Ajker Patrika

মিথ্যা, গুপ্তচরবৃত্তি আর যৌনতার বাইরে এনভিডিয়ার গল্পটি অনেক বড়

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ২২: ৫০
মিথ্যা, গুপ্তচরবৃত্তি আর যৌনতার বাইরে এনভিডিয়ার গল্পটি অনেক বড়
সম্ভাব্য চীনা গুপ্তচর অ্যালিস হুয়াংয়ের সঙ্গে এনভিডিয়ার সাবেক সিইও জেনসেন হুয়াং। ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান এনভিডিয়াকে ঘিরে যুক্তরাষ্ট্রে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সদ্য সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে সম্পর্ক, চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্ভাব্য যোগাযোগ এবং পরিচালনা পর্ষদ ও বিনিয়োগকারীদের কাছে তথ্য গোপনের অভিযোগ উঠেছে। তবে এসব ব্যক্তিগত বিতর্কের আড়ালে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা, চীনে উন্নত প্রযুক্তির রপ্তানি এবং এআই খাতে বিপুল বিনিয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে।

সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, হুয়াংয়ের একাধিক নারীর সঙ্গে সম্পর্ক ছিল। তাঁদের একজন এনভিডিয়ার অধীনস্থ কর্মী এবং অন্যজন যুক্তরাষ্ট্রভিত্তিক কর্মকর্তাদের সন্দেহের তালিকায় থাকা এক নারী। ওই নারীর সঙ্গে চীনা গোয়েন্দা সংস্থার সম্ভাব্য যোগাযোগ রয়েছে বলে আশঙ্কা করা হয়েছিল। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

চীনে চিপ বিক্রিতে এনভিডিয়ার আগ্রহ

দীর্ঘদিন ধরেই চীনের বাজারে এনভিডিয়ার চিপ বিক্রির পক্ষে অবস্থান নিয়ে আসছিলেন হুয়াং। ২০২৫ সালে মিলকেন ইনস্টিটিউটের এক সম্মেলনে তিনি বলেছিলেন, চীনে এআই চিপের বাজার একসময় ৫০ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

তবে চীনের সামরিক ও কৃত্রিম বুদ্ধিমত্তা সক্ষমতা বাড়ানোর আশঙ্কায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন দেশটিতে উন্নত চিপ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করে। পরে মার্কিন নিয়ম মেনে চীনের জন্য তুলনামূলক কম শক্তিশালী চিপ তৈরি করলেও ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সেটি বিক্রিতেও বাধা দেয়। এতে এনভিডিয়ার সম্ভাব্য ৫৫০ কোটি ডলারের ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা তৈরি হয়।

চীনে চিপ পাচারের অভিযোগে তদন্ত

এনভিডিয়ার গ্রাহক সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিড এখন মার্কিন তদন্তের মুখে। প্রতিষ্ঠানটির নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্কের অভিযোগও সামনে এসেছে। মেগাস্পিডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণ অমান্য করে উন্নত সেমিকন্ডাক্টর চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে সরিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। বিশ্লেষকদের ধারণা, প্রতিষ্ঠানটি এনভিডিয়ার কাছ থেকে ৪০০ কোটি ডলারের বেশি মূল্যের চিপ কিনেছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা প্রতিষ্ঠানটিকে বাণিজ্য বিভাগের নিষিদ্ধ প্রতিষ্ঠানের তালিকায় অন্তর্ভুক্ত করার পক্ষে ছিলেন। কিন্তু বাণিজ্য বিভাগ এ বিষয়ে বিলম্ব করায় ট্রাম্প প্রশাসনের ভেতরেই বিরোধ দেখা দিয়েছে। অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এ নিয়ে বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সমালোচনা করেছেন। লুটনিক অবশ্য এখনো প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থন পাচ্ছেন। শুক্রবার তিনি স্বেচ্ছায় সিনেট ব্যাংকিং কমিটির সামনে সাক্ষ্য দিতে সম্মত হয়েছেন।

সুপার মাইক্রোও তদন্তের আওতায়

এ ঘটনায় আলোচনায় এসেছে ক্যালিফোর্নিয়াভিত্তিক সুপার মাইক্রো কম্পিউটারও। গত মার্চে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতার বিরুদ্ধে এনভিডিয়ার চিপযুক্ত ২৫০ কোটি ডলারের সার্ভার চীনে পাচারের অভিযোগ আনা হয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্তে তারা পূর্ণ সহযোগিতা করছে।

এআই বিনিয়োগ নিয়েও বাড়ছে প্রশ্ন

এনভিডিয়ার ব্যবসায়িক মডেল নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। এআই অবকাঠামো নির্মাণে ৫০০ বিলিয়ন ডলারের বেশি ঋণ দেওয়ার উদ্যোগে অ্যাপোলো, ব্ল্যাকরক, গোল্ডম্যান স্যাকসসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছে এনভিডিয়া। পাশাপাশি ওপেনএআইয়ের বিশাল ডেটা সেন্টার প্রকল্পে এ বছর ১০৫ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি।

এনভিডিয়ার বিনিয়োগ ও অর্থায়নের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান আবার এনভিডিয়ার পণ্য কিনছে—এ ধরনের পারস্পরিক অর্থায়ন নিয়েও উদ্বেগ রয়েছে।

এদিকে, হুয়াংয়ের বিরুদ্ধে বিনিয়োগকারীদের কাছে তথ্য গোপনের অভিযোগে সোমবার (১৬ নভেম্বর) একটি শেয়ারহোল্ডার মামলা হয়েছে। সিনেট ব্যাংকিং কমিটির চেয়ারম্যান জানিয়েছেন, প্রয়োজনে কংগ্রেস তাঁকে সাক্ষ্য দিতে বাধ্য করতে সমন জারি করতে পারে। ফলে ব্যক্তিগত বিতর্ক ছাড়িয়ে এনভিডিয়ার ব্যবসা, যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নিরাপত্তা এবং বৈশ্বিক এআই অর্থনীতির ভবিষ্যৎ এখন নতুন করে আলোচনায় এসেছে।

সিএনএন অবলম্বনে

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত