নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নকে অগ্রাধিকার দিয়ে ২০২৬-২৭ অর্থবছরের উন্নয়ন বাজেট সাজাচ্ছে বিএনপির নেতৃত্বাধীন সরকার। নতুন সরকারের প্রথম বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) সামাজিক নিরাপত্তা ও বিশেষ সহায়তা খাতে বড় অঙ্কের বরাদ্দ রাখা হচ্ছে। এর মধ্যে শুধু ‘বিশেষ প্রয়োজনে সামাজিক উন্নয়ন সহায়তা’ শিরোনামেই বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ১৭ হাজার কোটি টাকা। এই অর্থ ব্যয় হবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সম্মানী ভাতা কর্মসূচিতে।
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী অর্থবছরের উন্নয়ন বাজেট ধরা হচ্ছে ৩ লাখ কোটি টাকা। দেশের ইতিহাসে এটিই হতে যাচ্ছে সর্বোচ্চ উন্নয়ন বাজেট। এতে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন ও বিশেষ প্রয়োজন মেটাতে আরও ২০ হাজার ৭৫১ কোটি ১০ লাখ টাকার থোক বরাদ্দ রাখা হয়েছে। সব মিলিয়ে উন্নয়ন বাজেটের বড় অংশই এবার সামাজিক ও বিশেষ সহায়তা কর্মসূচির আওতায় যাচ্ছে।
সূত্র জানিয়েছে, ১৭ হাজার কোটি টাকার বিশেষ সামাজিক উন্নয়ন সহায়তা তহবিলের মধ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য রাখা হয়েছে ১৪ হাজার ৫০০ কোটি টাকা। কৃষক কার্ডের জন্য ১ হাজার ৪০০ কোটি টাকা এবং ইমাম-পুরোহিতদের ভাতার জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, ফ্যামিলি কার্ডের আওতায় নিম্ন আয়ের পরিবারগুলোকে মাসে ২ হাজার ৫০০ টাকা সহায়তা দেওয়া হবে। প্রস্তাবিত বরাদ্দ অনুযায়ী প্রায় ৪৮ লাখ ৩০ হাজার পরিবার এই সুবিধা পেতে পারে। গড় পরিবার সদস্যসংখ্যা বিবেচনায় সরাসরি উপকারভোগীর সংখ্যা দাঁড়াবে প্রায় ২ কোটি ৬ লাখ।
জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভার সারসংক্ষেপে বলা হয়েছে, নতুন এডিপিতে নির্বাচনী ইশতেহারের পাঁচটি মূল অগ্রাধিকারকে সামনে রাখা হয়েছে। এগুলো হলো সমন্বিত রাষ্ট্রীয় সংস্কার, সামাজিক উন্নয়ন, অর্থনৈতিক পুনর্গঠন, আঞ্চলিক ভারসাম্য এবং সামাজিক-সাংস্কৃতিক সংহতি।
সরকার ইতিমধ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলট কার্যক্রম শুরু করেছে। একইভাবে কৃষক কার্ড কর্মসূচির আওতায় পরীক্ষামূলকভাবে কৃষকদের সরাসরি নগদ সহায়তা দেওয়া হচ্ছে। সম্প্রতি বাংলা নববর্ষ উপলক্ষে দেশের ১০ জেলার ১১ উপজেলায় ২২ হাজারের বেশি কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করা হয়েছে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রত্যেক কৃষকের হিসাবে অর্থ পাঠানো হয়।
তবে উন্নয়ন বাজেটে থোক বরাদ্দের উচ্চ হার নিয়ে প্রশ্ন তুলছেন অর্থনীতিবিদেরা। প্রস্তাবিত এডিপির মধ্যে প্রায় ১ লাখ ৭ হাজার ২০১ কোটি টাকা রাখা হচ্ছে নতুন প্রকল্প অনুমোদনসহ বিভিন্ন খাতে থোক বরাদ্দ হিসেবে। এ ছাড়া স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর বিশেষ প্রয়োজন মেটাতে আরও ৯ হাজার ৭৯৮ কোটি টাকা সংরক্ষিত রাখা হচ্ছে। সব মিলিয়ে মোট এডিপির প্রায় ৩৯ শতাংশই থাকবে থোক ও বিশেষ বরাদ্দের আওতায়।
