Ajker Patrika

নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি

বাসস, ঢাকা  
আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ২১: ০৪
নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি
নিউমুরিং কনটেইনার টার্মিনাল ব্যবস্থাপনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। ছবি: ভিডিও থেকে নেওয়া

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় দুবাইভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চুক্তি অনুযায়ী, টার্মিনালটির আধুনিকায়নে প্রথম ১০ বছরে ১ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি।

আজ বৃহস্পতিবার ঢাকায় ইনভেস্ট বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান এবং ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান ইসা কাজিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তি অনুযায়ী, প্রাথমিকভাবে ১৫ বছর এনসিটি পরিচালনা ও ব্যবস্থাপনা করবে ডিপি ওয়ার্ল্ড। তবে টার্মিনালের জমি, মূল অবকাঠামো ও সম্পদের মালিকানা থাকবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে। শেষ পর্যন্ত এসব সম্পদের মালিক থাকবে বাংলাদেশ সরকার।

চুক্তি সইয়ের সময় ডিপি ওয়ার্ল্ডকে প্রায় ৬০০ কোটি টাকা এককালীন অর্থ দিতে হবে। এর ২৫ শতাংশ চুক্তি সইয়ের সময় এবং বাকি ৭৫ শতাংশ কার্যক্রম শুরুর আগে পরিশোধ করতে হবে।

এনসিটির আধুনিকায়নে নতুন যন্ত্রপাতি স্থাপন, প্রযুক্তি সংযোজন ও পরিচালন ব্যবস্থার উন্নয়নে প্রথম ১০ বছরে ১ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করবে ডিপি ওয়ার্ল্ড।

চুক্তি অনুযায়ী, টার্মিনালের আয় বা রয়্যালটির একটি অংশ পাবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। গড় টার্মিনাল আয়ের ওপর নির্ভর করে প্রতি কনটেইনারে এই অংশ প্রায় ৪০ থেকে ৬৭ শতাংশের মধ্যে হবে। এর পাশাপাশি প্রতিবছর প্রায় ১০ কোটি টাকা নির্দিষ্ট ফি দেবে ডিপি ওয়ার্ল্ড।

এ ছাড়া বছরে ন্যূনতম ১২ লাখ ৩০ হাজার টিইইউ কনটেইনার পরিচালনার নিশ্চয়তা রাখা হয়েছে চুক্তিতে। নতুন কোনো টার্মিনাল চালু হলে এই ন্যূনতম পরিমাণ ১০ লাখ টিইইউতে নামিয়ে আনার সুযোগ থাকবে।

অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে বিদ্যমান কৌশলগত সম্পদগুলোর সক্ষমতা ও দক্ষতা দ্রুত বাড়ানো। আধুনিক যন্ত্রপাতি, ডিজিটাল ব্যবস্থা, আন্তর্জাতিক মানের পরিচালন পদ্ধতি এবং বৈশ্বিক সরবরাহব্যবস্থার সঙ্গে সংযোগ এনসিটিকে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে।

ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান ইসা কাজিম বলেন, অংশীদারত্বের মাধ্যমে এনসিটিকে ডিপি ওয়ার্ল্ডের বৈশ্বিক বন্দর, সরবরাহ অবকাঠামো ও সরবরাহব্যবস্থার সঙ্গে যুক্ত করা হবে। এতে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বাজারের যোগাযোগ আরও নির্বিঘ্ন হবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান বলেন, সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের সমুদ্র ও বাণিজ্য অবকাঠামো শক্তিশালী করার অঙ্গীকারের প্রতিফলন এই চুক্তি। এটি এনসিটির পরিচালন দক্ষতা বাড়ানোর পাশাপাশি পণ্য পরিবহনের প্রতিবন্ধকতা কমাবে।

চট্টগ্রাম বন্দরের চারটি নির্দিষ্ট কনটেইনার পরিচালনা স্থাপনার একটি এনসিটি। ২০০৭ সালে কার্যক্রম শুরুর পর থেকে এটি দেশের বাণিজ্য অবকাঠামোর গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। বর্তমানে চট্টগ্রাম বন্দরের মোট কনটেইনার পরিবহনের প্রায় ৪৪ শতাংশ এনসিটির মাধ্যমে পরিচালিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত