
৩৫ কোম্পানি ছাড়া পুঁজিবাজারে তালিকাভুক্ত সব কোম্পানির শেয়ারের ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন দরসীমা তুলে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই সিদ্ধান্ত নিয়েছে।
আগামী রোববার (২১ জানুয়ারি) থেকে ৩৫টি কোম্পানি ছাড়া কোনো কোম্পানির শেয়ারের ওপর ফ্লোর প্রাইস থাকবে না।
যে কোম্পানিগুলোর ওপর ফ্লোর প্রাইস থাকবে, সেগুলো হচ্ছে—আনোয়ার গ্যালভানাইজিং, বারাকা পাওয়ার, বিএটিবিসি, বেক্সিমকো, বিএসসিসিএল, বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টিল, কনফিডেন্স সিমেন্ট, ডিবিএইচ, ডোরিন পাওয়ার, এনভয় টেক্সটাইল, গ্রামীণফোন, এইচআর টেক্সটাইল, আইডিএলসি, ইনডেক্স অ্যাগ্রো, ইসলামী ব্যাংক, কেডিএস লিমিটেড, কেপিসিএল, কট্টালি টেক্সটাইল, মালেক স্পিনিং, মেঘনা পেট্রোলিয়াম, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, ন্যাশনাল পলিমার, ওরিয়ন ফার্মা, পদ্মা অয়েল, রেনাটা, রবি, সায়হাম কটন, শাশা ডেনিমস, সোনালী পেপার, সোনার বাংলা ইনস্যুরেন্স, শাইনপুকুর সিরামিকস, শাহজীবাজার পাওয়ার, সামিট পাওয়ার ও ইউনাইটেড পাওয়ার।
বিধি অনুসারে, এসব কোম্পানির শেয়ার লেনদেনের ক্ষেত্রে সার্কিট ব্রেকার তথা এক দিনে মূল্য পরিবর্তনের সর্বোচ্চ সীমা কার্যকর হবে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম বলেন, পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে কমিশন ৩৫ প্রতিষ্ঠান বাদে বাকিগুলোর ফ্লোর প্রাইস তুলে দিয়েছে। ফ্লোর প্রাইস তুলে দেওয়া প্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক সার্কিট ব্রেকার কার্যকর হবে। আর ফ্লোর প্রাইসের আওতায় থাকা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, ‘কমিশন আশা করছে, ফ্লোর প্রাইস তুলে নেওয়ার কারণে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে এবং বাজারে গতি ফিরে আসবে।’
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং শ্রীলঙ্কার দেউলিয়া ঘোষণাজনিত আতঙ্কের পরিপ্রেক্ষিতে দেশের পুঁজিবাজারে বড় দর পতনের আশঙ্কার পরিপ্রেক্ষিতে ২০২২ সালের ২৮ জুলাই দ্বিতীয়বারের মতো ফ্লোর প্রাইস আরোপ করে বিএসইসি। তার আগে কোভিড-১৯-এর প্রকোপ শুরু হওয়ার পর একবার ফ্লোর প্রাইস আরোপ করা হয়েছিল।
ফ্লোর প্রাইসের কারণে বাজারে শেয়ার কেনাবেচা একেবারে কমে যায়। দীর্ঘদিন ধরে ফ্লোর প্রাইস বহাল থাকায় বিনিয়োগকারীদের পাশাপাশি ব্রোকার হাউস, মার্চেন্ট ব্যাংক ও অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোও সংকটে পড়ে।
ফ্লোর প্রাইস দিয়ে সূচকের পতন ঠেকানো গেলেও ২০২৩ সালে পুঁজিবাজার থেকে বিশেষ লাভ হয়নি বিনিয়োগকারীদের। নতুন বছরে পুঁজিবাজারে প্রাণ ফেরাতে ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের পরেই ফ্লোর প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিলেন অংশীজনেরা। তবে একটি পক্ষের অবস্থান ছিল এখনই ফ্লোর প্রত্যাহার না করার পক্ষে।
আজ বিকেলেই ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) মতবিনিময় সভায় ফ্লোর প্রাইসের তীব্র সমালোচনা করা হয়। উভয় সংগঠনের নেতৃবৃন্দ বাজারকে স্বাভাবিক গতিতে চলতে দেওয়ার আহ্বান জানান। এরপরই বিকেলে ফ্লোর প্রত্যাহারের ঘোষণা আসে ৷

সরকারি সড়ক উন্নয়নকাজের বিটুমিন সরবরাহে গ্রাহককে হয়রানির অভিযোগ ওঠার পর সরিয়ে দেওয়া হলো যমুনা অয়েল কোম্পানির শীর্ষ কর্মকর্তা মো. মাসুদুল ইসলামকে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জরুরি নির্দেশনায় যমুনা অয়েলের মহাব্যবস্থাপক (এইচআর) ও কোম্পানি সচিব (অতিরিক্ত দায়িত্ব)....
২ ঘণ্টা আগে
আইডিএলসি ফাইন্যান্সের ৪১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫ অর্থবছরের জন্য বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী পরিচালনা পর্ষদ ১৫ শতাংশ নগদ লভ্যাংশ (শেয়ারপ্রতি ১.৫০ টাকা) এবং ৫ শতাংশ স্টক লভ্যাংশ প্রস্তাব করেন, যা এজিএমে অংশগ্রহণকারী শেয়ারহোল্ডাররা অনুমোদন করেছেন।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশে নার্সিং শিক্ষা ও ক্লিনিক্যাল নার্সিং সেবার সক্ষমতা উন্নয়নে ‘ক্যাপাসিটি বিল্ডিং অব নার্সিং সার্ভিসেস ফেইজ-২ (সিবিএনএস-২)’ প্রকল্পের ফলাফল ঘোষণা করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। আজ বৃহস্পতিবার এক সেমিনারের এ ফলাফল ঘোষণা করা হয়।
৫ ঘণ্টা আগে
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ ভারত অভ্যন্তরীণ বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে চিনি রপ্তানি নিষিদ্ধ করেছে। স্থানীয় সময় গতকাল বুধবার এই নিষেধাজ্ঞা জারি করা হয় এবং বলা হয়, তাৎক্ষণিকভাবেই এই নির্দেশ কার্যকর হবে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে