়িত্ব পালন করতেন।
ব্যাংকের নিয়মিত গ্রাহক স্থানীয় ব্যবসায়ী আকবর হোসেন লিটন জানান, ব্যাংকের ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী গত ১৪ জানুয়ারি এই শাখায় যোগ দেন। এরপর থেকে তাঁর সঙ্গে পরিচয়।
লিটন বলেন, ‘ঈদের আগে তিনি আমার কাছে টাকা ধার চান। কয়েক দিনের মধ্যে দিয়ে দেবেন বলেছিলেন। আমি সরল বিশ্বাসে তাঁকে ১ কোটি ৭৬ লাখ টাকা দিই। কিন্তু তিনি এখন ব্যাংক থেকেই চলে গেছেন। কীভাবে কী করল বুঝে উঠতে পারিনি! এই ঘটনায় আমি গত ১৩ এপ্রিল চাঁদপুর সদর মডেল থানায় একটি জিডি করেছি।’
আরেক ভুক্তভোগী কচুয়া উপজেলার আশ্রাফুর এলাকার দলিল লেখক মো. মারুফ। অধিক মুনাফা দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে শ্রীকান্ত নন্দী নেন ৭৫ লাখ টাকা। মারুফের আত্মীয় একই ব্যাংকের গ্রাহক নাছির উদ্দিন খান বলেন, ‘তিনি অধিক মুনাফা দেবেন বলে আমার আত্মীয় মারুফের কাছ থেকে ৭৫ লাখ টাকা নেন। টাকা না দেওয়াতে ঈদের আগে তাঁর সঙ্গে দুইবার বৈঠকে বসা হয়েছে। ঈদের পরে টাকা ফেরত দেবে বলেছিলেন। এখন তিনি নিখোঁজ।’
ওকে এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী কাউছার হোসেনের পক্ষে জাহিদ হাসান নিরু বলেন, তাঁদের প্রতিষ্ঠানের সঙ্গে শ্রীকান্ত নন্দীর দীর্ঘ দিনের সম্পর্ক। শ্রীকান্ত নন্দী এর আগে কুমিল্লার দাউদকান্দি ও হাজীগঞ্জ পূবালী ব্যাংক শাখা ব্যবস্থাপক ছিলেন। যে কারণে তাঁদের ব্যবসা প্রতিষ্ঠানের বড় ধরনের লেনদেন হওয়ায় তাঁর সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্রেই ঈদের আগে তাঁদের প্রতিষ্ঠানের কাজে ২ কোটি ৮৪ লাখ ৪৮ হাজার ৫৬২ টাকার একটি চেক দিয়ে টাকা উত্তোলন করে তাঁদের অ্যাকাউন্টে জমা দিতে বলেন। কিন্তু শাখা ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী ওই টাকা উত্তোলন করে নিজে নিয়ে নেন।
জাহিদ হাসান নিরু আরও বলেন, গত ৪ এপ্রিলের পরে টাকা জমার বিষয়ে কথা বলতে একাধিকবার কল দিলে শ্রীকান্তের মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। এরপর ৯ এপ্রিল ব্যাংকে এসে জানতে পারেন তিনি নিখোঁজ। ১৫ এপ্রিল তাঁর বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ দেন তাঁরা।
ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান বলেন, পূবালী ব্যাংক নতুন বাজার শাখার ব্যবস্থাপক গ্রাহকদের টাকা নিয়ে নিখোঁজ রয়েছেন। ভুক্তভোগীদের মধ্যে তাঁর নিকটাত্মীয় আকবর হোসেন লিটনও রয়েছেন। তাঁর ১ কোটি ৭৬ লাখ টাকা নিয়ে গেছেন শ্রীকান্ত।
এদিকে শ্রীকান্ত নন্দী গত ৪ এপ্রিল বেলা ৩টার পরে ব্যাংক থেকে নিখোঁজ রয়েছেন মর্মে চাঁদপুর সদর মডেল থানায় জিডি করেছেন বর্তমান দায়িত্বরত ব্যবস্থাপক মো. হুমায়ুন কবির। তিনি ওই জিডিতে উল্লেখ করেছেন, শ্রীকান্ত নন্দীর ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার কল করেও তাঁকে পাওয়া যায়নি।
দায়িত্বরত শাখা ব্যবস্থাপক হুমায়ুন কবির বলেন, ‘ঈদের আগে শেষ কর্মদিবসে আমাকে এই শাখার দায়িত্ব দেওয়া হয়েছে। আজকেই এই শাখায় যোগ দিয়েছি। শ্রীকান্ত নন্দীর নম্বরটি বন্ধ পাওয়া যায়। তাঁকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং থানায় জিডি করা হয়েছে। ঘটনটি তদন্ত চলছে। আমাদের অভ্যন্তরীণ গ্রাহকদের লেনদেনে কোনো সমস্যা নেই।’
চাঁদপুর নতুন বাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ (পুলিশ পরিদর্শক) নজরুল ইসলাম বলেন, ‘গত ৯ এপ্রিল পূবালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. হুমায়ুন কবির ব্যাংকের শাখা ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী নিখোঁজ রয়েছেন মর্মে থানায় সাধারণ ডায়েরি করেছেন। সে জিডির আলোকে আমাকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা তদন্ত করে দেখছি। লেনদেনের বিষয়ে কোনো অভিযোগ থাকলে আমরা আইনগত ব্যবস্থা নেব।’

গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
২১ দিন আগে
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
২১ দিন আগে
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
০৩ সেপ্টেম্বর ২০২৬
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
১৬ আগস্ট ২০২৬