বিশ্ববাজারের সঙ্গে পাল্লা দিয়ে দেশের বাজারেও সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায় ছাড়াল। দুই দিনের মাথায় সোনার দাম প্রতি ভরিতে বাড়ল ৩ হাজার ৪৪৪ টাকা। এর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার ভরির দাম ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকায় বেড়ে দাঁড়াল। আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে নতুন এ দর কার্যকর হবে।
আজ বুধবার রাতে এক বিজ্ঞপ্তিতে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে বলা হয়, স্থানীয় বাজারে বিশুদ্ধ সোনার দাম বেড়েছে। এ জন্য সোনার দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।
এর আগে সর্বশেষ গত সোমবার (১ সেপ্টেম্বর) সোনার দাম ভরিতে ১ হাজার ৪৬৯ টাকা বেড়েছিল। আর চলতি বছরের ২৩ এপ্রিল প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম বেড়ে উঠেছিল ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকায়। দেশের বাজারে সেটিই ছিল এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম।
জুয়েলার্স সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল থেকে দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের সোনার দাম বেড়ে হবে ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৭০ হাজার ৭০৩ টাকা ও ১৮ ক্যারেট ১ লাখ ৪৬ হাজার ৩১৩ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম বেড়ে হবে ১ লাখ ২১ হাজার ১৬৬ টাকা।
দেশের বাজারে আজ পর্যন্ত প্রতি ভরি হলমার্ক করা ২২ ক্যারেট সোনা ১ লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৬৭ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৪৩ হাজার ৮২৯ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ১৯ হাজার ৪৩ টাকায় বিক্রি হয়েছে।
সে হিসাবে আগামীকাল থেকে ২২ ক্যারেট সোনায় ৩ হাজার ৪৪৪ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ৯০৫ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ৪৮৪ টাকা ও সনাতন পদ্ধতির সোনায় ২ হাজার ১২৩ টাকা দাম বাড়বে।
এদিকে বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে বিশ্ববাজারেও সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। গতকাল মঙ্গলবার স্পট গোল্ড বা তাৎক্ষণিকভাবে বিক্রিযোগ্য সোনার দাম বেড়ে দাঁড়ায় প্রতি আউন্স ৩ হাজার ৫০৮ দশমিক ৫০ ডলারে। আজ তা আরও বেড়ে ৩ হাজার ৫৬৫ দশমিক ৫৭ ডলারে দাঁড়ায়।
অর্থনৈতিক টানাপোড়েনের সময়ে বিনিয়োগকারীরা সোনাকে তুলনামূলক নিরাপদ সম্পদ হিসেবে বিবেচনা করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা ব্যাপক শুল্ক ও বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতার কারণে সোনার দাম এ বছর ব্যাপকভাবে বাড়তে শুরু করে। বিবিসির তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত সোনার দাম প্রায় এক-তৃতীয়াংশ বেড়েছে।

রেমিট্যান্সের ওপর ভর করে রিজার্ভে কিছুটা স্বস্তি মিললেও আমদানি-রপ্তানির ভারসাম্য থেকে শুরু করে বৈদেশিক লেনদেনের সার্বিক হিসাবে অস্বস্তি কাটেনি। রেকর্ড বাণিজ্য ঘাটতি নিয়ে শেষ হওয়া আগের অর্থবছরের পর নতুন অর্থবছরের শুরুতেও সেই ঘাটতির চাপ কমার বদলে বেড়েছে।
৭ ঘণ্টা আগে
ইতালির ভেনিসে অভিনেত্রী ও শিল্পী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় গভীর ক্ষোভ ও নিন্দা জানিয়েছে শিশু কল্যাণকেন্দ্রিক উদ্যোগ সিজিইপি। হামলাটি জুলাই ২০২৪-এর অভ্যুত্থানে অংশগ্রহণকারী ও সমর্থকদের ওপর দেশের বাইরে আওয়ামী লীগের সমর্থকদের ধারাবাহিক হামলার অংশ বলেও দাবি করা হয়েছে।
১০ ঘণ্টা আগে
সুগন্ধি চালের স্থানীয় বাজারদর দীর্ঘদিন ধরেই ঊর্ধ্বমুখী। বিক্রেতারা জানিয়েছেন, বাজারে সরবরাহ কম। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের হাতে কোনো সুগন্ধি চালের মজুত নেই, সবই বিক্রি করে দিয়েছেন। কৃষকের পাশাপাশি বিক্রেতাদেরও অভিযোগ, বাজারে সুগন্ধি চালের কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি করা হয়েছে। এ খাতের বড় ব্যবসায়ীরা
১১ ঘণ্টা আগে
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের আগে বাংলাদেশের বাণিজ্যনীতির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এমন একটি শুল্ককাঠামো তৈরি করা, যা একদিকে দেশীয় শিল্পকে অযথা সুরক্ষার আড়ালে রাখবে না, অন্য দিকে হঠাৎ আন্তর্জাতিক প্রতিযোগিতার মুখেও ফেলবে না। অর্থনীতিবিদ, গবেষক ও ব্যবসায়ী নেতাদের
১৩ ঘণ্টা আগে