
বিশ্ববাজারে চালের দাম ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এ অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে ৫ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয়কে এসব প্রতিষ্ঠানের পক্ষে আমদানি অনুমতিপত্র (আইপি) জারি করার জন্য গত রোববার খাদ্য মন্ত্রণালয় লিখিত অনুরোধ করেছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আগামী বোরো মৌসুম আসতে এখনো অনেক সময় বাকি। এর মধ্যে চালের দাম যাতে আর না বাড়ে, সে জন্য চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে বাজারের জন্য ইতিবাচক বলছেন কৃষি অর্থনীতিবিদেরা।
এ প্রসঙ্গে খাদ্যসচিব মো. মাসুদুল হাসান আজকের পত্রিকা'কে বলেন, ‘দেশে এখন চালের মজুত সর্বোচ্চ। সরকারি ও বেসরকারিভাবে পর্যাপ্ত মজুত রয়েছে। তবু বৃষ্টিসহ নানা অজুহাতে দাম বাড়ছে—মানুষের কষ্ট কমাতে আমদানির দরজা খুলে রাখছি।’ তিনি আরও জানান, আইপি ইস্যুর পর আমদানিকারকেরা এলসি খুলে আমদানি শুরু করতে পারবে; তবে চূড়ান্ত আমদানির পরিমাণ আইপি দেওয়া শেষে নিশ্চিত হওয়া যাবে।
এর আগে গত ১৫ জুলাই অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় সরকারি ও বেসরকারিভাবে চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সরকারি খাত থেকে চার লাখ টন এবং বেসরকারি খাতে ৫ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত হয়েছিল। পরে খাদ্য মন্ত্রণালয় ৪ লাখ ৬১ হাজার টন সেদ্ধ চাল এবং ৩৯ হাজার টন আতপ চাল আমদানির অনুমোদন দেয়। আমদানিতে শর্ত হিসেবে বলা হয়, চালের সর্বোচ্চ ৫ শতাংশ ভাঙা দানা থাকতে পারবে, বরাদ্দপ্রাপ্তরা নির্দিষ্ট সময়ের মধ্যে দেশীয় বাজারে চাল পৌঁছে দেবে এবং আমদানির পরিমাণ, গুদামজাত ও বাজারজাত কাজ জেলার খাদ্য নিয়ন্ত্রককে জানাতে হবে। অতিরিক্ত বা ভিন্ন নামে আইপি জারি, পুনরায় প্যাকেটিং করা কিংবা খোলাখুলি নিয়ম না মানার অনুমতি নেই; চাল বস্তায় বিক্রি করতে হবে এবং পুরো পদ্ধতি লক্ষ্যভিত্তিক নজরদারির মধ্যে হতে হবে। আমদানি করা চাল আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বাজারজাতকরণের নির্দেশ আছে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) তথ্য বলছে, এ বছর বিশ্ববাজারে সব ধরনের চালের দাম গড়ে প্রায় ১৩ শতাংশ কমেছে। থাইল্যান্ডের ৫ শতাংশ ভাঙা সাদা চালের দাম নেমে টনপ্রতি ৩৭২ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ২৬ শতাংশ কম এবং ২০১৭ সালের পর সবচেয়ে কম। কিন্তু দেশের বাজারে চিত্র উল্টো। এখানে আন্তর্জাতিক বাজারে পড়তি দামের কোনো প্রতিফলন নেই। টিসিবির হিসাবে এখন খুচরা বাজারে সরু চাল কেজি ৭৫–৮৫ টাকা, মাঝারি চাল ৬০–৭০ টাকা আর মোটা চাল ৫৫–৬০ টাকায় বিক্রি হচ্ছে। গত বছর একই সময়ে দাম ছিল আরও কম।
সরকারি গুদামে বর্তমানে মোট ২১ লাখ ৭৯ হাজার টন খাদ্য মজুত রয়েছে; এর মধ্যে ধান ও চালের হিসাব ২০ লাখ ৪৫ হাজার টন।
কৃষি অর্থনীতিবিদ ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম মনে করেন, ‘সরকারি উৎপাদন হিসাব বলছে ঘাটতি নেই, তবু দাম কমছে না। অতএব আমদানির সিদ্ধান্ত বাজারের জন্য ইতিবাচক। অনেক সময় আমদানির খবরই দাম নিয়ন্ত্রণে মনস্তাত্ত্বিক প্রভাব ফেলে।’
বর্তমানে চাল আমদানিতে কোনো শুল্ক ধার্য করা হয় না। তুলনামূলকভাবে দাম কম থাকায় ব্যবসায়ীরা সাধারণত ভারতের বাজার থেকে চাল আনে। খাদ্য মন্ত্রণালয় বলছে, বাণিজ্য মন্ত্রণালয় চিঠি অনুমোদন করলেই প্ল্যান্ট কোয়ারেন্টিন থেকে আইপি জারি করা শুরু হবে এবং আমদানিকারকেরা দ্রুত রপ্তানি উৎস থেকে চাল আনার কার্যক্রম শুরু করতে পারবে।
আরও খবর পড়ুন:

দৃষ্টিনন্দন ডিজাইনে তৈরি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার ফোনটিতে থাকছে ৬ ন্যানোমিটারের মিডিয়াটেক ডাইমেনসিটি-৭১০০ ৫জি প্রসেসর। ফলে এই ফোনের সার্বিক পারফরমেন্স হবে দারুণ। এই স্মার্টফোনে আরও আছে ১৬ জিবি র্যাপিড মেমোরিসহ বিশাল স্টোরেজ ও দ্রুতগতির চার্জিং সুবিধার শক্তিশালী ব্যাটারিসহ...
৪ ঘণ্টা আগে
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ‘২৭তম এশিয়াওয়ান আসিয়ান সামিটে’ (AsiaOne ASEAN Summit) আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে ল্যাবএইড ক্যানসার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটিকে ‘গ্রেটেস্ট ব্র্যান্ডস ২০২৬’ এবং হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীমকে...
৯ ঘণ্টা আগে
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটকে সামগ্রিকভাবে শিল্প, বিনিয়োগ ও কর্মসংস্থানবান্ধব হিসেবে বর্ণনা করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। তবে সংগঠনটি সতর্ক করে বলেছে, এই বিশাল বাজেট বাস্তবায়ন করা ‘অসম্ভব না হলেও’ উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব আহরণ এবং ব্যাংকিং খাত থেকে...
১০ ঘণ্টা আগে
তিতাসের সতর্ক বার্তায় বলা হয়, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের একটি এফএসআরইউর জরুরি রক্ষণাবেক্ষণজনিত কারণে এলএনজি হতে প্রাপ্ত গ্যাস সরবরাহ হ্রাস পেয়েছে।
১৩ ঘণ্টা আগে