এনভিডিয়ার জেনসেনের কেলেঙ্কারি যেভাবে সিঙ্গাপুরের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াল

এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের কেলেঙ্কারি এবং সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিড-এর কর্ণধার ও চীনা বংশোদ্ভূত নারী অ্যালিস হুয়াংয়ের বিতর্কিত ভূমিকা এখন আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে। বিষয়টি বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর ও এআই চিপের অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত সিঙ্গাপুরের নিরপেক্ষতা ও ব্যবসাবান্ধব ভাবমূর্তিকে বড় ধরনের সংকটে ফেলে দিয়েছে।
এনভিডিয়ার চিপের অবৈধ পাচার ও চীনা গোয়েন্দা সংযোগের এই আন্তর্জাতিক কেলেঙ্কারি কীভাবে সিঙ্গাপুরের মতো একটি সুশৃঙ্খল, ব্যবসাবান্ধব দেশের জন্য ভূ-রাজনৈতিক মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াল, তা উঠে এসেছে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে। চলুন জেনে নেই—কীভাবে বিষয়টি সিঙ্গাপুরের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াল।
কয়েক দশক ধরে সিঙ্গাপুর যুক্তরাষ্ট্র ও চীন—উভয় দেশের বাজারের জন্যই একটি উন্মুক্ত, নিরপেক্ষ এবং ব্যবসাবান্ধব অর্থনীতি গড়ে তুলেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) জোয়ারের পর দেশটি উন্নত সেমিকন্ডাক্টর চিপ বাণিজ্যের বৈশ্বিক কেন্দ্রে পরিণত হয়।
গত বছর এনভিডিয়ার বৈশ্বিক আয়ের প্রায় এক-পঞ্চমাংশ (২০ শতাংশ) এসেছিল সিঙ্গাপুরের বিলিং সেন্টারগুলো থেকে। তবে অবিশ্বাস্য হলেও সত্য, এনভিডিয়ার এই বিশাল চিপের ১ শতাংশেরও কম প্রকৃতপক্ষে সিঙ্গাপুরে প্রবেশ করেছে। পুরোটাই গেছে চীনে। দেশটি মূলত নিজ দেশের বাইরে নিরপেক্ষ ঠিকানায় বসে চিপ ক্রয়ের আন্তর্জাতিক অর্ডার হাব হিসেবে সিঙ্গাপুরকে ব্যবহার করেছে।
অবশ্য ২০২২ সালে যুক্তরাষ্ট্র যখন চীনে মার্কিন চিপ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে, তখন থেকেই ওয়াশিংটনের সংশয় ছিল—চীনা প্রতিষ্ঠানগুলো সিঙ্গাপুরের নিরপেক্ষ ভাবমূর্তিকে ‘ব্যাকডোর’ বা পেছনের দরজা হিসেবে ব্যবহার করছে।
আর এটা শুরু হয়েছিল মূলত অ্যালিস হুয়াং পরিচালিত সিঙ্গাপুরভিত্তিক ক্লাউড সার্ভিস প্রতিষ্ঠান ‘মেগাস্পিড’–এর মাধ্যমে। যাত্রা শুরুর পর প্রতিষ্ঠানটি দ্রুতই দক্ষিণ-পূর্ব এশিয়ায় এনভিডিয়া চিপের সবচেয়ে বড় ক্রেতায় পরিণত হয়। অভিযোগ উঠেছে, তারা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের ডেটা সেন্টারের মাধ্যমে চীনা টেক-জায়ান্টদের (যেমন অ্যালিবাবা) কাছে গোপনে এই মার্কিন চিপের অ্যাক্সেস সরবরাহ করত।
ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর অ্যাডভান্সড ডিফেন্স স্টাডিজের (সি৪ এডিএস) মতে, এটি ‘সিঙ্গাপুর-ওয়াশিং’-এর একটি উদাহরণ। এর মাধ্যমে চীনা প্রতিষ্ঠানগুলো সিঙ্গাপুরের পরিচ্ছন্ন আন্তর্জাতিক ভাবমূর্তিকে কাজে লাগিয়ে নিজেদের আসল উৎস গোপন করে এবং সন্দেহ এড়ায়।
করপোরেট নথি অনুযায়ী, ২০১৯ সালে অ্যালিস হুয়াং তাঁর একটি গেমিং কোম্পানি চীনা সংস্থা ‘৭ রোড’-এর কাছে বিক্রি করেন। ২০২৩ সালের মার্চে ওই প্রতিষ্ঠানের সিঙ্গাপুর শাখা নাম পরিবর্তন করে ‘মেগাস্পিড’ হয় এবং অ্যালিস এর নির্বাহী পরিচালক হন। পরবর্তীতে মালিকানা হস্তান্তরের নাটক করা হলেও বাস্তবে তিনিই নেপথ্যে থেকে কোম্পানিটি পরিচালনা করতেন।
পরবর্তীতে যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর উভয় দেশই মেগাস্পিডের বিরুদ্ধে তদন্ত শুরু করে। ২০২৪ সালে মার্কিন কর্মকর্তারা মালয়েশিয়ায় মেগাস্পিডের একটি ডেটা সেন্টার পরিদর্শন করে এনভিডিয়ার সিলগালা করা চিপের বক্স দেখতে পান, যা পরবর্তীতে চীনে পাচার করা হয় বলে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়।
সিঙ্গাপুর সরকার জানায়, ফেব্রুয়ারি ২০২৫ থেকে তারা মেগাস্পিড ও আমেরিকান কোম্পানি ‘সুপারমাইক্রো’র লেনদেন খতিয়ে দেখছে। এর পরিপ্রেক্ষিতে সিঙ্গাপুর পুলিশ অ্যালিস হুয়াংকে আটক করে তাঁর পাসপোর্টও জব্দ করে। তবে পর্যাপ্ত প্রমাণের অভাবে চলতি বছরের ফেব্রুয়ারিতে তাঁকে দেশত্যাগের অনুমতি দেওয়া হয়।
সিঙ্গাপুর কর্তৃপক্ষের দাবি, তথ্যের জন্য মার্কিন প্রশাসনের কাছে বারবার সাহায্য চাওয়া হলেও ওয়াশিংটন থেকে পর্যাপ্ত সহযোগিতা পাওয়া যায়নি। ফলে দুই বছর ধরে তদন্ত চললেও মেগাস্পিড বা এর কর্মকর্তাদের বিরুদ্ধে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা সম্ভব হয়নি।
দুই পরাশক্তির মাঝে সিঙ্গাপুরের সংকট
নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক বিষয়ের লেকচারার ডিলান লোহ্ জানান, এত দিন সিঙ্গাপুর যুক্তরাষ্ট্র ও চীন—উভয় দেশের সঙ্গে চমৎকার সম্পর্ক রেখে চললেও এআই চিপ নিয়ে দুই দেশের সাম্প্রতিক যুদ্ধে নিরপেক্ষ থাকা কঠিন হয়ে পড়েছে।
কার্নেগি চায়নার বিশ্লেষক চং জা ইয়ানের মতে, সিঙ্গাপুরের নীতি হলো—কোনো পক্ষ না নেওয়া। কিন্তু কোনো পক্ষ না নেওয়ার কারণে এখন উভয় পক্ষই সিঙ্গাপুরকে প্রতিপক্ষের ‘সহযোগী’ হিসেবে সন্দেহ করছে। ফলে যুক্তরাষ্ট্র ও চীনের এই ক্রমবর্ধমান চিপ-যুদ্ধের বলির পাঠা হয়ে সিঙ্গাপুরের নিরপেক্ষ অবস্থান এখন ইতিহাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে।











