এক লাফে ৫৪৮২ টাকা বাড়ল সোনার দাম

দেশের বাজারে এক লাফে সোনার দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার গয়নার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা, যা গতকাল ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, তেজাবী সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনা ও রুপার গয়নার নতুন দাম নির্ধারণ করেছে বাজুস। আজ সকাল ৯টায় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের সোনার গয়নার প্রতি গ্রামের দাম ১৯ হাজার ৬৯০ টাকা। সে অনুযায়ী ১ ভরি ১১ দশমিক ৬৬৪ গ্রাম হিসাবে প্রতি ভরির দাম দাঁড়ায় ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের সোনার গয়নার প্রতি গ্রামের দাম ১৮ হাজার ৮০৫ টাকা। সে হিসাবে প্রতি ভরির দাম ২ লাখ ১৯ হাজার ৩৪১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি গ্রামের দাম ১৬ হাজার ১৫০ টাকা, অর্থাৎ প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৩৭৩ টাকা। সনাতন পদ্ধতির সোনার গয়নার প্রতি গ্রামের দাম ১৩ হাজার ১৯০ টাকা এবং প্রতি ভরির দাম ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা।
সোনার পাশাপাশি রুপার গয়নার নতুন দামও নির্ধারণ করেছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের রুপার গয়নার প্রতি গ্রামের দাম ৩০০ টাকা। সে হিসাবে প্রতি ভরির দাম ৩ হাজার ৪৯৯ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের রুপার গয়নার প্রতি গ্রামের দাম ২৯০ টাকা, অর্থাৎ প্রতি ভরি ৩ হাজার ৩৮২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি গ্রামের দাম ২৫০ টাকা, প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা। সনাতন পদ্ধতির রুপার গয়নার প্রতি গ্রামের দাম ১৯০ টাকা। সে হিসাবে প্রতি ভরির দাম ২ হাজার ২১৬ টাকা।
বাজুস জানিয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। সোনা ও রুপার গয়নার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
এ ছাড়া মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে গয়না এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না।
পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন এ দাম কার্যকর থাকবে। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।









