সাতক্ষীরার কালীগঞ্জে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা গতকাল রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা গেছে, উপজেলার কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীনের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। সাফিয়া খুলনা বিভাগে জাতীয় পার্টির একমাত্র ইউপি চেয়ারম্যান। তিনি তাঁর সহযোগী পূর্ব কালিকাপুর গ্রামের রেজাউল করিমের মাধ্যমে এ টাকা নিয়েছেন বলে অভিযোগে বলা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে ভুক্তভোগী কালিকাপুর গ্রামের বৃদ্ধ সাইদুল ইসলাম, আইয়ুব আলী, ইকবাল হোসেন, খাদিজা খাতুন, ইমান আলী, ফরিদা খাতুন, মনোয়ারা বেগম, যেবুন্নেসা খাতুন, রহিমা বেগম ও হামিদা খাতুন সাংবাদিকদের জানান, ২০২১ সালের ২৮ নভেম্বর ইউপি নির্বাচনের আগে সাফিয়া পারভীন নির্বাচনে জিততে পারলে তাঁদের বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও ভিজিডি কার্ড করে দেওয়ার কথা বলে রেজাউলের মাধ্যমে তিন-চার হাজার করে টাকা নিয়েছেন।
উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পূর্ব কালিকাপুর গ্রামের শাহ আলমের ছেলে সাইদুল ইসলাম বলেন, ‘রেজাউল করিমের মাধ্যমে সাফিয়া পারভীন আমার কাছ থেকে তিন হাজার টাকা নেন। চাচার বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার জন্য আমার কাছ থেকে এ টাকা নেন তিনি। বছরখানেক আগে এ টাকা নেওয়া হলেও এখনো আমার চাচা কার্ড পাননি।’
একই গ্রামের খাদিজা খাতুন ও মনোয়ারা খাতুন বলেন, ‘বিধবা ভাতা দেওয়ার নাম করে তাঁদের কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়েছেন রেজাউল করিম। ৯ মাস আগে টাকা নিলেও এখনো আমরা কার্ড পাইনি। সম্প্রতি আমরা কার্ড-বঞ্চিতরা মিলে ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীনের কাছে গেলে তিনি আমাদের তাড়িয়ে দেন।’
ওই গ্রামের ইকবাল হোসেন বলেন, ‘শুধু আমাদের গ্রাম থেকেই লক্ষাধিক টাকা নিয়েছেন সাফিয়া পারভীন। অন্যান্য গ্রামেও একই অবস্থা বলে শুনেছি। সম্প্রতি আমরা চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম। তিনি আমাদের কোনো কথা শুনতে রাজি না। নানা প্রকার ভয়ভীতি ও হুমকি দিয়ে আমাদের বিদায় করে দিয়েছেন। ঘটনার বিচার পেতে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি।’
এ বিষয়ে জানতে টাকা আদায়কারী বলে অভিযোগ করা রেজাউল করিমের সঙ্গে কথা বলার জন্য ফোন দেওয়া হলে তাঁর নম্বরটি বন্ধ পাওয়া যায়।
তবে ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন দাবি করেন, ‘আমি কার্ড করে দেওয়ার জন্য কারও কাছ থেকে টাকা নিইনি। অভিযোগকারীরা আমার কাছে এসেছিলেন টাকা ফেরত নিতে। কিন্তু আমি বলে দিয়েছি, যেহেতু আমি কারও মাধ্যমে টাকা নিইনি, তাই ফেরত দেওয়ার প্রশ্নই ওঠে না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা বলেন, ‘আমি মিটিংয়ে ছিলাম। এ ধরনের কোনো অভিযোগ এসেছে কি না জানি না। খবর নিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী বলেন, ‘অভিযোগের অনুলিপি আমিও পেয়েছি। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।’

ধর্ষণ, হত্যা, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মাদক, অস্ত্র, সাইবার অপরাধসহ ২৩ ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে দেশের কিশোর গ্যাং সদস্যরা। একসময় মহানগর ও নগরকেন্দ্রিক থাকলেও বর্তমানে উপজেলা পর্যায়ে ছড়িয়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা।
১৩ দিন আগে
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
০৮ সেপ্টেম্বর ২০২৬
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
০৭ সেপ্টেম্বর ২০২৬
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
০৩ সেপ্টেম্বর ২০২৬