
রাজস্ব আয়, উদ্বৃত্ত ও রাষ্ট্রীয় কোষাগারে অবদান—এই তিন ক্ষেত্রেই গত পাঁচ বছরে অভাবনীয় সাফল্য দেখিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ২০২১ থেকে ২০২৫—এই পাঁচ বছরে গড়ে ১৩ দশমিক শূন্য ৮ শতাংশ রাজস্ব আয় প্রবৃদ্ধির পাশাপাশি গড়ে ১৮ দশমিক ৪২ শতাংশ রাজস্ব উদ্বৃত্ত প্রবৃদ্ধি অর্জন করেছে দেশের প্রধান সমুদ্রবন্দরটি।
বন্দর কর্তৃপক্ষের আয়-ব্যয়ের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ পঞ্জিকাবর্ষে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের রাজস্ব আয় দাঁড়িয়েছে ৫ হাজার ৪৬০ কোটি টাকা। বিপরীতে ব্যয় হয়েছে ২ হাজার ৩১৭ কোটি টাকা। ফলে ওই বছর উদ্বৃত্তের পরিমাণ দাঁড়ায় ৩ হাজার ১৪২ কোটি টাকা, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। ২০২৪ সালে উদ্বৃত্ত ছিল ২ হাজার ৯২৩ কোটি টাকা। এর মধ্যে রাজস্ব আয় ৫ হাজার ৭৬ কোটি এবং ব্যয় ২ হাজার ১৫৩ কোটি টাকা। ২০২৩ সালে উদ্বৃত্ত ছিল ২ হাজার ১৪৩ কোটি, ২০২২ সালে ১ হাজার ৭৩৪ কোটি এবং ২০২১ সালে ১ হাজার ৬৩৩ কোটি টাকা। অর্থাৎ প্রতিবছরই আয় ও ব্যয়ের ব্যবধান বাড়িয়ে আর্থিক সক্ষমতা শক্তিশালী করা হয়েছে।
রাজস্ব আয়ের দিক থেকে ২০২৪ সাল ছিল সবচেয়ে উজ্জ্বল বছর; ওই বছরে রাজস্ব আয় আগের বছরের তুলনায় ২১ দশমিক ৮৮ শতাংশ বৃদ্ধি পায়। ২০২৩ সালে ১৬ দশমিক ৬৯ শতাংশ এবং ২০২২ সালে ৬ দশমিক ১৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল। ২০২৫ সালেও রাজস্ব আয় ৭ দশমিক ৫৫ শতাংশ বেড়ে প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখে।
ব্যয় নিয়ন্ত্রণেও উল্লেখযোগ্য দক্ষতা দেখিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত রাজস্ব ব্যয়ের গড় প্রবৃদ্ধির হার ৭ দশমিক ৫৯ শতাংশের মধ্যে সীমিত রাখা হয়েছে। বিশেষ করে অপ্রয়োজনীয় ব্যয় বন্ধের নীতি কঠোরভাবে অনুসরণ করে ২০২৪ সালে ব্যয় প্রবৃদ্ধি ৬ দশমিক ৫০ শতাংশ এবং ২০২৫ সালে ৭ দশমিক ৬১ শতাংশ রাখা সম্ভব হয়েছে। ২০২৩ সালে ব্যয় প্রবৃদ্ধি বেড়ে ১০ দশমিক ১৮ শতাংশে পৌঁছেছিল, এরপরই ব্যয় নিয়ন্ত্রণে কঠোরতা বাড়ানো হয়।
চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) ওমর ফারুক বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সংস্থা হিসেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ রাষ্ট্রীয় কোষাগারে প্রতিবছর বিপুল অঙ্কের রাজস্ব জমা দিচ্ছে। ভ্যাট, ট্যাক্স ও করবহির্ভূত রাজস্ব (এনটিআর) মিলিয়ে গত পাঁচ পঞ্জিকাবর্ষে সংস্থাটি সরকারের কোষাগারে মোট ৭ হাজার ৫৮০ কোটি টাকা জমা দিয়েছে। এর মধ্যে কর বাবদ জমা দেওয়া হয়েছে ৩ হাজার ৫৫৩ কোটি, মূল্য সংযোজন কর (ভ্যাট) বাবদ ৩ হাজার ৪২৭ কোটি এবং করবহির্ভূত আয় হিসাবে ৬০০ কোটি টাকা।
বন্দরের কর্মকর্তারা জানান, বন্দর থেকে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া অর্থের পরিমাণও বছরভিত্তিকভাবে বেড়েছে। ২০২১ সালে ১ হাজার ১৮৫ কোটি টাকা জমা দেওয়ার পর ২০২২ সালে তা বেড়ে হয় ১ হাজার ৩৫৯ কোটি টাকা। ২০২৩ সালে ১ হাজার ৫১৯ কোটি এবং ২০২৪ সালে ১ হাজার ৭১১ কোটি টাকা। সর্বশেষ ২০২৫ পঞ্জিকাবর্ষে কর, ভ্যাট ও করবহির্ভূত আয় মিলিয়ে সরকারের কোষাগারে জমা দেওয়া হয়েছে ১ হাজার ৮০৪ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ৫ দশমিক ৪১ শতাংশ বেশি।

সাম্প্রতিককালে বিদ্যুতের উৎপাদন বৃদ্ধি ও আমদানির কারণে লোডশেডিংয়ের মাত্রা আগের তুলনায় কমেছে। তবে দেশের শিল্প খাতে জ্বালানির সংকট চলে আসছে বেশ কিছুদিন ধরে। গৃহস্থালির গ্যাস-সংযোগের লাখো গ্রাহক লাইনে গ্যাস না থাকলেও মাসে মাসে বিল দিয়ে যাচ্ছেন। আজ ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশে আসতে...
৬ মিনিট আগে
ঢাকা ও আশপাশের এলাকার পানিদূষণ কমানো এবং স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে বাংলাদেশকে ৩৭ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় চার হাজার কোটি টাকার বেশি। বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালকদের বোর্ড সভায় এ ঋণ অনুমোদন দেওয়া হয়।
৬ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে দেশের সব তফসিলি ব্যাংকের জন্য অফিস সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সময় অনুযায়ী রমজান মাসে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। আর অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
৬ ঘণ্টা আগে
দেশের তফসিলভুক্ত ব্যাংকগুলোর তালিকায় থাকা স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির নাম পরিবর্তন করে ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি’ করা হয়েছে। গতকাল মঙ্গলবার থেকেই নাম পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। একই দিনে বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
৬ ঘণ্টা আগে