Ajker Patrika

দেশের ইতিহাসে প্রথম: সোনার দাম ৬ ঘণ্টায় কমল ভরিতে ১৫ হাজার টাকা

আজকের পত্রিকা ডেস্ক­
দেশের ইতিহাসে প্রথম: সোনার দাম ৬ ঘণ্টায় কমল ভরিতে ১৫ হাজার টাকা
ফাইল ছবি

দেশের বাজারে সোনার দামে বড় ধরনের ধস নেমেছে। মাত্র পৌনে ছয় ঘণ্টার ব্যবধানে দুই দফায় ভরিতে সোনার দাম কমেছে ১৫ হাজার ৩৩৮ টাকা। এর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এখন আড়াই লাখ টাকার নিচে নেমে এসেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ বৃহস্পতিবার দুই দফায় এই দাম কমানোর ঘোষণা দিয়েছে।

জুয়েলার্স সমিতি জানিয়েছে, এক দিনে ভরিতে প্রায় ১৫ হাজার টাকা কমানোর ঘটনা দেশের ইতিহাসে এবারই প্রথম।

দুই দফায় বড় দরপতন

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় প্রথম দফায় ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমানো হয়েছিল। এরপর বিকেল পৌনে ৪টার দিকে দ্বিতীয় দফায় আরও ৭ হাজার ৬৯৮ টাকা কমানো হয়।

নতুন নির্ধারিত দর অনুযায়ী, আজ বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। গতকাল পর্যন্ত এই মানের সোনার দাম ছিল ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে ক্রেতারা প্রতি ভরিতে ১৫ হাজার ৩৩৮ টাকা সাশ্রয় করতে পারবেন।

একইভাবে অন্য মানের সোনার দামও কমেছে। বর্তমানে প্রতি ভরি ২১ ক্যারেট সোনার দাম ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেট সোনার দাম ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম কমে দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকায়। জুয়েলার্স সমিতি জানিয়েছে, অলংকার কেনার সময় এই দামের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং নূন্যতম মজুরি যুক্ত হবে।

কেন এই দরপতন?

জুয়েলার্স সমিতি নেতাদের মতে, বিশ্ববাজারে সোনার দামের বড় ধরনের পতনই দেশের বাজারে এই প্রভাব ফেলেছে। নিউইয়র্ক স্পট মার্কেটে আজ প্রতি আউন্স সোনার দাম এক ধাক্কায় ২০৫ ডলার কমেছে। বর্তমানে সেখানে প্রতি আউন্স সোনা ৪ হাজার ৬৮৬ ডলারে বিক্রি হচ্ছে।

এছাড়া স্থানীয় বুলিয়ন মার্কেটে পাকা সোনা বা তেজাবি সোনার দাম কমে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। বিনিয়োগকারীদের ধারণা, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বাড়তে থাকায় দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে। সুদের হার বাড়লে সাধারণত বিনিয়োগকারীরা সোনার চেয়ে ডলারের দিকে বেশি ঝুঁকে পড়েন, ফলে সোনার চাহিদা ও দাম উভয়ই কমে যায়।

রুপার দামও কমেছে

সোনার পাশাপাশি রুপার দামও দুই দফায় কমিয়েছে জুয়েলার্স সমিতি। দুই দফায় রুপার দাম ভরিতে ৭০০ টাকা কমানো হয়েছে। এতে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম দাঁড়িয়েছে ৫ হাজার ৩৬৫ টাকা, যা গতকাল ছিল ৬ হাজার ৬৫ টাকা।

উল্লেখ্য, চলতি বছরের ২৯ জানুয়ারি দেশে সোনার দাম ভরি প্রতি সর্বোচ্চ ২ লাখ ৮৬ হাজার টাকায় উঠেছিল, যা ছিল দেশের ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড। গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তজনা চললেও সোনার বাজার এতদিন প্রায় স্থির ছিল, যা এখন কমতে শুরু করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত