
বরিশালের মেহেন্দীগঞ্জে জাটকা ইলিশ রক্ষা অভিযানে যাওয়ার পথে মৎস্য অধিদপ্তরের তিন কর্মচারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা একটি মোটরসাইকেল ভাঙচুর করে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মেহেন্দীগঞ্জ পৌরসভার চুনারচর গ্রামের বালুমহাল এলাকার নির্মাণাধীন স্টেডিয়ামের কাছে এ ঘটনা ঘটে।
হামলায় মেহেন্দীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের মাঠ সহকারী আব্দুল্লাহ আল সিয়াম, মো. নাজিম উদ্দিন ও মো. শামীম আহত হয়েছেন। উপজেলা মৎস্য কর্মকর্তা ওমর সানী এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় মৎস্য কর্মকর্তা ওমর সানী বাদী হয়ে শুক্রবার সকালে চুনারচর গ্রামের মোহাম্মদ হোসেন গাজীসহ ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১১ জনের বিরুদ্ধে মেহেন্দীগঞ্জ থানায় মামলা করেছেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা ওমর সানী জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা কার্যালয়ের একটি দল মেঘনা ও কালাবদর নদীর মৎস্য অভয়াশ্রমে জাটকা ইলিশ রক্ষায় অভিযানের প্রস্তুতি নেয়। এ লক্ষ্যে একটি আভিযানিক দল মেহেন্দীগঞ্জ লঞ্চঘাট এলাকায় অবস্থান করছিল। ওই দলে যোগ দিতে মাঠ সহকারী আব্দুল্লাহ আল সিয়াম, মো. নাজিম উদ্দিন ও মো. শামীম মোটরসাইকেলে করে লঞ্চঘাটের দিকে রওনা দেন।
পথে বালুমহাল এলাকার নির্মাণাধীন স্টেডিয়ামের কাছে পৌঁছালে মোহাম্মদ হোসেন গাজী ও আলমগীর সরদারের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জনের একটি দল তাঁদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে দুর্বৃত্তরা মোটরসাইকেল থামিয়ে তিন কর্মচারীকে মারধর করে গুরুতর জখম করে। এ সময় মৎস্য অধিদপ্তরের ব্যবহৃত মোটরসাইকেলটিও ভাঙচুর করা হয়।
খবর পেয়ে মৎস্য দপ্তরের আভিযানিক দলের অন্য সদস্যরা স্থানীয়দের সহায়তায় আহত তিনজনকে উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মামলার এজাহারে মোহাম্মদ হোসেন গাজী (৫০), আলমগীর সরদার (৫২), জহির মাতুব্বর (৩৫), মোস্তফা আকন (৩২), কবির আকন (৩৫), সবুজ ব্যাপারী (৪০), শহিদ ব্যাপারী (৩০), সাইফুল মুন্সী (৩৫), মান্নান ফকির (৩০), রবিউল মুন্সী (২৬), জামাল চৌকিদার (৩৫), সুমন সরদার (৩৫) ও মামুন সরদারের (৪০) নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১১ জনকে আসামি করা হয়েছে।
মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিন উদ্দিন বলেন, হামলার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় ২৪ জনকে আসামি করে মামলা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মৌলভীবাজারে কয়েক দিন ধরে বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে বোরো ধান কাটা ও মাড়াই ব্যাহত হচ্ছে। টানা বৃষ্টি হলে জলাবদ্ধতা ও আগাম বন্যা হওয়ার আশঙ্কাও রয়েছে জেলার নিম্নাঞ্চলে। এতে কৃষকেরা পাকা বোরো ধান কেটে নির্বিঘ্নে ঘরে তুলতে পারবেন কি না, তা নিয়ে সন্দিহান। বোরো ধানচাষিরা জানান, বৈশাখের শুরু থেকেই জেলার
১৮ মিনিট আগে
এলাকার মানুষের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে রাঙামাটিতে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের নবনির্মিত ৬ তলা ভবন উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান হাসপাতালের উদ্বোধন করেন। মন্ত্রী বলেন, ‘আজ ভবনের উদ্বোধন হলো। ধাপে ধাপে সব হবে।
২১ মিনিট আগে
মিছিলে-স্লোগানে মুখরিত হয়ে উঠেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভাস্থল যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। আজ সোমবার সকাল থেকে মিছিল নিয়ে জনসভাস্থলে যেতে শুরু করেছেন দলীয় নেতা-কর্মীরা।
১ ঘণ্টা আগে
দেশের পর্যটন খাত, বিশেষ করে কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্রসৈকতের উন্নয়নে মালদ্বীপের অভিজ্ঞতা ও সহযোগিতা গ্রহণে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে পর্যটন খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
১ ঘণ্টা আগে