অন্যদিকে অনুমোদিত চলমান প্রকল্পগুলোর জন্য বরাদ্দ রাখা হয়েছে প্রায় ১ লাখ ৮৩ হাজার কোটি টাকা, যা মোট এডিপির ৬১ শতাংশ।
পরিকল্পনা কমিশনের প্রোগ্রামিং বিভাগের সদস্য ও পরিকল্পনা সচিব এস এম শাকিল আখতার বলেন, নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্য রেখে সামাজিক উন্নয়ন সহায়তা তহবিলে অতিরিক্ত বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে বিদ্যমান সামাজিক নিরাপত্তা কর্মসূচির অর্থায়নও অব্যাহত থাকবে। তাঁর ভাষ্য, মূল্যস্ফীতি, আয় সংকট ও নিত্যপণ্যের উচ্চমূল্যের চাপে নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। নতুন বরাদ্দ এসব মানুষের জন্য সহায়ক হবে।
তবে বাস্তবায়ন সক্ষমতা নিয়েও উদ্বেগ রয়েছে। চলতি অর্থবছরের জুলাই-মার্চ সময়ে এডিপি বাস্তবায়নের হার ছিল মাত্র ৩৬ দশমিক ১৯ শতাংশ। এ অবস্থায় আরও বড় উন্নয়ন বাজেট বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেছেন অর্থনীতিবিদেরা।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সাবেক মহাপরিচালক ড. মুস্তফা কে মুজেরী বলেন, বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধের চাপ দ্রুত বাড়ছে। বাজেটের বড় অংশ ঋণ পরিশোধে চলে যাচ্ছে। তাই বাস্তবসম্মত ও সাশ্রয়ী এডিপি প্রণয়ন জরুরি। একই সঙ্গে অপ্রয়োজনীয় ব্যয় ও প্রকল্পের নামে অপচয় কমানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

যমুনা সেতুর পরিত্যক্ত রেললাইন অংশ সংস্কার করে সড়ক প্রশস্ত ও সেতুর সক্ষমতা বাড়াতে চীনের একটি যৌথ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সাক্ষর করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। এই চুক্তির আওতায় সেতুর অব্যবহৃত রেল লেনকে যান চলাচলের উপযোগী করে সংস্কার করা হবে।
৭ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে সরকার। এবারের সিদ্ধান্তে লবণযুক্ত গরুর চামড়ায় প্রতি বর্গফুটে ২ টাকা এবং খাসির চামড়ায় ৩ টাকা বাড়ানো হয়েছে।
৮ ঘণ্টা আগে
দেশের জনপ্রিয় ই-কমার্স ও নিরাপদ খাদ্যভিত্তিক প্রতিষ্ঠান ঘরের বাজারের উদ্যোক্তারা এবার নিয়ে এলেন নতুন লাইফস্টাইল ও ফ্যাশন ব্র্যান্ড ‘তাবায়া’। শালীনতা, নান্দনিকতা ও আধুনিক রুচির সমন্বয়ে গড়ে ওঠা এই ব্র্যান্ড মূলত রুচিশীল ও মডেস্ট ফ্যাশনকে আরও প্রিমিয়াম ও গ্রহণযোগ্যভাবে উপস্থাপন করার লক্ষ্য নিয়ে যাত্রা
৯ ঘণ্টা আগে
কয়েক দফা পেছানোর পর অবশেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চূড়ান্ত অনুমোদন পেয়েছে ‘পদ্মা ব্যারাজ’ প্রকল্প। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী, কৃষি ও জীববৈচিত্র্য রক্ষায় দীর্ঘদিনের সংকট নিরসনে এটি সরকারের একটি বিশাল পদক্ষেপ। প্রকল্পের প্রথম পর্যায়ের মোট প্রস্তাবিত ব্যয়...
৯ ঘণ্টা আগে