এক ডলারে ইরানের ৩০ লাখ রিয়াল, ক্রয়ক্ষমতা নাগালের বাইরে

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ, মার্কিন নিষেধাজ্ঞা এবং দীর্ঘদিনের অর্থনৈতিক অব্যবস্থাপনায় বিপর্যস্ত ইরানের মুদ্রা রিয়ালের দর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। দেশটির খোলাবাজারে প্রতি মার্কিন ডলারের বিনিময়মূল্য ৩০ লাখ রিয়াল ছাড়িয়ে গেছে। এতে দেশটির প্রায় ৯ কোটি মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এক বছর আগে তেহরানের খোলাবাজারে প্রতি ডলারের বিনিময়মূল্য ছিল প্রায় ১১ লাখ ৫০ হাজার রিয়াল। গত সপ্তাহেও তা ছিল ২৬ লাখ রিয়ালের কাছাকাছি। অথচ ২০১৭ সালে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে করা ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে একতরফাভাবে প্রত্যাহার করে নেওয়ার আগে প্রতি ডলারের দাম ছিল ৪০ হাজার রিয়ালের কম।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক হামলায় ইরানের কয়েকজন শীর্ষ নেতা নিহত এবং দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। এর পাশাপাশি ইরানের অর্থনৈতিক আয়ের উৎস সংকুচিত করতে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামে অভিযান শুরু করে। দেশটির ইতিহাসে কঠোরতম নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি তেল রপ্তানি বন্ধ করতে দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলোতে নৌ অবরোধও আরোপ করেছে ওয়াশিংটন।
ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের কারণে মুদ্রাবাজারে অস্থিরতা তৈরি হয়েছে। বাজার স্থিতিশীল রাখার সর্বোচ্চ চেষ্টা করছে কেন্দ্রীয় ব্যাংক।
তবে তেহরানভিত্তিক অর্থনীতিবিদ আশকান বাহরামির মতে, যুদ্ধ ও নিষেধাজ্ঞার পাশাপাশি ইরানের অর্থনীতিতে দীর্ঘদিনের কাঠামোগত সমস্যাও রয়েছে। বাজেট ঘাটতি পূরণে অতিরিক্ত মুদ্রা ছাপানোর কারণে মূল্যস্ফীতি বাড়ছে। তাঁর আশঙ্কা, পরিস্থিতি অব্যাহত থাকলে ২০২৭ সালের মার্চের শেষ নাগাদ প্রতি ডলারের দাম ৪০ লাখ রিয়ালেও পৌঁছাতে পারে।
ইরানের পরিসংখ্যান কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত অক্টোবরে বছরওয়ারি মূল্যস্ফীতি ছিল ৮৮ দশমিক ৭ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ছাড়িয়েছে ১১৩ শতাংশ। দুর্নীতি, অব্যবস্থাপনা ও বৈদেশিক মুদ্রা আয়ের সীমিত সুযোগ পরিস্থিতিকে আরও জটিল করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানিয়েছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির জন্য ৩২ বিলিয়ন ডলার সংস্থান করা হয়েছে। তবে অর্থনীতিবিদদের মতে, এতে সাময়িক স্বস্তি মিললেও মৌলিক সংস্কার ছাড়া সংকট কাটবে না। খাদ্যপণ্যের সরবরাহ একেবারে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা না থাকলেও মূল্যবৃদ্ধি ও অর্থনৈতিক স্থবিরতা অব্যাহত থাকতে পারে।
রিয়ালের দরপতনে তেহরানের ব্যবসায়ীরাও বিপাকে পড়েছেন। গ্র্যান্ড বাজারের এক বস্ত্র ব্যবসায়ী জানান, ডলারের দর ঘন ঘন ওঠানামা করায় ক্রেতাদের ফোন ও পণ্যের অর্ডার কমে গেছে। অন্যদিকে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমছে প্রতিনিয়ত। বাড়ি, গাড়ি, ইলেকট্রনিক পণ্যসহ অনেক প্রয়োজনীয় সামগ্রীই তাঁদের নাগালের বাইরে চলে যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্ষোভ প্রকাশ করছেন ইরানিরা। এক ব্যবহারকারী লিখেছেন, ১৫ বছর আগে ডলারের দাম ৩০ হাজার রিয়ালে পৌঁছালে তা কমার আশায় ছিলেন তাঁরা। এখন সেই দাম শতগুণের বেশি। তাঁর আক্ষেপ, জীবনের কতটা সময় এভাবে নষ্ট হয়ে গেল।









