
রাজস্ব ঘাটতির চাপ, বিদেশি ঋণদাতাদের শর্ত আর কর ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যেই বড় পদক্ষেপ নিয়েছে সরকার। ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে একসঙ্গে বাতিল করা হয়েছে করছাড়-সংক্রান্ত ১২টি সরকারি আদেশ (এসআরও), যেগুলো গত ১৬ বছরে বিভিন্ন সময় জারি করা হয়েছিল। কৃষি, খামার, স্বাস্থ্য, শিক্ষা ও জনহিতকর খাতে দেওয়া এসব ছাড়ের অনেক নিয়ে বিতর্ক ছিল—অনেকে বলেছিলেন, এগুলোর অপব্যবহার হচ্ছিল এবং একধরনের করফাঁকির সুযোগ সৃষ্টি হচ্ছিল।
অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কৃষি, প্রাণিসম্পদ, জনকল্যাণমূলক প্রতিষ্ঠান এবং কিছু বিশেষায়িত খাতকে উৎসাহ দিতে ২০০৯ থেকে ২০২৫ সালের মধ্যে এসব এসআরও জারি করা হয়েছিল। কারও ক্ষেত্রে সম্পূর্ণ কর-অব্যাহতি, কারও ক্ষেত্রে আয়ের ওপর কর হ্রাস বা নির্দিষ্ট সীমার নিচে করফাঁকি মওকুফ করা হয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে এসব ছাড় ব্যবসায়িক সুবিধার বদলে কিছু গোষ্ঠীর অপচালনার হাতিয়ার হয়ে উঠেছিল। রাজস্ব হারাচ্ছিল সরকার; কিন্তু কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছিল না। এ কারণে আইএমএফএর ঋণের শর্ত পূরণের তাগিদে ধাপে ধাপে এসব আদেশ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়, যা বাজেট বক্তব্যে উঠে এসেছে এবং অর্থবিলের মাধ্যমে তা স্পষ্ট করা হয়েছে।
বাতিল হওয়া আদেশগুলোর মধ্যে রয়েছে জনহিতকর প্রতিষ্ঠানে দানের বিপরীতে করমুক্ত সুবিধা, কৃষি, মৎস্য ও পোলট্রি খাতের আয়ে করছাড়, সঞ্চয়পত্রের মুনাফার ওপর চূড়ান্ত কর নির্ধারণ, সম্পত্তি হস্তান্তরের মূলধনি আয় করমুক্ত ঘোষণা, আমদানি করা চাল ও ফলমূলের ওপর কর রেয়াত, এমনকি অপ্রদর্শিত অর্থ বিনিয়োগে বিশেষ কর সুবিধাও।
এসব আদেশের মাধ্যমে কর-অব্যাহতি পেত বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট, বগুড়ার রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল, মানিকগঞ্জের স্যালভেশন ফর দ্য ডিজার্ভিং হাসপাতাল, ঢাকা স্কুল অব ইকোনমিকস ফাউন্ডেশন এবং গফুর মরিয়ম সাত্তার সাকেরা ফাউন্ডেশনের মতো প্রতিষ্ঠান। বিতর্কের কেন্দ্রে ছিল তাঁদের করমুক্ত দান গ্রহণের বৈধতা ও স্বচ্ছতা।
এ ছাড়া খোসা ছাড়ানো পোলট্রি ফিড, গবাদিপশু ও চিংড়ির পেলেটেড ফিড, স্থানীয় বীজ উৎপাদন, মৌমাছি ও রেশম গুটিপোকা খামার, ফুল চাষ, হ্যাচারি ও মাছ চাষের আয়—সবকিছুর ওপর করছাড় ছিল এসআরও-১৯৯,২৫৫ ও ১৫৭-এ। এগুলোও বাতিল করা হয়েছে।
এসআরও-২৫৩ ও ২৮৬-এ সঞ্চয়পত্রের মুনাফা, স্থায়ী আমানত এবং সম্পত্তি হস্তান্তরের আয়ের ওপর উৎসে কর চূড়ান্ত ধরা হতো—অতিরিক্ত কর দিতে হতো না। এগুলোর সুবিধা তুলে নেওয়া হচ্ছে।
ফল আমদানিতে উৎসে কর ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছিল এসআরও-৮২-এর মাধ্যমে, তাও বাতিল। ফল আমদানিকারক সমিতির সভাপতি সেরাজুল ইসলাম বলেন, ‘ফলমূল বিলাসী নয়; বরং প্রয়োজনীয় খাদ্য। করছাড় না থাকলে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে এ পণ্যগুলো।’
তবে সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘করছাড়ের সংস্কৃতি থেকে বের হতেই হবে। তবে দেশীয় শিল্প যেন হুমকিতে না পড়ে এবং মূল্যস্ফীতির চাপ সাধারণ মানুষকে না ঘিরে ধরে—সে ভারসাম্য রক্ষা করাই হবে মূল চ্যালেঞ্জ।’
বিশ্লেষকদের মতে, বাজেটে ঘোষিত এ সিদ্ধান্ত প্রমাণ করছে যে সরকার করনীতিকে সংস্কারের পথে নিতে চাইছে। কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসা করছাড় সংস্কৃতিকে এক ধাক্কায় তুলে দিলে কিছু খাতে তা নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। সে ক্ষেত্রে প্রয়োজন খাতভিত্তিক পুনর্মূল্যায়ন এবং বিকল্প সহায়তা প্যাকেজ।

দুর্যোগ মোকাবিলায় দেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহায়তায় ১২টি রেসকিউ স্পিডবোট হস্তান্তর করেছে সরকার। দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা জোরদারকরণ প্রকল্পের (DRMEP) আওতায় এসব নৌযান দেশের ১২টি দুর্যোগপ্রবণ উপকূলীয় জেলার জেলা প্রশাসকদের কার্যালয়ের কাছে...
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য সহজ করা, ভিসা ব্যবস্থা শিথিল করা এবং অবকাঠামো ও উচ্চপ্রযুক্তি খাতে যৌথ উদ্যোগের মাধ্যমে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
৪ ঘণ্টা আগে
নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ বজায় রাখার লক্ষ্যে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ‘বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেড’-এর কাছ থেকে দুটি কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
৪ ঘণ্টা আগে
বৈদেশিক ঋণের ওপর নির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ উৎস থেকে রাজস্ব আহরণ বৃদ্ধি করার ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদ্যমান করদাতাদের ওপর বারবার করের বোঝা না বাড়িয়ে কর প্রদানে সক্ষম নতুন ব্যক্তিদের চিহ্নিত করে করের আওতায় আনা জরুরি।
৫ ঘণ্টা আগে